তারকাদের স্বপ্ন ওড়ার দিন
‘আকাশ ছোঁয়া স্বপ্ন আছে, সব মানুষের বুকের কাছে। স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে, কিছু স্বপ্ন ঝরে পড়ে। তবুও মানুষ স্বপ্ন দেখে সীমাহীন, মনটা ছুঁয়ে থাকে স্বপ্ন ওড়ার দিন’—চ্যানেল আইয়ের জন্য নির্মিত সেলিব্রেটি টক শো ‘স্বপ্ন ওড়ার দিন’-এর সূচনা সংগীত এটি। গানটির গীতিকার জাহিদ আকবর ও সুরকার ফরিদ আহমেদ । অনুষ্ঠানটির মাধ্যমে দীর্ঘ সাত বছর পর আবারও দর্শকদের সামনে আসছেন ফারিয়া হোসেন। তারকাদের জীবনের নানা স্বপ্নময় ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই টক শো। স্বপ্ন ওড়ার দিন নামের এই সেলিব্রেটি টক শোতে বিনোদন জগতের খ্যাতনামা তারকারা দর্শকদের তাঁদের স্বপ্নের কথা জানাবেন। এরই মধ্যে অনুষ্ঠানটির তিন পর্বের শুটিং শেষ হয়েছে। প্রথম তিন পর্বে অতিথি ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি এবং অপি করিম। ২৬ পর্বের অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও উপস্থাপনায় আছেন ফারিয়া হোসেন। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন দেখি। স্বপ্নের ঘটনাগুলো দর্শকদের সঙ্গে শেয়ার করতে এ ধরনের একটি অনুষ্ঠানের কথা অনেক দিন ধরে ভাবছিলাম। সেটা করতে পেরে এখন বেশ ভালো লাগছে। আমি মনে করি, এমন অনুষ্ঠান দর্শকদের ভালো লাগবে।’ প্রতিক্রিয়ায় আফসানা মিমি বলেন, ‘আমার কাছে কনসেপ্টটা নুতন মনে হয়েছে। আশা করি, এ প্রোগ্রামের মাধ্যমে আমিও নিজেকে খুঁজে পাব। অনুষ্ঠানের নাম যদিও স্বপ্ন ওড়ার দিন—এটি আসলে নিজেকে ওড়ানোর দিন।’