তারকাদের যেসব প্রিয় খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দার তারকা যাঁরা, তাঁরা আমাদের মতোই ক্রীড়াভক্ত। তারকাদের মাঝেমধ্যেই দেখা যায় বিভিন্ন খেলায় স্টেডিয়ামের গ্যালারিতে। নিজের প্রিয় দল আর খেলোয়াড়কে উৎসাহ দেন সাধারণ মানুষদেরই মতো। আজ অধুনায় পড়ুন এমনই কয়েকজন ক্রীড়াভক্ত তারকার কথা।

ফুটবল আর বাস্কেটবল প্রিয় টম ক্রুজের

নিজ সন্তানদের নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার শখ আছে হলিউড তারকা টম ক্রুজের। ফুটবল আর বাস্কেটবল বেশ প্রিয় তাঁর। বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের খেলা থাকলে টম ক্রুজ স্টেডিয়ামে যাবেনই এমন অবস্থা। মেয়ে সুরি ক্রুজকে নিয়ে প্রায়শই তাঁকে বাস্কেটবল স্টেডিয়ামে দেখা যায়। আর বাড়িতে নাকি ফুটবল খেলার চ্যানেলে সব সময় চোখ আটকে থাকে টমের।

বাস্কেটবল প্রিয় রিয়ান্নার

মিয়ামি হিট মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলগুলোর মধ্যে বেশ জনপ্রিয়। এই জনপ্রিয় দলের পাঁড়ভক্ত বাস্কেটবলভক্ত গায়িকা রিয়ান্না। যখনই মিয়ামি হিটের খেলা থাকে তখনই স্টেডিয়ামে দেখা যায় তাঁকে। শুধু তা-ই নয়, চোখে মিয়ামি লেখা চশমা আর জার্সি দেখা যায় তাঁর গায়ে। রিয়ান্না যে সব সময়ই বাস্কেটবল ভক্ত, এটা তাঁর কেডস দেখলে যে কেউই টের পাবেন। বাস্কেটবল খেলার জন্য নাইকির বিশেষ এয়ার জর্ডান কেডস প্রায় সময়ই রিয়ান্নার পায়ে দেখা যায়।

বেসবল ভক্ত মার্ক ওয়ালবার্গ

দ্য ডিপার্টেড, দ্য ইতালিয়ান জবসহ অ্যাকশন ঘরানার সিনেমার জন্য বেশ আলোচিত মার্ক ওয়ালবার্গ। হলিউডের এই অভিনেতার প্রিয় খেলা হচ্ছে বেসবল। মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে জন্মেছেন বলেই হয়তোবা তাঁর প্রিয় দল বোস্টন রেড সক্স। বেসবল এতটাই তাঁর প্রিয় যে মাঝেমধ্যে ছুটির অবসরে স্টেডিয়ামের প্রিয় দলের জার্সি পরে নেমে যান এই তারকা।

ফুটবল ভক্ত জেনিফার ও মিলা

ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনের প্রিয় খেলা ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর প্রিয় দল ওয়াটফোর্ড এফসি। জেনিফারের মতো হলিউড অভিনয়শিল্পী মিলা কুনিসও ফুটবলের দারুণ ভক্ত।

ওয়াটফোর্ড এফসি মিলারও প্রিয় দল।

মার্শাল আর্টস আর বক্সিং প্রিয় আয়রন ম্যানের

অর্ধেক দুনিয়া তাঁকে চেনেন আয়রন ম্যান নামে আর বাকি অর্ধেক রবার্ট ডাউনি জুনিয়র। রবার্টসের প্রিয় খেলা হচ্ছে বক্সিং আর মার্শাল আর্টস। বেশ ছোটবেলায় মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন রবার্ট। সেই আসক্তি কাটাতে নাকি মার্শাল আর্টস শেখা শুরু করেছিলেন তিনি। মার্শাল আর্টস আর বক্সিংয়ের প্রতি আগ্রহই তাঁর আসক্তি কমিয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র।

হ্যারি পটারের বন্ধুর প্রিয় টেনিস আর হকি

পর্দার তারকা হিসেবে বেশ জনপ্রিয় এমা ওয়াটসন। হ্যারি পটারের বন্ধু হিসেবে আলোচিত এমা ছোটবেলা থেকেই হকি আর টেনিস খেলার প্রতি আগ্রহী। এমনকি কলেজ আর বিশ্ববিদ্যালয়ের হকি টিমে একসময় নিয়মিত দেখা যেত এমাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে টেনিস খেলার প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। বাড়িতে নাকি এক সেট টেনিস ব্যাটও আছে এই তারকার।

সুবর্ণা মুস্তাফার প্রিয় ক্রিকেট

ছোটবেলা থেকে বাবার সঙ্গে ক্রিকেট শুনতেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তখন তো টিভিতে ক্রিকেট খেলা দেখার উপায় ছিল না। তিনি বলেন, ছোট থেকেই আমি প্রচণ্ড ক্রিকেট ভক্ত। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জগন্নাথ হলের মাঠ, ধানমন্ডির মাঠ, ঢাকা স্টেডিয়ামসহ সব মাঠেই খেলা দেখতে যেতাম। কিছুদিন হলো ধারাভাষ্য দিচ্ছি। এই কাজটি খুব উপভোগ করি বলেই করি।

কিং খানের প্রিয় ক্রিকেট

শাহরুখ খান আর ক্রিকেট—অনেক ক্ষেত্রেই একসঙ্গে নাম দুটি উচ্চারণ করতে দেখা যায়। ছোটবেলায় গলির ক্রিকেটে উইকেটকিপার হিসেবে খেলতেন কিং খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে তাঁর উন্মাদনার খবর গেল কয়েক বছর ধরে পত্রিকার বিনোদন পাতা ছাড়িয়ে খেলার পাতায় চলে গেছে। কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। শুধু তা-ই নয়, দক্ষিণ আফ্রিকার টোয়েন্টি লিগ আর ওয়েস্ট ইন্ডিজের সিপিএলেও তাঁর টিম খেলছে। নিজ পরিবারের সঙ্গে স্টেডিয়ামে থাকা তাঁর দারুণ প্রিয় কাজগুলোর একটি।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান,সূত্র: দ্য র‍্যাংকার ও দ্য মিরর