তারকাদের পূজা-পার্বণ
হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব শারদীয় দুর্গাপূজা। আর দশজন সাধারণ মানুষের মতো তারকারাও মেতে ওঠেন এ উত্সবের আনন্দে। কাজ থেকে ছুটি নিয়ে বিশেষ এ উত্সবের সময়টাতে পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন তাঁরা। এবারের দুর্গাপূজা নিয়ে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডের সঙ্গে কথা বলেছেন বাঙালি অভিনেত্রী রাইমা সেন, পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্বাণী মুখার্জি ও বারখা সেনগুপ্ত।

প্রতিবছর দুর্গাপূজায় মা সোনার গয়না উপহার দেন: রাইমা সেন
সময়ের পরিক্রমায় উত্সবের রংটা আগের চেয়ে অনেকটাই পাল্টে গেছে। শৈশবে বন্ধুদের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াতাম। চলচ্চিত্র জগতে পা রাখার পর এখন পূজামণ্ডপে গিয়ে হই-হুল্লোড় করাটা বেশ কঠিন হয়ে পড়েছে। তার পরও দুর্গাপূজার সময়টাতে বন্ধুবান্ধবরা একত্র হই। বাইরে খুব বেশি ঘুরতে না পারলেও বন্ধুদের বাসায় গিয়ে মজা করি। আরতির জন্য মা মুনমুন সেন, বোন রিয়া সেন আর আমি প্রতিবেশীদের বাসায় যাই। পূজার উত্সবের সঙ্গে মানানসই শাড়ি আর গয়নায় নিজেকে সাজানোর চেষ্টা করি। প্রতিবছর দুর্গাপূজায় মা আমাকে আর রিয়াকে সোনার গয়না উপহার দেন। নানু সুচিত্রা সেন এবং মায়ের সংগ্রহে থাকা বাংলার ঐতিহ্যবাহী চমত্কার কিছু শাড়ি পরারও সুযোগ হয় আমাদের। পূজা উপলক্ষে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের নিমন্ত্রণ পাই। উত্সবের সময়টাতে ঐতিহ্যবাহী আলু পোস্ত, খাসির রেজালা, মুরগির মাংস আর মাছ খেতে আমি দারুণ পছন্দ করি।

ঢাকের আওয়াজ ছাড়া এ উত্সব কল্পনাই করা যায় না: পাওলি দাম
পারিবারিক বন্ধন আর আনন্দে মেতে ওঠার উত্সব হলো দুর্গাপূজা। নবরাত্রির শেষ চার-পাঁচটা দিনে আনন্দের মাত্রা চরমে পৌঁছে যায়। উত্সবের আমেজে সবার মন অদ্ভুত এক আনন্দে ডুবে থাকে। দুর্গাপূজা উদযাপনের জন্য আমি এখন কলকাতায়। এখানে বিশাল পরিসরে উত্সবের আয়োজন করা হয়। কলকাতা শহরের প্রায় সব গলিতে পূজামণ্ডপ সাজানো হয়। দিনের বেলা তো বটেই, সারা রাত ধরে পূজা-অর্চনার পাশাপাশি আনন্দযজ্ঞে মেতে ওঠেন সবাই। প্রতিটি মণ্ডপের পাশে থাকে সুস্বাদু নানা খাবারের স্টল। বিশেষ এ উত্সবটির অবিচ্ছেদ্য অংশ হলো ঢাকের বাদ্যি। ঢাকের আওয়াজ ছাড়া এ উত্সব কল্পনাই করা যায় না। দুর্গাপূজার সময় মানুষ তাঁদের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের বাসায় বেড়াতে যায়। ব্যক্তিগতভাবে পূজা-অর্চনা খুব একটা করা না হলেও দুর্গাপূজায় আমি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিই। রীতি অনুযায়ী শাড়ি ও ঐতিহ্যবাহী গয়না পরতেই আমি পছন্দ করি। এই উত্সবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ভোগ। সবজি-খিচুড়ি ও হরেক রকমের মিষ্টি খাওয়ানো হয় ভোগে।

দুর্গাপূজা মানে আনন্দে মেতে ওঠা: ঋতুপর্ণা সেনগুপ্ত
কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন, পূজার সময়টাতে আমি কলকাতায় পরিবারের সদস্যদের সঙ্গে উত্সবের আনন্দে মেতে উঠি। পূজা শুরুর আগেই হাতে থাকা সব কাজ শেষ করার চেষ্টা করি। সেটা সম্ভব না হলে কিছুদিনের জন্য কাজ স্থগিত রাখি। বছরের এই সময়টা আমার ও পরিবারের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। উত্সবের প্রথম ও অষ্টম দিনে আমাদের বাড়িতে ভোগের আয়োজন করা হয়। ঘরেই নানা সুস্বাদু খাবার তৈরি করি। পূজার সময়টাতে মিষ্টি খেতে সবাই খুব পছন্দ করেন। এ জন্য হরেক রকমের মিষ্টির পাশাপাশি দইও রাখা হয় ভোগে। খুব বেশি ঘটা করে পূজা উদযাপন করা হয় না। দুর্গাপূজাকে উপলক্ষ করে পরিবারের সবাই একত্র হই, বড়দের আশীর্বাদ নিই এবং সবার মধ্যে প্রসাদ বণ্টন করি। সব মিলিয়ে আমার কাছে দুর্গাপূজা মানে পারিবারিক বন্ধন, সুস্বাদু খাবার খাওয়া আর আনন্দে মেতে ওঠা।

কাজল, রানি, অয়ন মুখার্জিসহ সব কাজিনরা মিলে অনেক মজা করি: শর্বাণী মুখার্জি
ঘটা করে দুর্গাপূজার আয়োজন করা আমাদের পারিবারিক ঐতিহ্য। এ বছর কলকাতা শহরের একটি হোটেলে আমরা পূজার আয়োজন করেছি। আমাদের যৌথ পরিবার। কাজের তাগিদে সব সময় একসঙ্গে থাকা সম্ভব না হলেও পূজার সময়টাতে পরিবারের সব সদস্য একত্র হই। কাজল, রানি, অয়ন মুখার্জিসহ সব কাজিনরা মিলে অনেক মজা করি। ‘বিগ বস ৭’ রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকায় এ বছর তানিশা আমাদের সঙ্গে থাকতে পারছে না। কাজিনরা মিলে গল্প-গুজবে মেতে উঠি, একে অপরকে খোঁচাখুঁচি করি। অনেক আগেই পূজা উপলক্ষে ডিজাইনার দিয়ে শাড়ি বানানো হয়। সারা দিন মজার মজার সব খাবার খাই। সব মিলিয়ে পূজায় অনেক আনন্দের মধ্য দিয়ে আমাদের সময় কেটে যায়।
শাড়ি, গয়নার পাশাপাশি নগদ টাকাও উপহার পাই: বারখা সেনগুপ্ত
কলকাতার সম্ভ্রান্ত বাঙালি পরিবারে আমার বিয়ে হয়েছে। স্বামী চলচ্চিত্র অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। শ্বশুরবাড়িতে বেশ ঘটা করেই দুর্গাপূজার আয়োজন করা হয়। এই আয়োজনে যুক্ত থাকতে আমার খুব ভালো লাগে। আমি চাই, আমার দুই বছর বয়সী মেয়ে তার বাবার পরিবারের সব আচার-রীতি শিখুক। পূজার সময়টাতে শাড়ি, শাঁখা, বালা, সিঁদুর পরে ঘুরে বেড়াই। শ্বশুরবাড়ির মানুষদের কাছ থেকে শাড়ি, গয়নার পাশাপাশি নগদ টাকাও উপহার পাই। দুর্গাপূজা উপলক্ষে শাশুড়ি মজার মজার সব খাবার তৈরি করেন। তাঁর হাতে রান্না করা খাসির মাংস আর ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে।