তারা এখন
একাধিক টিভি চ্যানেল। অনেক নাটক নির্মাণ করা হচ্ছে। আরও টিভি চ্যানেল আসছে। নির্মাতারাও কাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। ফলে এখন সব শিল্পীই ব্যস্ত বলা যায়। নতুন প্রজন্মের কয়েকজন শিল্পী আছেন, যাঁদের শিডিউল হুট করে পাওয়াটা খুবই কঠিন। সাম্প্রতিক সময়ে খোঁজ নিয়ে দেখা গেছে, নারী অভিনয়শিল্পীদের মধ্যে এখন নির্মাতা, টেলিভিশন ও স্পনসর প্রতিষ্ঠানগুলো যাদের কাজ পছন্দ করছেন, তাদের মধ্যে সামনের সারিতে আছেন বিন্দু, সারিকা, মীম ও শখ।চারজনের ব্যস্ততা কেমন?সারিকার খুব দুঃখ যে একটু আরাম করে ঘুমানোর সুযোগ নেই তাঁর। শুটিং শেষ করে বাড়ি ফিরে ঘুমাতে ঘুমাতে রাত দুইটা। সকাল হতেই মুঠোফোনের রিংটোন অথবা মায়ের ডাকে ঘুম থেকে উঠেই দৌড়। ‘ঘুমের জন্য আমি কান্নাকাটিও করি। কিন্তু কিছুই করার নেই। মাসে ২৮ দিন শুটিং। আর যে দুটো দিন শুটিং থাকে না, সে দিনগুলোয় হয়তো বা ফটোশুট করছি অথবা টিভি অনুষ্ঠান অথবা স্টেজ শো করতে হচ্ছে। মনে মনে ভাবছি, ঈদের আগের দিনটাতে যদি কাজ না থাকে, তাহলে আয়েশ করে সারাটা দিন ঘুমাব।’ বললেন সারিকা।জানুয়ারি থেকেই ঈদের নাটকের শিডিউল বণ্টন করেছেন সারিকা। এরই মধ্যে ৩০টি নাটকে কাজ করেছেন। এসবের মধ্যেই আবার ব্যাংকক ও ভারতে যেতে হয়েছে দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য। দুটো বিজ্ঞাপনচিত্র ঈদে প্রচারিত হবে। ৭ আগস্ট দেশে ফিরে সারিকা ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে। জানালেন, ঈদের এক দিন আগপর্যন্ত শুটিং করতে হবে। আবার ঈদের দুই দিন পর থেকেই তিনি পরের ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। বিন্দুর শিডিউলের অবস্থা এমন যে গত ২২ জুলাই দিবাগত রাতে আমেরিকা গেলেন। ২৪ জুলাই সকালে পৌঁছে সন্ধ্যায় শো করে রাতেই আবার ঢাকার উদ্দেশে রওনা দিলেন। ২৬ তারিখে ভোর পাঁচটায় দেশে পৌঁছেই শুটিং স্পটে গিয়ে দুই ঘণ্টা ঘুমিয়ে নিলেন। কেউ বিশ্বাস করতে চায় না, এই মেয়ে আমেরিকা গেল, আবার এল। ‘আমি গিয়েছিলাম শো করতে। আগে থেকেই আমার তারিখ দেওয়া ছিল। এক দিনও থাকিনি। কারণ, এখানে অনেক কাজ আগেই নিয়েছিলাম। এক দিন পর এলেই শিডিউল নিয়ে গন্ডগোল লেগে যেত।’ বলছিলেন বিন্দু।কাজ আর কাজ। বিন্দু নিজের ওপর কিছুটা বিরক্ত। কেন?‘বারবার চিন্তা করি কাজ করব, তবে খুব বেশি নয়। কিন্তু কাউকে না করতে পারি না। এভাবেই এবারের ঈদে সব মিলিয়ে বোধ হয় ৪০টির মতো নাটক করা হয়ে গেছে। দুটি টিভি চ্যানেলই আছে সাত পর্বের করে ১৪টি নাটক।’ বললেন বিন্দু।শুধু নাটকেই নয়, বিন্দু ব্যস্ত আছেন সিনেমা নিয়েও। সোহেল আরমানের এই তো প্রেম ছবির কাজ শেষের দিকে। বললেন, ‘এই ছবি মুক্তির জন্য অপেক্ষা করছি আমি।’ছবি ব্যবসাসফল হলে বিন্দুকে তখন নাটকের মানুষেরাও হরহামেশা পাবে কিনা সন্দেহ আছে। হয়তো বড় পর্দাকেই স্থায়ী ঠিকানা করে নেবেন তিনি।প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েক দিন থেকে। শুটিং স্পট গাজীপুরের নক্ষত্র। রাস্তায় এমন পানি যে মীমের গাড়ি ডুবে যায় যায় অবস্থা। তার মধ্য দিয়েও কাজ করার জন্য ছুটে চলেছেন মীম। কিছুই করার নেই তাঁরও। একটা দিন যে অনেক মূল্যবান। এক দিনের শিডিউল মেলাতে তাঁকে হিমশিম খেতে হবে।এবারের ঈদের কথাই ধরা যাক না। মীম ৩০টির বেশি নাটকে কাজ করেছেন। এরই মধ্যে ২০টি নাটক প্রচারের সম্ভাবনা আছে। বললেন, কাজের ব্যস্ততা এমনই যে ২৮ আগস্ট পর্যন্ত শুটিংয়ের তারিখ রাখতে হয়েছে। জানি না, আবার কেউ ঈদের আগের দুই দিন চেয়ে বসে কিনা! মীম এক ঘণ্টা ও ধারাবাহিক নাটকের কাজ নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন।একদিকে নাটকের শুটিং, অন্যদিকে বিজ্ঞাপনচিত্রের কাজ। আবার আছে নাচ। এই তিন মাধ্যমে কাজ করতে করতেই শখের বছর পার হয়ে যাচ্ছে। সঙ্গে আছে আবার পড়াশোনা। ‘রুটিন মাফিক জীবন আমার। প্রতিটি কাজ করি শিডিউল করে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’ বলছিলেন শখ। বছরের কত দিন শুটিং নিয়ে ব্যস্ত থাকেন?শখের উত্তর, ‘হয়তো ২০-৩০ দিন কাজ করি না। এই ২০-৩০ দিন নানুর বাসা আর আত্মীয়স্বজনের সঙ্গে কাটিয়ে দিই। একটু অবসর পেতে যে কী ভালো লাগে।’ঈদে শখ শুধু নাটকেই কাজ করেননি। টিভির জন্য নাচের অনুষ্ঠানও করেছেন। বললেন, ‘ঈদের দুই দিন আগপর্যন্ত কাজ করতে হবে। আবার ঈদের পর পরই শুরু হবে পরের ঈদের কাজ। এই কাজের মধ্যেই আমার রাত হয়, আবার সকাল হয়। এ পর্যন্ত ঈদের ১০টি নাটকে কাজ করেছি, বাকিগুলোর কাজ ঈদের আগপর্যন্ত করতে হবে। ’চার নতুন নারী অভিনয়শিল্পীই যে সামনের দিনগুলোতে ছোট পর্দাকে আরও বেশি রঙিন করে তুলবেন, তাতে কারও কোনো সন্দেহ নেই।