
এসেছিলেন অনেকেই। মুস্তাফা মনোয়ার, মুস্তাফা জামান আব্বাসী, মামুনুর রশীদ, খায়রুল আনাম সবুজ, আলী ইমাম, ম. হামিদ, তারিক আনাম খান, জুয়েল আইচ, শাইখ সিরাজ, আমজাদ হোসেন—নাম বলে শেষ করা যাবে না। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন তাঁদের অনেকেই এসেছিলেন এক ছাদের নিচে।
আমন্ত্রিত অতিথিরা স্মৃতি রোমন্থন করলেন। দুঃখ প্রকাশ করলেন; আবেগ, অনুভূতি, অভিযোগ, অনুযোগ সবই জানালেন। বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণজয়ন্তী ২৫ ডিসেম্বর। তার আগে গতকাল মঙ্গলবার গুলশানের একটি হোটেলে হয়ে গেল ছোটখাটো একটি মিলনমেলা।
বিটিভির সুবর্ণজয়ন্তী উপলক্ষে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের বাংলা টেলিভিশনের ৫০ বছর গ্রন্থের প্রকাশনা উৎসব ছিল এটি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমাদের সময় দেশের সবচেয়ে মেধাবীরা টিভিতে গেছে। আজকে ঝগড়া করা ছাড়া কেউ টিভিতে যায় না। আমি বিটিভির কথা বলছি না। এখানে তো ঝগড়ার কোনো প্রশ্নই আসে না, সবাই প্রশংসা করে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক ও অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। এরপর চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘একটি টেলিভিশনের পাণ্ডুলিপি থেকে শুরু করে শিষ্টাচার, আসবাবপত্র সবকিছুই স্থান পেয়েছে বইটিতে। তাই এটি একটি জীবন্ত দলিল হিসেবে উপস্থাপিত হবে আমাদের সামনে।’
বিটিভির শুরু থেকে দীর্ঘ সময় পথচলার সঙ্গী হিসেবে সে সময়ের মজার অনেক অভিজ্ঞতা বর্ণনা করে উপস্থিতদের আনন্দ দেন মুস্তাফা মনোয়ার ও আলী ইমাম। মুস্তাফা মনোয়ার বলেন, ‘সবাই বলল সরকার নাকি নিজের জন্য বিটিভিকে ব্যবহার করছে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, সরকার কোনো দিন টেলিভিশনটা ব্যবহারই করল না। সরকারের তথ্যচিত্র যেগুলো তৈরি হয় সেগুলো তথ্যে এতটাই ভারাক্রান্ত যে, নিজেই পড়ে যায়।’
অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা গাইলেন রবীন্দ্রসংগীত ‘ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে’। এ গানটিকেই লেখক বইটিতে উৎসর্গ করেছেন।
এরপর মঞ্চে এসে মামুনুর রশীদ বললেন, ‘টেলিভিশন রাজনীতিবিদ বা আমলাদের নয়। এটা শিল্পী-সাহিত্যিকদের মাধ্যম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বিটিভি আমলাতন্ত্র এবং অপরাজনীতিতে জর্জরিত এটা সত্যি। এগুলো আপদের মতো। এ আপদ থেকে বিটিভিকে আলাদা করা যায় কি না, সে বিষয়ে কিছু সুপারিশ রয়েছে। তিনি বলেন, টেলিভিশনের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকলেও টেলিভিশনের আদ্যোপান্ত নিয়ে এমন বই লেখার সাহস কেউ দেখাননি। দেখিয়েছেন ফরিদুর রেজা সাগর।
ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক। তিনি বলেন, ‘আমরা এখন তথ্যের সমুদ্রের সম্মুখীন হয়েছি। তাই তাঁকে আমি এখন থেকে ফরিদুর রেজাকে “মহাসাগর” নামে ডাকব।’
প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের আগে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বইয়ের মোড়ক উন্মোচন করেন বইয়ের লেখক ফরিদুর রেজা সাগর।