তারকারা নামছেন ক্রিকেট মাঠে

আজ ঢাকায় পা রাখছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে তাদের ক্রিকেটযুদ্ধ শুরু হবে ১০ জুন। তবে এই ক্রিকেটযুদ্ধের আগে মাঠে নামছেন এ দেশের বিনোদনজগতের তারকারা। বিষয়টা পরিষ্কার করা যাক, আজ রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল’। বিভিন্ন অঙ্গনের তারকারা ছয়টি দলে ভাগ হয়ে নামবেন মাঠে। যাঁরা এত দিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ব্যস্ত ছিলেন, তাঁরাই আজ মাঠে নামছেন ব্যাট-বল হাতে। তবে এ আয়োজনটি এখনই সাধারণ দর্শকেরা উপভোগ করতে পারবেন না। এ জন্য তাঁদের অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। কারণ, এই সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল আসছে ঈদে প্রচারিত হবে গাজী টিভিতে। অর্থাৎ শুধু টিভি অনুষ্ঠানমালাতেই সীমাবদ্ধ থাকছে এ আয়োজন। তারকাদের নিয়ে এই ফেস্টিভ্যালটি আয়োজন করেছে বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ডের সহযোগী প্রতিষ্ঠান স্পোডিয়াম।
খেলায় অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে রয়েছে বাংলালিংক পপকর্ন লাইভ স্ট্রাইকার্স, ধ্বনি চিত্রের হুঙ্কার, টেলিহোম টাইটানস, ভিশন পিআর লিজেন্ড, অরেঞ্জ রকার্স ও ইউসিএফ ওয়ারিয়র্স।
প্রতিটি দলে থাকবেন আটজন নিয়মিত খেলোয়াড় এবং চারজন বিকল্প খেলোয়াড়। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে সাতজন টেলিভিশন সেলিব্রেটির সঙ্গে থাকবেন একজন জাতীয় ক্রিকেট দলের বর্তমান অথবা সাবেক খেলোয়াড়। এখানেই শেষ নয়, প্রতিটি দলেই থাকবেন নারী খেলোয়াড়।
খেলার ধরন অন্য রকম। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছয়টি দল মোট ১৫টি লিগ ম্যাচ খেলবে। এরপর দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী হবে একটি দল।
সবকিছু ঠিক থাকলে আজ ও আগামীকাল বিনোদনজগতের সব চেনামুখ নামছেন ব্যাট-বলের লড়াইয়ে।