তারকারা এখন সুইজারল্যান্ডে

শাকিরা, ম্যাট ডেমন, ফরেস্ট হুইটেকার, জর্জ ক্লুনি পৌঁছে গেছেন। হাজির হয়েছেন ভারতের করণ জোহর ও পাকিস্তানের অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা শারমীন ওবায়েদ। সুইজারল্যান্ডের দাভোস শহরে চলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলন। শুধু কি বিশ্বনেতা ও প্রভাবশালী ব্যক্তিরাই থাকবেন সেখানে? সারা দুনিয়ার সংস্কৃতিজগতের প্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদেরও তো থাকা চাই।

বার্ষিক এ সম্মেলনে কলম্বিয়ার সংগীতশিল্পী শাকিরাকে দেওয়া হয়েছে ক্রিস্টাল অ্যাওয়ার্ড। একই পুরস্কার পেয়েছেন হলিউড অভিনেতা ফরেস্ট হুইটেকার ও জার্মান বংশোদ্ভূত বেহালাশিল্পী অ্যান-সোফি মাটার। সম্মেলনের প্রথম দিন একটি বিশেষ আলোচনায় অংশ নেন হলিউড অভিনেতা ম্যাট ড্যামন। সেখানে বিশুদ্ধ পানি সংরক্ষণ নিয়ে কথা বলেন তিনি।
গতকাল দাভোস থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজের উপস্থিতির কথা জানান বলিউড নির্মাতা করণ জোহর। হলিউড অভিনেতা জর্জ ক্লুনির সঙ্গে তোলা সেই সেলফিই শেষ কথা নয়। সম্মেলনের ‘কালচারাল ডাইভারসিটি’ প্যানেলের একটি আলোচনায় অংশ নেবেন করণ। সম্মেলনে অস্কারজয়ী শারমীন ওবায়েদ নিজ দেশ পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। ১৭ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। সিএনবিসি, এএফপি ও ডন