তারকাদের মৃত্যুগুজব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈশক্লাবে গুলি করে হত্যা করা হয়েছে জাস্টিন বিবারকে, স্নো-বোর্ডিং দুর্ঘটনায় নিহত এডি মারফি, কিংবা মাত্রাতিরিক্ত মাদকসেবনে মৃত্যু হয়েছে লিন্ডসে লোহানের! হরহামেশা সিনেমা, টিভি কিংবা সংগীত তারকাদের এমনতর মৃত্যুগুজবে বিভ্রান্ত হচ্ছে তাঁদের ভক্তরা। তার পরও থেমে নেই অনাকাঙ্ক্ষিত এই ধোঁকাবাজির ঘটনা। দিব্যি বেঁচে আছেন এমন সব তারকার মৃত্যুর গুজব সংবাদ হয়ে চাউর হচ্ছে একের পর এক। সেই চার্লি চ্যাপলিন কিংবা ফ্রাংক সিনাত্রার সময় থেকে শুরু করে পল ম্যাকার্টনি, এমনকি হালের জাস্টিন বিবার কিংবা লিন্ডসে লোহানের মতো তারকাদের নিয়ে রটছে মৃত্যুর মিথ্যা সংবাদ।কয়েক বছর ধরে এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে ইন্টারনেট। বিষয়টি তারকাদের জন্য যেমন বিব্রতকর, তেমনি প্রতারিত হচ্ছে তাঁদের ভক্তরা। এখন পর্যন্ত যেসব আলোচিত তারকা এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন, তাঁদের নিয়েই ‘তারকাদের মৃত্যুগুজব’। ‘স্নো-বোর্ডিং দুর্ঘটনায় নিহত এডি মারফি!’এই তো গত আগস্ট মাসে মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী এডি মারফির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। খবরে বলা হয়, সুইজারল্যান্ডে স্নো-বোর্ডিংয়ের এক দুর্ঘটনায় মারা গেছেন মারফি। এ দুর্ঘটনার বিস্তারিত নিয়ে রীতিমতো গল্প ফাঁদা হয়। বলা হয়, বরফের ওপর দিয়ে স্নো-বোর্ড চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল মারফিকে। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা। এই খবর স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। তখন যে ওয়েবসাইট প্রথম এই খবর ছাপে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, স্রেফ মজা করার জন্যই এডি মারফির মৃত্যুর গুজবটি ছড়ানো হয়েছে। আদতে তিনি সুস্থ ও বহাল তবিয়তেই আছেন। ‘হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জন বন জোভি!’মার্কিন রক তারকা জন বন জোভি নিউজার্সিতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে খবর চাউর হয়েছিল গত বছর। প্রকাশিত খবরে রীতিমতো দাবিই করা হয় যে, বিশ্ব সফরের জন্য নিউজার্সির একটি হোটেলে উঠেছিলেন বন জোভি। সেখানে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কোমায় চলে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি যে ডাহা মিথ্যা ছাড়া আর কিছু নয়, তা প্রমাণ করতে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বন জোভি। ছবির নিচে মজা করে তিনি লেখেন, ‘স্বর্গ দেখতে অনেকটা নিউজার্সির মতোই।’মাত্রাতিরিক্ত মাদকসেবনে মৃত্যু লিন্ডসে লোহানের!২০০৭ সাল থেকেই মাদকের সর্বনাশা জালে জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ তকমা পাওয়া লিন্ডসে লোহান। এ বিষয়টি কাজে লাগিয়ে অত্যন্ত চাতুর্যের সঙ্গে লিন্ডসের মৃত্যুগুজব ছড়ানো হয়েছিল ২০১০ সালে। বলা হয়, মাত্রাতিরিক্ত মাদকসেবনে মৃত্যু হয়েছে এই ‘মিন গার্লস’ তারকার। মার্কিন টিভিব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের নামে ভুয়া একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ছড়ানো এ গুজব অনেকেই বিশ্বাস করে ফেলেছিল। তবে শেষ পর্যন্ত একে স্রেফ গুজব বলে নিশ্চিত করেন লিন্ডসের মুখপাত্র।নৈশক্লাবে গুলি করে হত্যা করা হয়েছে জাস্টিন বিবারকে!টিন সেনসেশন হিসেবে খ্যাত কানাডীয় পপগায়ক জাস্টিন বিবারের মৃত্যু হয়েছে বেশ কবার। তবে তা বাস্তবে নয়, মিথ্যা খবরের বাতাবরণে। নিউইয়র্কে নৈশক্লাবে গুলি করে হত্যা করা হয়েছে বিবারকে, কিংবা মাত্রাতিরিক্ত মাদকসেবনে মৃত্যু হয়েছে বিবারের—এমন খবর চাউর হওয়ার পর সর্বশেষ গত মে মাসে বিবারের আরেকটি মৃত্যুগুজব ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দ্রুত বিভিন্ন সংবাদমাধ্যমে পাল্টা খবর প্রকাশ করে বলা হয়, বিবার বেঁচে আছেন এবং ভালো আছেন।নিজের বাড়িতে মৃত টেইলর সুইফটএ বছরের আগস্টে জন বন জোভির পাশাপাশি মার্কিন মুলুকের আরেক সংগীততারকা টেইলর সুইফটের ভুয়া মৃত্যুখবর ছড়িয়ে দেওয়া হয়। আর এই খবরের উত্স ছিল একটি নিউজ চ্যানেলের নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট। সেই গুজবে দাবি করা হয়, নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে ২২ বছর বয়সী সুইফটকে। পরে অবশ্য খবরটি মিথ্যা প্রমাণিত হয়।৬০ ফুট উঁচু থেকে পড়ে নিহত উইল স্মিথ‘মেন ইন ব্ল্যাক’ তারকা উইল স্মিথের মৃত্যুগুজব চাউর হয়েছে দুবার। গত বছরের নভেম্বরে প্রকাশিত গুজবে বলা হয়, নিউজিল্যান্ডে একটি ছবির শুটিং করার সময় ৬০ ফুট উঁচু থেকে পড়ে নিহত হয়েছেন স্মিথ। আরেকটি গুজবে দাবি করা হয়, স্মিথ গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে দুটি গুজবই মিথ্যা প্রমাণিত হয় স্মিথকে জীবিত দেখা গেলে।ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত এমা ওয়াটসন২০০৯ সালের মাঝামাঝিতে ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসনের মৃত্যুগুজবে বলা হয়, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় এমা মারা গেছেন। হোটেলে ফেরার সময় তাঁকে বহনকারী গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এমা। পরে তাঁর মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, সেই সময় বাড়িতে বহাল তবিয়তেই অবস্থান করছিলেন এমা।অস্ত্রোপচারের সময় মৃত্যুবরণ করেছেন মাইলি সাইরাস২০০৯ সালে স্বর্গবাসী হয়েছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। অবশ্যই তা বাস্তবে নয়, প্রকাশিত মনগড়া কাহিনিতে। এই তারকার মৃত্যুর কারণ হিসেবে বানোয়াট সেই গল্পে দাবি করা হয়েছিল, গাড়ি দুর্ঘটনার পর অস্ত্রোপচারের সময় মৃত্যুবরণ করেছেন এই টিন তারকা। অথচ ওই সময় মঞ্চ পরিবেশনা নিয়ে ব্যস্ত ছিলেন মাইলি। মৃত্যুগুজবের শিকার হয়েছেন এমন তারকাদের নামের তালিকা বেশ দীর্ঘ। তাঁদের মধ্যে হলিউডের বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী বিল কসবির মৃত্যুগুজব চাউর হয়েছে পাঁচ-পাঁচবার। এই তালিকায় আরও নাম উঠেছে টম হ্যাংকস, টম ক্রুজ, রাসেল ক্রো, অপরাহ উইনফ্রে, শের, প্যারিস হিলটন, অ্যাডাম স্যান্ডলার, এমিনেম ও লেডি গাগার মতো তারকাদের।