তারকাদের পয়লা বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ তারকাদের জীবনে কোন রং ছড়িয়ে আসে, শুটিং করতে ভালো লাগে কি এ উৎসবের দিন? প্রতিদিনের শুটিং-ডাবিং পেছন ফেলে তাঁদের কি একটু ছুটি মেলে পয়লা বৈশাখে? বাঁধভাঙা বৈশাখী উত্তাপে কতটা রঙিন হয় তাঁদের জীবন? তারকাদের কয়েকজনের মুখেই শুনুন সে কথা রাজ্জাকপয়লা বৈশাখ নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে নায়করাজ রাজ্জাককে ফিরে যেতে হয় কিশোরবেলায়। ‘এখন আমার আর বৈশাখ কী! জীবনের শেষ প্রান্তে পৌঁছে এখন তো আমার ভাদ্র মাস চলছে।’ রাজ্জাক কথাটি এভাবে শুরু করলেন বটে, তবে পয়লা বৈশাখের বিভিন্ন স্মৃতি হাতড়াতেও ভুললেন না। বললেন, ‘ছোটবেলায় যখন কলকাতার টালিগঞ্জের স্টুডিওপাড়ায় থাকতাম, তখন ছিল পয়লা বৈশাখের প্রকৃত আনন্দ। আমাদের কাছে সে সময় পয়লা বৈশাখ মানে একসঙ্গে দলবেঁধে বিভিন্ন দোকানের হালখাতায় নানা রকম মণ্ডামিঠাই খেয়ে বেড়ানো। মনে আছে, পয়লা বৈশাখের দিন আমি প্রদীপ, দিলীপ, আজিজার, শামসুসহ বন্ধুরা দোকানগুলোতে ফ্রি ফ্রি হালখাতার মিষ্টি খেতাম। তখন দোকানিরা আমাদের নানা ধরনের উপহার দিতেন। সেসবের মধ্যে খাবারদাবার তো ছিলই, এমনকি আমরা সোনা-রুপার চেইন ও আংটি উপহার হিসেবে পেতাম। আর পেতাম নগদ টাকা। তারপর ওই টাকা দিয়ে মেট্রো কিংবা লাইট হাউস সিনেমা হলে ১০ আনা খরচায় সিনেমা দেখা...আরও কত কি!’রাজ্জাক সব সময়ই পয়লা বৈশাখের দিনটি আনন্দ-উচ্ছ্বাসে নিজের মতো করে কাটাতে চান। তাই এদিন তিনি শুটিং করেন না। ‘তবে একবার নারায়ণ ঘোষ মিতার একটি ছবি, সম্ভবত আলোর মিছিল-এর শুটিং করতে হয়েছিল পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখ তখন ঢাকায় এতটা ব্যাপকভাবে পালিত হতো না। তাঁতীবাজার, শাঁখারীবাজার, রমনা বটমূলসহ আর দু-একটি জায়গায় বৈশাখী রং দেখা যেত। তখন পয়লা বৈশাখে এখনকার মতো সব জায়গাতেই লোকসমাগমও হতো না। তাই নিরিবিলি শুটিংয়ের জন্য দিনটিকে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু এই দিনে শুটিং করতে আমার ভালো লাগেনি।’সুচন্দাবৈশাখ নিয়ে নায়করাজের স্মৃতির শেষ নেই। সেসব আরেক দিনের জন্য তুলে রেখে এখন বৈশাখের কথা শুনে আসি সুচন্দার কাছ থেকে।‘বৈশাখ এলেই আমার মনে পড়ে শৈশব—মেলা থেকে কেনা মাটির পুতুল কিংবা তালপাতার পাখার কথা। এখন যেভাবে হইহল্লা করে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়, পাকিস্তান আমলে তেমনটি হতো না। সে সময় আমরা পয়লা বৈশাখ পালন করতাম বাড়িতে বাড়িতে। বাঙালি খাবার বেগুন, শুঁটকি, নারকেল ভর্তাসহ সরষে ইলিশ, কই মাছ, শজনে ডাল—এসব রান্না হতো। মনে পড়ে, জহির রায়হানের সঙ্গে আমার বিয়ের পর বাড়িতেই পালন করতাম বৈশাখের প্রথম দিন। জহির ছিল ভীষণ কাজপাগল মানুষ। সারা দিন কাজ আর কাজ। খাবারদাবার নিয়ে তেমন কোনো বাতিক ছিল না। তবে পয়লা বৈশাখের পান্তা খাওয়ার প্রতি ওর ছিল দারুণ আগ্রহ। তাই পয়লা বৈশাখের পান্তাভাত তৈরির জন্য আগ থেকে ঢেকিছাঁটা চাল সংগ্রহ করতাম আমি। কারণ, ও এই চালের ভাত পছন্দ করত। এরপর আগের রাতে সেই চালে ভাত রান্না হওয়ার পর পানি দিয়ে রাখতাম। বাংলা বছরের প্রথম দিন সকালবেলা মাটির সানকিতে মরিচ দিয়ে মজা করে খেতাম পান্তাভাত। এ নিয়ম এখনো আমার বাড়িতে বলবৎ আছে। তখন রাতেও আমরা বিভিন্ন ধরনের বাঙালি খাবার খেতাম। পয়লা বৈশাখে সব সময়ই মনে এক ধরনের ফুর্তি কাজ করে। মনের এক কোণে যেন খেলা করে রংধনুর সাত রং।’সজলঅন্যদিকে পয়লা বৈশাখে শুটিং করা অভিনেতা সজলের পছন্দ না হলেও একবার এই দিনে শুটিং করতে গিয়ে নিজের মানিব্যাগটি খুইয়ে এসেছিলেন তিনি। তাঁর মুখ থেকে শোনা যাক পুরো বৃত্তান্ত, ‘আমার অভিনয়জীবনে মাত্র দুবার পয়লা বৈশাখের দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এর মধ্যে মানিব্যাগ খোয়ালাম যে নাটকে, তার পরিচালক ছিলেন তাহের শিপন। দৃশ্যটি ছিল এমন: পয়লা বৈশাখের দিন এক দঙ্গল ছেলেমেয়ে রমনা বটমূলের মধ্য দিয়ে হেঁটে যাবে। তাদের মধ্যে রয়েছি আমিও। তো, প্রচণ্ড ভিড়ভাট্টার ভেতর আমরা হাঁটছি, আনন্দ করছি, নাচছি—সবই চলছে পরিচালকের নির্দেশমতো। এর মধ্যে কীভাবে যেন হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হলো। দেখলাম, আমার চারদিকে মানুষ আর মানুষ। কিন্তু শুটিংয়ের অন্য সবাই কোথায়? যে যার মতো ছিটকে গেছে। একসময় ওই ভিড় ঠেলে বাইরে এসে আমার পেছন পকেটে হাত দিয়ে বুঝলাম, মানিব্যাগটি ততক্ষণে হাওয়া—কেউ নিজের মনে করে নিয়ে গেছে!’এসব বলতে গিয়ে এবার এল খাবার প্রসঙ্গ। যেন জিভে জল নিয়েই বললেন সজল, ‘আমি এমনিতে খুব মেছো প্রকৃতির—মাছ খেতে ভালোবাসি। পয়লা বৈশাখে ইলিশ-পান্তা তো খাই-ই, তবে আমাদের বাড়িতে নানা রকম ভর্তা তৈরি হয়—বেলে মাছের ভর্তা, চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা আর ইলিশ মাছ ভাজার পর তার মধ্য থেকে যে তেল বের হয়, ওর যে কী স্বাদ!’ আর কথাই বলতে পারলেন না সজল। বৈশাখের বর্ণময় রং ও স্মৃতি প্রবলভাবে পেয়ে বসেছে তাঁকে।মেহজাবিনমাত্র এক বছর বয়সে মা-বাবার সঙ্গে বাংলাদেশ থেকে দুবাই চলে গিয়েছিলেন মডেল-অভিনেত্রী মেহজাবিন। পরে যখন দেশে ফিরে এলেন, কিছু দিনের মধ্যেই পেলেন তারকাখ্যাতি। দেশে এসেই পয়লা বৈশাখকে ভালোভাবে অনুভব করেছেন। তখন থেকেই বুঝেছেন, দিনটি ঠিক অন্যান্য দিনের মতো নয়। তাই পয়লা বৈশাখে ‘টেক’, ‘ক্যামেরা’, ‘রোলিং’—শুটিংয়ের এই চিরচেনা শব্দগুলো থেকে কমপক্ষে সাত হাত দূরে থাকেন মেহজাবিন। তিনি বলেন, ‘বৈশাখ আমার কাছে ধরা দেয় লাল-সাদা রঙে। সাধারণত পয়লা বৈশাখে আমি লাল-সাদা রঙের পোশাক পরি। এই দিনের অনেক আগ থেকে আমাকে দুলিয়ে যায় উৎসবের আমেজ। বৈশাখ উপলক্ষে সবার জন্য কেনাকাটা করি। আর আম্মুর রান্নাবান্নায় সাহায্য করি পয়লা বৈশাখের দিন। তারপর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘোরা—সব মিলিয়ে এই দিনে আমি যেন এক অন্য আমি! তাই এখন প্রতিবছর প্রতীক্ষায় থাকি এই দিনের জন্য।’