তারকাদের বেড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সারা বছর তাঁরা ব্যস্ত থাকেন কাজ নিয়ে। তাঁরা বিনোদন দেন অন্যদের। কিন্তু নিজেদের জন্য তাঁরা কতটুকু সময় পান? তবে যখনই সময় পান, তখনই তাঁরা বেরিয়ে পড়েন একা অথবা আপনজনদের সঙ্গে নিয়ে। বিনোদন-জগতের তেমনই কয়েকজন তারকার বেড়ানো থাকছে এবারের ‘ঈদ আনন্দ’ আয়োজনে।
নেপালে মোশাররফ করিম ও জুঁই
নেপালে মোশাররফ করিম ও জুঁই

চেনা জায়গা, চেনা মানুষ
মোশাররফ করিম
রাস্তার এক পাশে পাথুরে নদী, অন্য পাশে সবুজে ঘেরা দিগন্তজোড়া পাহাড়। দিনের সাদা আলোয় পাহাড় সাজে ভিন্ন রঙে। নদীর সঙ্গে যেন গড়ে ওঠে তার গভীর মিতালি। এমন দৃষ্টিনন্দন একটি জায়গা! না দেখলে কেউ বিশ্বাস করবেন না।
কেউ বিশ্বাস করেন আর না-ই করেন, আপাতত আমাকে তা বিশ্বাস করতে হচ্ছে। ২০১৪ সালের জানুয়ারি মাসের কথা। শুটিংয়ের চাপ ছিল একটু কম। জুঁইকে (স্ত্রী) সঙ্গে নিয়ে বেড়াতে যাই নেপাল।
নাগরকোট। কাঠমান্ডু থেকে কাছেই। বেশ নিরিবিলি একটি জায়গা। চারদিকে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের অফুরন্ত হাতছানি। এমন নয়নাভিরাম একটি পরিবেশ কার না ভালো লাগে। আমার তো খুব পছন্দ হলো। দিব্যি সেখানে কাটিয়ে দিলাম তিন-তিনটা দিন।
প্রথম দিনেই বের হয়ে পাহাড়ি পথে ঘুরছি। পাহাড়ের উঁচু-নিচু ঢালে প্রান্তিক মানুষের বসবাস। শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ছুটছে দূরের কোনো স্কুলে। জীবিকার জন্য সারা দিন চলে এখানকার মানুষদের কঠিন সংগ্রাম। এসব দৃশ্য বারবার মনে করিয়ে দেয় আমাদের পার্বত্য এলাকার কথা। রাঙামাটি, কাপ্তাই কিংবা বান্দরবান গেলে এমনই দৃশ্য চোখে পড়ে। জায়গাগুলো এতটা সরল। আর মানুষগুলো সেই সরল সমীকরণে বাঁধা। যতই দেখছি আর মনে মনে ভাবছি, আহ্! জায়গাগুলো যেন কত চেনা, মানুষগুলো যেন কত চেনা।
তিন দিন পর জুঁই যাবে পোখরা। নাগরকোট থেকে ২০ কিলোমিটার দূরে। আরেকটি চমৎকার জায়গা। পরদিন সকালের রোদ গায়ে মেখে এবার চললাম পোখরার পথে। তবে নাগরকোটের তুলনায় এখানে কোলাহল একটু বেশি। কারণ, পর্যটকদের আনাগোনা আছে। এখান থেকে হিমালয় খুব কাছে। পোখরার চারদিকের পরিবেশ বেশ উপভোগ করার মতো। বড় ঝিলগুলোর দৃশ্য তো রীতিমতো মনোমুগ্ধকর। তারপর পাহাড়ে ওঠার আনন্দও কম নয়। পোখরার ঝিলের সবচেয়ে চমৎকার নিদর্শন হলো শিব মন্দির। চারপাশে ঝিল আর তার মাঝখানে। নৌকা দিয়ে যেতে হয় সেই মন্দিরে।
সারা দিন পোখরার নানা পথ-ঘাট ঘুরে ঘুরে বড্ড ক্লান্ত। সেই ক্লান্তি দূর করতে আছে তাদের ভিন্ন ধরনের বিনোদনব্যবস্থা। কয়েকজন যুবক বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে যাচ্ছে। তা-ও আবার ইংরেজি গান! সত্যিই ক্লান্তি দূর করার মতোই ছিল তাদের পরিবেশনা।
সবশেষে পোখরার বিকেলের সূর্যাস্ত উপভোগের মধ্য দিয়ে ইতি টানা হলো চার দিনের সংক্ষিপ্ত নেপালভ্রমণ।

রিচি সোলায়মান
রিচি সোলায়মান

ক্যামব্রিজে লেকে
রিচি সোলায়মান
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছি সেই ছোটবেলা থেকে। এবার আমি সেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সামনে। গত বছর সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম লন্ডনে। তখনই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়। বিশ্ববিদ্যালয়ের গল্প নয়, আমি এখানে বলব বিশ্ববিদ্যালয়ের পাশে একটি সুন্দর লেকের কথা। শুনেছি, এখানেই নাকি স্যার আইজ্যাক নিউটন তাঁর দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছিলেন। এই লেকে অনেকেই নৌকা চালাচ্ছে। আমারও শখ হলো। একটা নৌকা ভাড়া করে ছেলে প্রথমকে নিয়ে নেমে যাই লেকে। অনেকক্ষণ নৌকা চালিয়েছি। আনন্দে আমি আর আমার ছেলে প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিলাম।

কোনাল
কোনাল

ক্রেমলিনের ভেতর
কোনাল
রাশিয়ার একটি অনুষ্ঠান। আমাদের সাতজনের একটি চমৎকার দল। দলনেতা বিশ্বদা (কুমার বিশ্বজিৎ)। ১৫ ঘণ্টার বিমান ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম মস্কো শহরে। পরদিন গেলাম ক্রেমলিন! ক্রেমলিন মানে ‘শহরের ভেতর দুর্গ’। এখানে রয়েছে পাঁচটি রাজপ্রাসাদ, চারটি ক্যাথাড্রাল, ঘেরাও করা ক্রেমলিন ওয়াল ও ক্রেমলিন টাওয়ার। বর্তমান ক্রেমলিন ওয়াল ও ক্রেমলিন টাওয়ার ১৪৮৫ থেকে ১৪৯৫ সালের সময়ে নির্মিত হয়েছিল এবং পুরা কমপ্লেক্সটি রুশ ফেডারেশনের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। ২ লাখ ৭৫ হাজার বর্গমিটারের এই অসমাঙ্গ ত্রিভুজের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২৩৫ মিটার এবং প্রস্থ ৫ থেকে ৯ মিটার। কি যে অদ্ভুত সৌন্দর্য! ছবি তুলতে তুলতে ভিডিও করতে শুরু করলাম। কোনটা ছেড়ে কোনটা ধরে রাখব, বুঝতে পারছিলাম না। দেখা হলো, রেড স্কয়ারে লেনিনের সমাধি স্তম্ভ। বাইরে ছোট্ট স্যুভেনির শপ ঘুরে রুশদের ঐতিহ্য সেই পশমি টুপি কিনলাম। চারদিকে কি যে আনন্দঘন পরিবেশ! তার পরের দিনই অনুষ্ঠান। রাশিয়ার হাওয়া গায়ে লাগিয়ে প্রিয় প্রবাসী ভাইদের গান শোনালাম গর্বিত বাংলার। সঙ্গে নিয়ে এলাম দর্শকদের প্রাণখোলা প্রশংসা। আর মস্কোর ভালোবাসা। কথা দিয়ে এলাম, আবারো যাব সেই দেশে, শুধুই অকৃত্রিম ভালোবাসা পেতে।

ন্যান্‌সি
ন্যান্‌সি

রাইন ফলের পাশে
ন্যান্সি
ঘটনাটা ২০১৩ সালের। সম্ভবত জুন মাসের। সুইজারল্যান্ডের জুরিখে একটি শো করতে গিয়েছিলাম। তিন দিনের জন্য ভিসা পাই। যেতে এক দিন, শো এক দিন। পরদিন সকালে উঠেই দেশে ফেরা। সুইজারল্যান্ড যাব, অথচ ঘুরব না! তাই সুইজারল্যান্ডে বেড়ানোর পরিকল্পনাটা আমরা ঢাকা থেকেই করেছিলাম। সুইজারল্যান্ড সম্পর্কে এমনিতে অনেক শুনেছি। ছবির মতো একটি দেশ। যাওয়ার পর দেখলাম, একবিন্দু মিথ্যা নয়। যেদিকে তাকাই, সবকিছুই সুন্দর।
সুইজারল্যান্ডে সন্ধ্যা নামে বেশ পরে। সুইজারল্যান্ডের জুরিখে আমরা যখন পৌঁছাই, তখন ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা। ফ্রেশ হয়ে ভাবতে থাকি কাছাকাছি কী দেখার আছে। শুনলাম, রাইন ফলটাই সবচেয়ে কাছে। পরদিন যেহেতু শো, তাই সেদিন বিকেলেই ঘুরতে বের হলাম।
নায়াগ্রা জলপ্রপাত দেখা হয়নি, কিন্তু রাইন ফল যা দেখলাম, এককথায় দুর্দান্ত। আমরা যেখানে দাঁড়িয়েছি, তার অন্য পাড়ে বড় টিলার ওপর ঘর। এক পাশ থেকে অন্য পাশে তাকালে মনে হবে, পানি পড়ে ঘরগুলো ভেঙে যাবে। আসলে তা নয়। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা রাইন ফল কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য সেভাবেই তৈরি করেছে। ওখানে পানি এসে গায়ে লাগে। ভয় হয়। মনে হয় এই বুঝি আমি নিচে পড়ে যাব। একই সঙ্গে ভয় আর আনন্দের অনুভূতি। ভয়ও পাচ্ছি আবার রাইন ফলের সৌন্দর্য উপভোগ করছি। সব মিলিয়ে ঘণ্টা দুয়েকের মতো ছিলাম সেখানে।
জুরিখ শহর থেকে রাইন ফল যাওয়ার পথে যেতে যেতে আঙুর বাগান দেখছিলাম। আমি এর আগে কখনো আঙুর গাছই দেখিনি, আর এখন আমার সামনে একের পর এক আঙুর বাগান! চমৎকার এক অনুভূতি!
সুইজারল্যান্ডের ভবনগুলো গতানুগতিক নয়। বেশির ভাগ ভবনেই রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। আমি খুব বেশি দেখতে পারিনি। খুব আফসোস। যাওয়া-আসার পথে যেটুকু সময় পেয়েছি, সেই সময়টাতে যতটুকু দেখা যায়, তা-ই দেখেছি।
এত সুন্দর একটা শহর, আর এত অল্প সময়, কতটুকুই-বা দেখা যায়।

আরিফিন শুভ
আরিফিন শুভ

স্ট্যাচু অব লিবার্টির সামনে
আরিফিন শুভ
এ বছরের মে মাসে আমি গিয়েছিলাম যুক্তরাষ্ট্রে। যাওয়ার আগেই ঠিক করি, নিউইয়র্ক ফিল্ম একাডেমি দেখতে যাব। নিউইয়র্কের এক বন্ধু জেনিফার অ্যাডেলকে সঙ্গে নিয়ে আমি সেখানে যাই। এটা ছিল ম্যানহাটন থেকে বেশ দূরে। অ্যালিস আইল্যান্ডের দিকে। মেট্রোতে চড়ে নিউইয়র্ক ফিল্ম একাডেমির যত কাছাকাছি যাচ্ছি, আমার উত্তেজনা যেন ততই বাড়ছে। নিউইয়র্ক ফিল্ম একাডেমির গেট দেখার পর কখন আমার চোখ ভিজে গিয়েছিল, বুঝতেই পারিনি।
ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই। বন্ধুকে বললাম, যদি মক ফ্লোরে একটা কাজ পেতাম!
নিউইয়র্ক ফিল্ম একাডেমির ঠিক উল্টোদিকে একটা পার্ক। আমরা সেখানে গিয়ে নিজেদের ক্যামেরাবন্দী করি। ভেতরে যাওয়ার যেহেতু সুযোগ নেই, তাই বাইরে থেকে দেখেই সান্ত্বনা পাই।
আরেকটা জিনিস দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। আর তা হচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। ছোটবেলায় বইয়ে পড়েছি। এবার নিউইয়র্ক ফিল্ম একাডেমি যাওয়ার পথে স্ট্যাচু অব লিবার্টিও দেখলাম। ছবি তুললাম। নিজের চোখে এই দেখছি, ব্যাপারটি একেবারে অন্য রকম।

দুই ছেলেকে সঙ্গে নিয়ে মেহের আফরোজ শাওন
দুই ছেলেকে সঙ্গে নিয়ে মেহের আফরোজ শাওন

তাজমহলের সামনে
মেহের আফরোজ শাওন
কিশোরীবেলায় প্রথম তাজমহল দেখতে গিয়েছিলাম। একটুও ভালো লাগেনি। ‘এই জিনিস দেখার জন্য কেন যে মানুষ দূরদূরান্ত থেকে আসে!’ এই ভাবনা নিয়ে ফিরে এসেছিলাম সেদিন।
স্থাপত্য পড়ার সময় কিছু তথ্য জানলাম। ২২ হাজার কর্মী, ১ হাজার হাতি, ২২ বছরের শ্রম! প্রিয় স্ত্রী মমতাজ মহলের প্রতি সম্রাট শাজাহানের প্রেমের নিদর্শন এই শ্বেতপাথরের তাজমহল, যা দিনের বিভিন্ন সময়ে ভিন্ন আলোয় ভিন্ন ভিন্ন রঙের অনুভূতি দেয়!
বুঝলাম ‘তাজ’কে ঠিকমতো দেখা হয়নি! স্পর্শ করা হয়নি ‘তাজ’-এর দেয়ালে লেগে থাকা সম্রাট শাজাহানের অনুভূতিগুলো।
ঠিক করলাম হুমায়ূন আহমেদকে নিয়ে যাব তাজমহলের কাছে।
তারপর কী যেন একটা ‘কুফা’ লেগে গেল। হুমায়ূনের ভিসা হয় তো আমার হয় না! আমার ভিসা হয়, তত দিনে হুমায়ূনের ভিসা শেষ! আর দুজনের একসঙ্গে ভিসা হয় যখন, তখন ছোট্ট নিষাদ আমার কোলে। কতবার যে তাজমহলের সামনে গিয়ে দাঁড়াতে চেয়েছি হুমায়ূনের হাত ধরে, হয়ে উঠলই না।
অবশেষে ২০১৩-তে যখন তাজমহলের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার দুই হাত ধরে দুই হুমায়ূন দাঁড়ানো—নিষাদ হুমায়ূন আর নিনিত হুমায়ূন। আমি চোখ বন্ধ করে ‘তাজ’ দেখলাম। সেই ‘তাজ’ চোখ মেলে দেখা তাজমহলের চেয়ে অনেক বেশি সুন্দর।

ম্যানহাটন স্কাইলাইন
ম্যানহাটন স্কাইলাইন

গানের ফাঁকে ছবি তোলা
জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের সঙ্গে থাকে গিটার আর ক্যামেরা। যেখানেই গান করতে যান, অবসর সময়ে বেরিয়ে পড়েন ক্যামেরা নিয়ে। ঘুরে বেড়ান। খালি চোখে যা ভালো লাগে, তা-ই ক্যামেরাবন্দী করেন। ২০১৪ সালে ছয়টি দেশে ১৬টি কনসার্টে গান করেন তিনি। এই সংগীত-সফরে তিনি অসংখ্য ছবি তুলেছেন। এর মধ্য থেকে কয়েকটি আলোকচিত্র দেওয়া হলো ঈদ আনন্দে।

ভিয়েনায় ১৭১৩ সালে প্রতিষ্ঠিত সেন্ট চার্লস চার্চ
ভিয়েনায় ১৭১৩ সালে প্রতিষ্ঠিত সেন্ট চার্লস চার্চ
নোবেল
নোবেল

নায়াগ্রার পথে
নোবেল
অনেক দেশ ঘুরেছি। কিন্তু ২০১১ সালে কানাডার এডমন্টন সফর ছিল আমার জীবনের জন্য স্মরণীয়। আমার স্ত্রীর বোন থাকে এডমন্টনে। তাঁরাই রকি মাউন্টেন আর গ্লেসিয়ার দেখতে যাওয়ার জন্য পরামর্শ দেয় আমাকে।
এডমন্টন থেকে রকি মাউন্টেনের পাশ দিয়ে যখন গাড়ি চালিয়ে যাচ্ছি। মাইলের পর মাইল, দুপাশে পাথরের পাহাড়।
এডমন্টন থেকে আমরা থেমে থেমে গেছি। অনেক কিছু দেখেছি। এর মধ্যে নায়াগ্রা জলপ্রপাতও ছিল। পাঁচ-ছয় ঘণ্টা ভ্রমণের পর আমরা পৌঁছে যাই বেনফ নামের একটা জায়গায়। এটাকে তারা বলে রিজার্ভ ফরেস্ট।
একটা হোস্টেলে থাকার বন্দোবস্ত হলো। হোস্টেলে যাওয়ার আগে আমার বাচ্চারা খুব নাক সিঁটকালো। তাদের কথা হচ্ছে, এত বড় দেশে বেড়াতে এসে হোস্টেলে থাকব?
এখানে রান্নাঘর হচ্ছে সবার জন্য। যার যার খাবারে তার তার স্টিকার লাগানো। সকালে ঘুম থেকে উঠে সবাই নিজেদের খাবার খাচ্ছে। ফ্রিজ থেকে আমি খাবার বের করলাম, আরেকজন এসে হাসি দিয়ে তাঁর খাবার সে বের করল। সফরে গেলে যেমন রোমাঞ্চ, রহস্য থাকবে, আমার এই ভ্রমণে সেটা ছিল। কই যাব, কিছুই জানি না; ঘুরছি। হোস্টেলে থাকলাম। কাঠের সিঁড়ি বেয়ে উঠছি, নামছি, কটকট শব্দ করছে। আমার রান্না আমি নিজে করছি। খাওয়া শেষে যা অবশিষ্ট ছিল, তা আবার প্যাকেট করে গাড়িতে নিয়ে আসছি।
সেখান থেকে আমরা গ্লেসিয়ার দেখতে গেলাম। ওই রাস্তায় গাড়ি চালানো অন্য রকম এক অনুভূতি। আমাদের গাড়ি পার্ক করে। কাউন্টারে গেলাম। গ্লেসিয়ার সম্পর্কে জানলাম। আমাদের একটা বাসে ওঠানো হলো। অন্য পর্যটকেরাও ছিল। আমাদের জানানো হলো, আমরা এখন বরফের ঢালের মধ্যে জলে যাচ্ছি। গাড়ি নিয়ে ওঠার চেষ্টা করব। ড্রাইভার ছিলেন একজন নারী। খুবই স্মার্ট। সবাইকে সিটবেল্ট বাঁধার কথাও জানিয়ে দিলেন।
যতই গ্লেসিয়ারের কাছে যাচ্ছি, মনে হচ্ছে, এটা কাছের একটা ঢাল। নামার সময় আমাদের বলা হলো, একটু শক্ত করে বসার জন্য। গাড়ির সিটের নিচে একটা বেল্ট আছে, বেল্টটা বের করে টাইট করে লাগাও। সবাই সিটের নিচে তাকাই, দেখি বেল্ট নেই। চিন্তায় পড়ে গেলাম। সবাই চিৎকার করা শুরু করল, ‘আমাদের কোনো বেল্ট নেই।’ ড্রাইভার হেসে বললেন, ‘ইউ ডোন্ট নিড আ বেল্ট।’ আবার ভয়ও দেখাচ্ছেন। একসময় তিনি বললেন, ‘দিস ইজ দ্য অনলি বাস ইন দ্য ওয়ার্ল্ড, যার কোনো ব্রেক নেই!’ এটা শুনে তো আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম। তখন ড্রাইভার বললেন, আসলে এই গাড়িটা এমনই প্রযুক্তিতে তৈরি হয়েছে। বরফের ঢাল যদি আরও ৯০ ডিগ্রি খাড়া হয়, গাড়িটা দাঁড় করিয়ে দিলে সেখানেই দাঁড়িয়ে থাকবে।
এই ভ্রমণের কথা ভোলা যায়?

মৌসুমী
মৌসুমী

স্কটল্যান্ড ভ্রমণে আমি মুগ্ধ
মৌসুমী
শুটিংয়ের কারণে অনেক দেশে গিয়েছি। গত জুন মাসের মাঝামাঝি যাই স্কটল্যান্ড, প্রেমী ও প্রেমী ছবির শুটিংয়ে। আমি এবারই প্রথম স্কটল্যান্ডে গিয়েছি। ুছিলাম দুই সপ্তাহেরও বেশি সময়। যেহেতু প্রথম স্কটল্যান্ড গেলাম, তাই শুটিংয়ের ফাঁকে জায়গাগুলো ভালো করে দেখার একটা ইচ্ছা মনের মধ্যে ছিল।
স্কটল্যান্ডে আমরা কয়েকটি জায়গায় শুটিং করেছি। জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাটউইক আর অ্যালটন। আমাদের প্রথম দিনের শুটিং ছিল অ্যালটনের একটি রেলস্টেশনে। আলরেসফোর্ড নামের এই স্টেশনে গিয়েই তো আমি মুগ্ধ। এত নিরিবিলি আর এত সুন্দর পরিবেশ! এমন রেলস্টেশন আগে কখনো দেখিনি। আমার কাছে পুরো স্টেশনটাই ছবির মতো মনে হয়েছে। ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। এখানে বসলাম। এক সিঁড়ি দিয়ে উঠি আর অন্য সিঁড়ি দিয়ে নামি। আমার যেন মুগ্ধ হওয়া আর শেষ হয় না। সারা দিন শুটিংয়ের ফাঁকে পুরো স্টেশন ঘুরে ঘুরে দেখেছি। অনেকটা ছেলেমানুষি ব্যাপারও বলা যেতে পারে।
আমরা সেখানে ছিলাম ব্রাইটন সি এরিয়াতে। মূল শহর থেকে অনেকটা দূরে। খুব নিরিবিলি বাংলো বাড়ি। অনেকটা জায়গা নিয়ে এই বাংলো। এই বাংলোয় রাতের সৌন্দর্য কেমন, তা না থাকলে বলে বোঝানো যাবে না। দুই সপ্তাহের বেশি দিন আমি সেখানে ছিলাম। প্রতিটা দিনই আমার কাছে নতুন করে ধরা দিয়েছে। স্কটল্যান্ড ভ্রমণে মুগ্ধ হব, কিন্তু এত বেশি তা ভাবিনি।