তারকাদের প্রথম টুইট

খুদে ব্লগ (মাইক্রোব্লগিং) লেখার ওয়েবসাইট টুইটার। মাত্র ১৪০ শব্দের মধ্যে খুদে ব্লগ লেখার সুবিধা পাওয়া যায় টুইটারে। সম্প্রতি নয় বছরে পা দেওয়া টুইটারে নিয়মিত আছেন সারা বিশ্বের জনপ্রিয় তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী দেশগুলোর প্রধানেরাও। এ ক্ষেত্রে এগিয়ে আছেন তারকারা। নিজেদের সবশেষ খবর, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য আর ছবি শেয়ার করেন দ্রুত আর তাঁদের অনুসারী (ফলোয়ার) ভক্তরা টুইটারেই যোগাযোগ করেন প্রিয় তারকার সঙ্গে। যেহেতু তারকারা নিজেরাই টুইটার ব্যবহার করেন, তাই চাইলে কিন্তু তারকাদের নিজের ভালো লাগার কথা কিংবা অনেক কিছুই জানানো যায় টুইটার ব্যবহার করে। সে সুযোগটাও কিন্তু ভক্তরা নিয়ে থাকেন। এতে যে ভক্তরা উত্তর না পেয়ে নিরাশ হন তা কিন্তু নয়। এমন অনেক তারকাই আছেন, যাঁরা ভক্তদের সঙ্গে টুইটারে যোগাযোগ রক্ষা করেন।

অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা এনেছে টুইটার কর্তৃপক্ষ। এর ফলে ফার্স্ব টুইট হ্যাসট্যাগের (#FirstTweet) মাধ্যমে ব্যবহারকারীরা নিজের কিংবা অন্য ব্যবহারকারীদের টুইটারে করা প্রথম টুইটটি দেখতে পাবেন। মজার বিষয় হচ্ছে, বর্তমানে সেরা ১০ অনুসারীর তালিকা অনুযায়ী সাতজনই জনপ্রিয় তারকা। হয়তো অনেকেই আগ্রহী এ প্রিয় তারকাদের প্রথম টুইট কী ছিল সেটা জানতে। কাজটি খুবই সহজ করে দিয়েছে টুইটার।
সবচেয়ে বেশি অনুসারীর মধ্যে পাঁচ কোটি ১৯ লাখ অনুসারী নিয়ে শীর্ষে আছেন সংগীতশিল্পী কেটি পেরি (@katyperry)। ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারিতে করা এ শিল্পীর প্রথম টুইট ছিল ‘জাস্ট গট ইনটু বার্লিন...ফিলিং বেটার থ্যাংক ইউ, হ্যাভ মাই ভিকস ইনহেলার বাই মাই বেডসাইড...অ্যান্ড পি. এস আই টুইটার! সাচ এ ফলোয়ার!’। টুইটটি আড়াই হাজারের বেশিবার পুনরায় টুইট (রিটুইট) হয়েছিল। এ ছাড়া প্রিয়র (ফেবারিটস) তালিকায় নিয়েছেন এক হাজার ৫০০-এর বেশি ব্যবহারকারী। পাঁচ কোটি ছয় লাখ অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আরেক জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবারের (@justinbieber) প্রথম টুইট ছিল নিজের সামাজিক যোগাযোগের সাইট মাইস্পেস ঠিকানা বিষয়ে। ২০০৯ সালের ১২ মেতে করা টুইটে তিনি লিখেছিলেন, ‘চেক আউট মাই সিঙ্গেল “ওয়ান টাইম” অন মাই মাইস্পেস অ্যান্ড স্প্রেড দ্য ওয়ার্ল্ড ফর মি। থ্যাংকস।’ এ টুইটটিও ১৬ লাখের বেশি রিটুইট এবং ৮৬ হাজারের বেশি ব্যবহারকারীর ফেবারিটসের তালিকায় যুক্ত হয়।

চার কোটি ১২ লাখের বেশি ফলোয়ার নিয়ে চতুর্থ শীর্ষস্থানে আছেন সংগীতশিল্পী লেডি গাগা (@ladygaga)। ২০০৮ সালের ২৭ মার্চ করা নিজের প্রথম টুইটটি নয় হাজারের বেশি রিটুইট এবং পাঁচ হাজারের বেশি ফেবারিটসের তালিকায় যুক্ত হয়। তিনি লিখেছিলেন, ‘অব রিহ্যারিজিং ফর মাই ভিডিও জাস্ট ড্যান্স অ্যান্ড অ্যাম নাউ অ্যাট ডব্লিউএমসি টু পারফর্ম অ্যাট দ্য আরমানি অ্যান্ড নার্ভাস রেকর্ডস পার্টি। বাট আই অ্যাম নো নার্ভাস রেকর্ড!’ চার কোটি ফলোয়ার নিয়ে ষষ্ঠ স্থানে আছেন আরেক সংগীতশিল্পী টেইলর সুইফট (@taylorswift13)। ২০০৮ সালের ২৫ অক্টোবর এক হাজারের বেশি রিটুইট ও ফেবারিটসের যুক্ত হওয়া টেইলর সুইফটের প্রথম টুইট ছিল ‘আই লাভ টু রিটুইট জাস্টিন বিবার আই পোস্টেড ইট!! মাই রেসপন্স ভিডিও উইথ অ্যান এক্সক্লুসিভ সং ফ্রম মাই অ্যালবাম...ইনজয়।’ এ তালিকায় তিন কোটি ৬৩ লাখ এবং তিন কোটি ৪৫ লাখ ফলোয়ার নিয়ে সপ্তম ও অষ্টম স্থানে আছেন ব্রিটনি স্পিয়ার্স (@britneyspears) ও রিহানা (@rihanna)। ২০০৮ সালের ১১ অক্টোবর এবং ২০০৯ সালের ১৪ অক্টোবর করা এই দুই সংগীতশিল্পীর টুইট ছিল ‘ওয়েলকাম টু ব্রিটনি স্পিয়ার্স টুইটার! ফলো দ্য লেটেস্ট ইন ব্রিটনি নিউজ অ্যান্ড গেট আপডেটস স্ট্রেইট ফ্রম ব্রিটনি অ্যান্ড হার এন্টারেজ।’ এবং ‘দ্য ওয়েট ইজ ওভার, নভেম্বর ২৩, ২০০৯।’ এ তালিকায় দশম স্থানে আছেন জাস্টিন টিম্বারলেক (@jtimberlake)। তিন কোটি ছয় লাখ ফলোয়ার নিয়ে ২০০৯ সালের ১৫ এপ্রিল করা জাস্টিনের প্রথম টুইট ছিল ‘টেনমান রেকর্ডস রিলিজড ইটস ফার্স্ট সিঙ্গেল টুডে, ইসমে ডেন্টারস, ওট্টা হেয়ার। হোয়াট ডু ইউ থিংক?’।

এ তো গেল সবচেয়ে বেশি ফলোয়ার হিসেবে থাকা সেরা সাত তারকার প্রথম টুইটের কথা। চাইলেই কিন্তু যে কেউই নিজের পছন্দের তারকার টুইটার ঠিকানা দিয়েই প্রথম টুইটটি দেখতে পারবেন। চাইলে সেটি রিটুইটও করতে পারবেন। আর সত্যিকার টুইটারটি যে ওই তারকাই ব্যবহার করছেন, তারও প্রমাণ রয়েছে। টুইটার তারকা, বিখ্যাত ব্যক্তিত্ব, প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্টকে ভেরিফাইড চিহ্ন দিয়ে সেটি প্রমাণ করে দিয়েছে। তাই আর দেরি না করে দেখে নিন প্রিয় তারকার টুইটার অ্যাকাউন্টে ভেরিফাইড চিহ্নটি আছে কি না। আর সেটি দেখেই www.first-tweets.com ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত বক্সে টুইটার ইউজার নাম লিখলেই ওই ব্যবহারকারীর করা প্রথম টুইটটি দেখা যাবে।
নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: টুইটার ব্লগ, টেলিগ্রাফ, মেট্রো