তারকার ফেসবুকে বিশ্বকাপ

বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের তারকারাও এর বাইরে নন। যাঁরা ফেসবুকে আছেন তাঁরা বেশ মুখর। প্রিয় দল এবং খেলা সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত দিয়ে চলেছেন তাঁরা৷ তারকাদের কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে ও তাঁদের সঙ্গে কথা বলে তৈরি হয়েছে এই লেখাটি
ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়। খেলা শুরুর আগে স্ট্যাটাসে গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ লেখেন, ‘ব্রাজিল নাকি ক্রোয়েশিয়া’। স্ট্যাটাসের নিচে তাঁর এক ভক্ত মন্তব্য করেন, ‘ক্রোয়েশিয়া কিন্তু নেইমার’। আরেকজন লেখেন, ‘সব দলকে সমর্থন করব, কিন্তু ব্রাজিলকে না’। একই স্ট্যাটাসে নাফিসা তাসনিম নামের আরেকজন লিখেছেন, ‘ব্রাজিল ইনডিড!!! এইসব ক্রোয়েশিয়া-ফ্রোয়েশিয়ার দিকে তাকানোর টাইম নাইক্কা।’ পরদিন হাবিব লেখেন, ‘হল্যান্ড অর স্পেন’। গত রোববার এই শিল্পী লেখেন ‘হোয়াট এ ক্রস বাই রুনি’। এসব স্ট্যাটাস দেখে হাবিবকে জানার উপায় নেই তিনি আসলে কোন দলের সমর্থক। হাবিব আসলে কোন দলের সমর্থক জানতে চাইলে বলেন, ‘গ্রুপ পর্বে আমি দলেরই খেলা দেখি। তারপর যে দলের খেলা ভালো লাগে, সেই দলের প্রতি সমর্থন জানাই। কারণ ভালো খেলা দেখতেই আমার ভালো লাগে। তবে ওই দলটিই কিন্তু আমার প্রথম ও প্রধান পছন্দ নয়। আমার সব সময় পছন্দের দল আর্জেন্টিনা।’
ব্রাজিলের খেলা শুরুর আগে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার তাঁর স্ট্যাটাসে শুধু ‘ব্রাজিল...’ লেখেন। এই স্ট্যাটাসের পক্ষে ৬৭৭টি লাইক এবং ৬৭টি কমেন্ট আসে। নানা ধরনের মন্তব্যের মধ্যে সাইদ মামুন নামের একজন লেখেন, ‘দিস ইয়ার, ইটস ওনলি আর্জেন্টিনা’। রাশেদ রানা লেখেন, ‘বাপ্পা দা আমার মনে হয় তুমি সবার’। সাজিয়া কবিরের মন্তব্য, ‘ইস্ট অর ওয়েস্ট অলওয়েজ আর্জেন্টিনা ইজ বেস্ট’। এদিকে খেলা শুরুর পর ব্রাজিল যখন আত্মঘাতী গোল হজম করে তখন বাপ্পা লেখেন ‘হেল নো’। এই স্ট্যাটাসে পার্থিব ব্যান্ডের ভোকাল আশফাকুল বারি রুমন সহমর্মিতা জানিয়ে লেখেন, ‘আহারে দাদা’। বাপ্পা তাঁর প্রতি-উত্তরে লেখেন ‘ধ্যাত!’ আবার পরক্ষণে ব্রাজিলের পক্ষে নেইমার গোল করলে প্রথমে ‘গোল’ এবং পরে ‘হু হু হু হু হু হা হা হা...!!!’ আর খেলা শেষে পরিপূর্ণ বিজয়ের স্বাদ পাওয়ার পর বাপ্পা একইভাবে লেখেন, ‘হু হু হু হু হু হু হা হা হা হা...ইয়েসসসস।’

গায়িকা কোনালের প্রিয় দল ব্রাজিল। যখন থেকে খেলা বোঝেন, তখন থেকেই নাকি ব্রাজিল দলটি তাঁর খুব প্রিয়। তাঁর মতে, ফুটবল যে নান্দনিক ও শৈল্পিক খেলা, ব্রাজিল তা বরাবরই বুঝিয়ে দিয়েছে। ২০০২ সালের বিশ্বকাপে রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, রিভালদোদের খেলা তাঁকে মুগ্ধ করে। পরের বিশ্বকাপে যোগ দেন তারকা খেলোয়াড় কাকা আর রবিনহো। আর এবার তো বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমার আছে। আছে অস্কারের মতো প্রতিভাবান খেলোয়াড়৷’ জানালেন কোনাল। ব্রাজিলের উদ্বোধনী খেলা শুরুর আগে ফেসবুক স্ট্যাটাসে কোনাল লেখেন, ‘এক্সাইটেডলি ওয়েটিং ফর “দ্য ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট শো”!!! অ্যান্ড ইয়া, ভাবছি ব্রাজিলের উইনটা অ্যাডভান্স সেলিব্রেট করব কিনা;)- ফিলিং এক্সাইটেড,।’ আরেকটি স্ট্যাটাসে কোনাল লেখেন, ‘উফ্ যেদিকে তাকাই শুধু ব্রাজিল আর ব্রাজিল!!! খুশির অশ্রু আনন্দের নাচন কই রাখি: ফিলিং উফ্ফ এত ভালো কেন আমার ব্রাজিল।’ কোনালের প্রথম স্ট্যাটাসে সাইদুল ইসলাম রুহান নামের একজন মন্তব্যে লেখেন, ‘ব্রাজিল হোয়াইট ওয়াশ হবে’। পাল্টা জবাবে কোনাল বলেন, ‘জিতলে কী হবে???’ তখন রুহান আবার লেখেন, ‘জিতলে শাহান ভাই আমাকে মারবে’। উত্তরে কোনাল লেখেন, ‘না না, ব্রাজিলিয়ান সাপোর্টাররা ভদ্র, নম্র, সভ্য, শিক্ষিত ও সমঝদার হয়। সো ডোন্ট অরি।’

এ প্রজন্মের অভিনয়শিল্পী শশীর পছন্দের দল আর্জেন্টিনা। তাঁর ফেসবুকের প্রোফাইল ছবি ও কভার ছবিতে প্রিয় দলের জার্সি পরা ছবি শোভা পাচ্ছে৷ প্রিয় দলের খেলা শুরুর আগে দেওয়া স্ট্যাটাসে শশী লিখেছেন, ‘বেস্ট উইশেস ফর আওয়ার বিলাভড আর্জেন্টিনা। শিওর ইট উইল উইন অন ১৫ জুন, আওয়ার হার্ট ফেল্ট ওয়ার্ম উইশেস টু অল দ্য প্লেয়ারস....। উই লাভ আর্জেন্টিনা অ্যান্ড অফকোর্স অলওয়েজ: অ্যান্ড জাস্ট অলওয়েজ’। আর খেলা শুরুর পর শশী তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘ইয়েসসস জিতে দিন শুরু হলো...অবশ্য আই নিউ ইট। জাস্ট লাভ ইউ আর্জেন্টিনা। কিপ ইট আপ অ্যান্ড গড ব্লেস ইউ আর্জেন্টিনা’।
অভিনেত্রী মিম ব্রাজিলের সমর্থক। প্রিয় দলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। ফেসবুকে মিমের স্ট্যাটাসটি হচ্ছে, ‘ব্রাজিলের প্রথম খেলাটা সেই অর্থে কারও মন ভরাতে পারেনি, বিশেষ করে ব্রাজিলিয়ান সমর্থকদের। বলতে পারি, প্রিয় টিম থেকে প্রত্যাশিত খেলা উপহার পাইনি আমরা। আশা করছি, ব্রাজিল আজ নিজ রূপে মাঠে আবির্ভূত হবে, আই মিন ব্রাজিল খেলবে ব্রাজিলের মতোই। অপেক্ষা করছি নান্দনিক আর শৈল্পিক ফুটবল খেলা দেখার। গো এহেড আমার ব্রাজিল। আমরা আছি...৷’
মিমের দেওয়া এমন স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে রুমন রায় নামের একজন লিখেছেন, জয় হোক নান্দনিক ফুটবলের, জয় হোক সৃজনশীলতার। শুভকামনা ব্রাজিল।’
বুঝতেই পারছেন, তারকাদের মধ্যেও সংক্রমিত হয়েছে বিশ্বকাপ–জ্বর৷ প্রিয় দলের জয়ে উল্লসিত হচ্ছেন তারকারা, পরাজেয় হচ্ছেন বেদনার্ত৷ ড্র হলে ছাড়ছেন দীর্ঘশ্বাস৷ ফাইনালের আগ পর্যন্ত এই জ্বর থাকবে বলেই মনে হয়৷