তারকাশূন্য হচ্ছে ঢাকা
চলতি সপ্তাহ থেকে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে তারকাশূন্য হতে শুরু করেছে। এ শূন্যতা কাটতে সময় লাগবে অন্তত এক মাস। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় আয়োজন ফোবানা সম্মেলন কিংবা ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যোগ দিতে দেশের অর্ধশত তারকাশিল্পী প্রায় এক মাস সেখানে অবস্থান করবেন।এবারের আয়োজনটা বিগত বছরগুলোর চেয়ে বড় আকারের এবং তিনটি ভাগে বিস্তৃত। তাই অংশগ্রহণকারী শিল্পী-কুশলীদের সংখ্যাও প্রায় দ্বিগুণে দাঁড়িয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, জুলাই মাসের পুরোটা জুড়ে কর্মব্যস্ত ঢাকার মিডিয়ায় নেমে আসবে শূন্যতা।এরই মধ্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, এস আই টুটুল, অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওনসহ বেশ কয়েকজন তারকাশিল্পী। চলতি সপ্তাহের মধ্যে ভিসার প্রক্রিয়া শেষ করে উড়াল দেওয়ার কথা রয়েছে অন্তত অর্ধশতাধিক শিল্পী-কুশলীর। এদের অনেকের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। তবে বেশ কয়েকজন ভিসা জটিলতায় পড়েছেন। ভিসা নিশ্চিত হওয়া তারকা কণ্ঠশিল্পীদের মধ্যে রয়েছেন কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, রবি চৌধুরী, কনক চাঁপা, পার্থ বড়ুয়া, বেবী নাজনীন, বারী সিদ্দিকী, বালাম, হাবিব, মিলা, আরফীন রুমী, ন্যান্সি, ইভা রহমান, ডলি সায়ন্তনী, রিংকু, নিশীতা, কোনালসহ আরও অনেকে।অন্যদিকে টিভি ও চলচ্চিত্র শিল্পের মধ্যে নাট্য নির্মাতা অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, মুহাম্মদ মুস্তফা কামাল, অপূর্ব, বিন্দু, সারিকা, নওশীন, মীম, আরফীন শুভ, নুশরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, সিদ্দিকুর রহমান, চঞ্চল চৌধুরী, নিরব, নিপুণ, উপস্থাপক আনজাম মাসুদসহ আরও অনেকে। আয়োজক সূত্রে জানা গেছে, কলকাতা থেকে এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাপ্পী লাহিড়ী, মিতালী মুখার্জিসহ টালিগঞ্জের জনপ্রিয় অভিনয় শিল্পীদের একটি দল। জুলাই এর প্রথম সপ্তাহের মধ্যে তিনটি বড় আয়োজন সম্পন্ন হলেও সহসা ঢাকায় ফিরছেন না বেশির ভাগ তারকা। জানা গেছে, মাত্র তিন দিনের এ জমকালো আয়োজনের সূত্র ধরে টানা প্রায় দেড় মাস আমেরিকার বাঙালি কমিউনিটিতে চলে উত্সবের আমেজ। এর মধ্যে অনুষ্ঠান শুরুর আগে এবং পরে আমন্ত্রিত শিল্পীরা অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে।এবার একই সময়ে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি বড় অনুষ্ঠান। প্রতিবছর তারকাদের একটা অংশ এ উত্সবে অংশ নেওয়ার সুযোগ পেলেও এবার দেশের প্রায় সর্বস্তরের শিল্পী-কুশলীরা আমন্ত্রণপত্র হাতে নিয়ে উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রে। আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে আয়োজকদের মধ্যে সমঝোতা থাকলেও গত দুই বছর ধরে এ সম্মেলন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একই সময়ে দুই দলই আলাদাভাবে এ সম্মেলন করতে যাচ্ছে। একটি ওয়াশিংটন ডিসিতে ও অন্যটি নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে।