তারকাদের ১২.১২.১২ উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য সবার মতো তারকাদের কাছেও ১২.১২.১২ দিনটি বেশ আকাঙ্ক্ষিত হয়েই ধরা দিয়েছে। তাঁরাও চাইছেন দিনটিকে তাঁদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে স্মরণীয় করে রাখতে। কেউ বিয়ে করার জন্য বেছে নিয়েছেন এদিনটিকে, আবার কেউবা অ্যালবাম প্রকাশ কিংবা নিজেদের কাজের মহরত অনুষ্ঠান ঘোষণার মধ্য দিয়ে উদযাপন করছেন দিনটি। ১২.১২.১২ তারিখটিকে স্মরণীয় করে রাখতে তিনজন তারকা এই দিনে তাঁদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন। এরা হলেন- মোনালিসা, সিদ্দিক ও সাঈদ বাবু। এদের মধ্যে মোনালিসা ও সাঈদ বাবুর বিয়ে অনুষ্ঠান ঢাকায় এবং সিদ্দিকের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। এ বছরের ১৭ই জুন পারিবারিক আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বাগদান হয় মোনালিসার। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। মোনালিসা বলেন, ‘১২.১২.১২ তারিখটি স্মরণীয় একটি দিন। তাই বিয়ের জন্য আমরা এ দিনটি বেছে নিয়েছি।’ অন্যদিকে এ বছরের ২৩ মে গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছিলেন অভিনেতা সিদ্দিক। একেবারে হঠাত্ করেই বিয়েটা হয়েছিল বিধায় কাউকে কিছু জানাতে পারেননি সিদ্দিক। সিদ্দিক বলেন, আমার স্ত্রীর নাম মারিয়া মীম। স্পেন প্রবাসী। আমাদের বিয়ে হয়েছিল সিরাজগঞ্জে, আমার বোনের বাসায়। বড় আকারে আজ বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা থাকলেও তা না করে বাবার ইচ্ছায় আমার গ্রামের বাড়ি মধুপুরে এতিমখানায় মিলাদ পড়াব এবং পারিবারিকভাবে একটি অনুষ্ঠান করব। বিবাহোত্তর সংবর্ধনাটি হবে ২০১৩ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। ১২.১২.১২ তারিখটিকে স্মরণীয় করতে আজ বিয়ে করছেন ছোটপর্দার আরেক অভিনেতা সাঈদ বাবু। পাত্রী নাজমুন নাহার। সাঈদ বাবু বলেন, আমার স্ত্রী নাজমুন নাহার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পারিবারিকভাবে এ বিয়ের আয়োজন করা হচ্ছে। আর ১২.১২.১২ খুবই উল্লেখযোগ্য মনে হওয়াতে এই দিনে বিয়ের কাজটা করার ইচ্ছে হলো।’ তারকাদের বিয়ে ছাড়াও ১২.১২.১২ তারিখের এই দিনে রেডিওতে মুক্তি পাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের নতুন একক গানের অ্যালবাম ‘স্বাধীন’। একই সাথে আজকের দিনে স্বাধীন অ্যালবামের সিডিও প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর তা সম্ভব হচ্ছে না। স্বাধীন অ্যালবামটি সিডি আকারে বাজারে আসবে ১৪ ডিসেম্বর। স্বাধীন ছাড়াও আজ মুক্তি পাচ্ছে আনিসুর রহমান মিলন, ববি ও মারুফ অভিনীত ইফতেখার চৌধুরীর নতুন ছবি ‘দেহরক্ষী’র গানের অ্যালবাম। জি সিরিজের ব্যানারে আজ থেকে সারাদেশে অ্যালবামটি পাওয়া যাবে। এছাড়া নতুন প্রজন্মের আরও বেশ কয়েকজন কণ্ঠশিল্পীর গান ও গানের ভিডিও প্রকাশিত হচ্ছে।এদিকে আজ বিকেলে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে নতুন একটি চলচ্চিত্রের মহরত হবে। নাম ‘লাভ ২১’। রাজিব সরকার ও কমল সরকারের যৌথ পরিচালনায় ছবিটিতে অভিনয় করবেন ‘মীরাক্কেল’খ্যাত জামিল হোসেন, ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার আসিফ ইমরোজ, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’খ্যাত তন্ময় এবং তুলনা। পরিচালক রাজিব সরকার বলেন, ‘ছবিটির শুটিং শুরু হবে আগামী বছরের মার্চে। ১২.১২.১২ দিনটি উদযাপনের জন্যই আজকের দিনে মহরত অনুষ্ঠানের আয়োজন করেছি।’