তারকাদের হরিয়ানি ভাষা শেখান তিনি

‘দঙ্গল’ সিনেমার কাহিনি ভারতের হরিয়ানার এক কুস্তিগীর মহাবীর সিং ফোগাত ও তাঁর দুই মেয়েকে নিয়ে। পরিচালক আগেই জানিয়ে দিয়েছিলেন, মহাবীরের চরিত্রে আমিরসহ অন্যান্যদের কথা বলতে হবে হরিয়ানি ভাষায়। এই ছবির তারকাদের হরিয়ানি ভাষা শেখানোর জন্য একজন শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর শেখানোতে সন্তুষ্ট হতে পারছিলেন না ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আমির তাই যোগাযোগ করলেন কঙ্গনা রণৌতের সঙ্গে। কারণ, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে কঙ্গনার মুখের চোস্ত হরিয়ানি তখনো তাঁর কানে বাজছে। এরপর কঙ্গনাই আমিরকে বাতলে দিলেন নিখুঁত হরিয়ানি শেখার উপায়। জানালেন, সুনিতা শর্মা নামের এক নারীর কাছ থেকেই এত ভালো হরিয়ানি শিখেছেন তিনি। আমিরও দেরি না করে সুনিতাকে নিজের শিক্ষক হিসেবে নিয়োগ দিলেন। তারকাদের হরিয়ানি ভাষা শেখাতে গিয়ে এখন নিজেই তারকা বনে গেছেন এই সুনিতা।
সুনিতা শর্মা হরিয়ানার মেয়ে, এটি বলাই বাহুল্য। হরিয়ানার পিপলি গ্রামে তাঁর বাড়ি। আমির খানের প্রযোজনা সংস্থা এই গ্রামের কাহিনি নিয়েই বানিয়েছিল ‘পিপলি লাইভ’ ছবিটি। বলিউড তারকাদের হরিয়ানা ভাষা শেখানোর আগে সুনিতা ডাবিং ও বিজ্ঞাপনের জিঙ্গেলের জন্য কণ্ঠ দিতেন। ১৯৯৪ সালে নির্মাতা আনন্দ এল রায়ের একটি ছবিতে তারকাদের হরিয়ানা ভাষা শেখাতে মুম্বাই আসেন। এরপর থেকে এই শহরেই রয়ে গেছেন।
কেমন লাগে তারকাদের হরিয়ানি উচ্চারণ শেখাতে? এই প্রশ্নের উত্তরে সুনিতা বলেন, নিজের পরিচিতির চেয়ে মাতৃভাষার জনপ্রিয়তাতেই তিনি বেশি গর্বিত। কঙ্গনা ও আমিরের মতো তারকারা এই ভাষায় সংলাপ দেওয়ার পর এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। আগে কেবল হিন্দি সিনেমার দুর্নীতিগ্রস্ত পুলিশ চরিত্রকে এই ভাষা শেখাতে হতো সুনিতার। এতে খুব মন খারাপ লাগত। এখন ছবির নায়ক-নায়িকারাও হরিয়ানিতে সংলাপ দেন, এতেই খুশি তিনি।
‘দঙ্গল’ সিনেমার শুটিং চলাকালে সব সময় আমির খানের সঙ্গেই থাকতেন তাঁর এই হরিয়ানি শিক্ষক। এমনকি শুটিং প্যাক আপের পরেও পথে আমিরের গাড়িতে চলতো হরিয়ানি উচ্চারণের ক্লাস। সুনিতা বলেন, ‘আমির স্যারের হরিয়ানি ভাষার শিক্ষক হওয়া আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো আনন্দের ঘটনা।’ হিন্দুস্তান টাইমস