তারা জুটি
চলচ্চিত্র, সংগীত, নাট্যজগতের জনপ্রিয় পাঁচ জুটি নিয়েই আমাদের এই ঈদ আয়োজন। জুটির কাজ, মান-অভিমান, ঝগড়া আবার মিলন—উৎসুক পাঠকের নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই আয়োজনে শাকিব খান-অপু বিশ্বাসঢাকার চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এ জুটির এবারের ঈদেও একাধিক ছবি মুক্তি পাচ্ছে। দর্শকপ্রিয় এ জুটি গড়ে ওঠার পেছনে যেমন রয়েছে অনেক ভালো কাজ, আবার অনেকেই হয়তো জানেন না যে দুবার এমন ঘটনা ঘটেছিল, জুটিটা ভেঙেই গিয়েছিল প্রায়। শাকিব খান তো ঘোষণা দিয়ে বসেছিলেন, অপুর সঙ্গে আর তিনি কাজ করবেন না। কিন্তু জুটি বলে কথা। অপু ঠিকই শাকিবের অভিমান ভাঙিয়েছেন এবং তাঁরা এখনো কাজ করছেন। শোনা যাক সেই দুটি ঘটনার কথা।শাকিব হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যেতে হয় ব্যাংককে। এরপর অপু হঠাৎ করেই অন্য নায়কদের সঙ্গে একাধিক ছবি হাতে নেন। দেশে ফিরে আসার পর শাকিবের সঙ্গে এ নিয়ে অপুর বিরোধ তুঙ্গে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত মনে প্রাণে আছো তুমি ছবির নির্মাতা জাকির হোসেন রাজুর মধ্যস্থতায় এ বিরোধের অবসান হয়।দ্বিতীয়বার এ জুটির মধ্যে মহা গ্যাঞ্জাম লেগে যায় বছর খানেক আগে। শাকিব গণমাধ্যমকর্মীদের তাঁর বাসায় ডেকে বলেন, তিনি আর অপুর সঙ্গে ছবিতে কাজ করবেন না। হেতু: অপু তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। কোনো কোনো নির্মাতা শাকিবের কথামতো নায়িকাও বদল করেন। কিন্তু সাত দিন পরই নাটকীয়ভাবে শাকিব খান জানান, তাঁদের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে।এ ঘটনার পর অনেকেই ধরে নেন, শাকিব ও অপুর মধ্যে কাজের বাইরেও সম্পর্ক হয়েছে। এ সম্পর্কের জের ধরেই জুটির খুনসুটি হয় এবং নানা মুখরোচক কথা শোনা যায়।অবশ্য শাকিব বলেছেন, একসঙ্গে কাজ করতে গেলে তো এক-আধটু ভুল-বোঝাবুঝি হবেই। আবার সেটা ঠিকও হয়।অপু বললেন, ‘মাঝেমধ্যে ভুল-বোঝাবুঝি হয়। সেটা আবার মিটেও যায়। শাকিব আমার নায়ক, তাই অনেক সময় হয়তো ও অভিমান করে বা আমি করি, কিন্তু এটা সাময়িক। এ নিয়ে দীর্ঘস্থায়ী কোনো সমস্যা এখনো হয়নি।’সজল-বিন্দুশোবিজে বিন্দুর এক-দুজন অভিভাবক বলতে যাঁদের বোঝায়, তাঁদের একজন হচ্ছেন সজল। শুরুতেই বিন্দুর অভিযোগ, ‘প্রায়ই সজল ভাইয়ের প্রচণ্ড ঝাড়ি খেতে হয়। এমন ঝাড়ি খাই যে খেই হারিয়ে ফেলি। রাগ হয়, আবার যখন মনে হয় যে ভাইয়া তো আমার ভালোর জন্যই কথাগুলো বলেছে, তখন মনটা আর খারাপ থাকে না।’সজলের কাছে বিন্দুর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সজল একটু অবাকই হলেন। তারপর হেসে বললেন, ‘আরে নাহ্। ওকে তো আমি ছোট বোনের মতো দেখি। এ জন্য মাঝেমধ্যে দেখা গেল কাজটা ঠিকমতো হচ্ছে না, তখন একটু বকা দিই। কিন্তু খুব বেশি ঝাড়ি দিই না।’প্রায় দেড় বছর হলো সজল-বিন্দু জুটি হিসেবে কাজ শুরু করেছেন। টিভির পর্দা খুললেই এখন এ জুটিকে দেখা যায় অহরহ। প্রতি ঈদেই এ জুটি পাঁচ পর্বের, সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তাঁদের দুজনের সখ্য নিয়েও রয়েছে মুখরোচক কথা।প্রসঙ্গটি তুলতেই বিন্দু হাসলেন। ‘কে কী বলে জানি না, সজল আমার বড় ভাই। আমাদের কাজের বোঝাপড়াটা ভালো, তাই আমাদের নিয়ে পরিচালকেরা কাজ করছেন। দেরি করে সেটে এলে সজল ভাই রেগে যান। আমাকে বলবেন, তুই এত রাত পর্যন্ত কাজ করিস কেন? কেন তুই এ সংলাপটা ঠিকমতো বলতে পারলি না। তখন লেগে যায় আমাদের মধ্যে। কিন্তু কাজ শেষ তো আমাদের ঝগড়াটা শেষ হয়ে যায়। তখন আবার আমরা এমনভাবে ভাব করি, গল্প করি,দেখলে কেউ মনেই করবে না যে একটু আগে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল। আরফিন রুমী-পড়শী‘তোমারই পরশে’ গানের মধ্য দিয়ে পরিচয় এবং কাজের শুরু। গানটির মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছিলেন রুমী-পড়শী। এটিতে কাজ করতে গিয়ে দুজনের জুটির সম্পর্ক তৈরি হয়। এরপর এই জুটি একসঙ্গে চাঁদের নিজের কোনো আলো নেই (নাটক), লালটিপ ও পিতা-পুত্রের গল্প (চলচ্চিত্র), ভালোবাসি তোমায় (রুমীর একক) এবং সর্বশেষ নীলাঞ্জনা (মিশ্র) অ্যালবামের গানে জুটি হয়ে কাজ করেন। এ ছাড়া মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান তো রয়েছে। এভাবে নানা কাজের মধ্য দিয়ে রুমী-পড়শী জুটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।পড়শী বলেন, ‘রুমী ভাইয়া যখন দোলনা, প্রিয়তমা ও ভাবনা নদী গানটি অন্য আপুদের (ন্যান্সি ও খেয়া) দিয়ে গাওয়ালেন, তখন ভাইয়ার প্রতি অভিমান হয়েছিল। অবশ্য দোলনা এবং প্রিয়তমার স্যাড ভার্সনে আমি গেয়েছিলাম। তবে সেটা কোনোভাবেই ঈর্ষার পর্যায়ে নয়। আমার মনে হয়েছে, চমৎকার এ গান দুটি আমিও তো গাইতে পারতাম। বিষয়টি মনের মধ্যেই রেখে দিয়েছিলাম। কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। মনের অভিমান মনেই রেখে দিই।’ রুমী বলেন, ‘গানগুলোর জন্য যে ধরনের কণ্ঠের দরকার ছিল, তার জন্য ন্যান্সি ও খেয়াই ছিল উপযুক্ত। বিষয়গুলো পড়শীকে বোঝানোর পর তিনি মনে মনে লজ্জা পান।’রুমী-পড়শী একসঙ্গে জানান, ‘আমাদের দুজনের মধ্যে টুকটাক কাজ নিয়ে অভিমান হয়েছে ঠিকই, তবে সেটা কথা না বলার পর্যায়ে কখনো যায়নি।’এভাবে ভাইবোনের মান-অভিমানসুলভ খুনসুটির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আরফিন রুমী-পড়শী জুটির কাজ।রুমী বলেন, ‘সর্বশেষ আমার একমাত্র ছেলে আরিয়ানের জন্মদিনেও আমরা একসঙ্গে গান করি।’হাবিব-ন্যান্সিহূদয়ের কথা ছবি দিয়েই দুজনের একসঙ্গে কাজের শুরু। তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর কাজ দিয়ে জুটি হয়ে ওঠা। সেখান থেকে আকাশ ছোঁয়া ভালোবাসা, এই তো প্রেম, খোঁজ দি সার্চ সিনেমায় একের পর এক জনপ্রিয় গান দিয়ে তাঁরা জুটি হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তবে এ জুটির মধ্যেও মাঝেমধ্যে খুনসুটি হয়। কী রকম?কোনো খবরের কাগজে হয়তো লেখা হয়েছে, হাবিবের ছায়ায় বেড়ে উঠেছে ন্যান্সি।এমন সংবাদ দেখেই ন্যান্সি ফোন করলেন হাবিবকে। ‘ভাইয়া, আমি যদি আপনার ছায়ায় বেড়ে উঠে থাকি, আর আপনি যদি এভাবেই বলে বেড়ান, তাহলে আমার নিজস্বতা বলে কি কিছু থাকে?’হাবিব বুঝতে পারেন ন্যান্সির কণ্ঠে অভিমান। হাবিব হাসেন। ‘দূর পাগলি, আমি তো এভাবে বলিনি। যারা লিখেছে, এটা তাদের কথা।’তবু যেন ন্যান্সির অভিমান দূর হয় না। গুরু হাবিব তখন শিষ্যকে দু-চারটি ভালো কথা বলে মন ভালো করে দেন।এভাবেই তাঁদের খুনসুটি হয়। তবে কিছুদিন আগে অনেকেরই ধারণা হয়েছিল যে জুটিটা বোধ হয় ভেঙেই গেল। প্রজাপতি সিনেমায় প্রজাপতি গানটিতে ন্যান্সি নেই। চারদিকে কথা ছড়াল, হাবিব এখন অন্যদের নিয়ে কাজ করছেন। ব্যস, ন্যান্সি নিজেই অবাক। আবার ফোন করলেন গুরুকে। ‘ভাইয়া, আপনি আমার ওপর রাগ করছেন? আমি তো কিছুই বুঝছি না। সবাই কী বলে?’হাবিব হাসেন। ন্যান্সিকে বলেন, ‘দেখো, যে গানে যাকে প্রয়োজন, আমি সেই গানে তাকে ব্যবহার করি। প্রজাপতি গানে কনাকে প্রয়োজন ছিল বলেই আমি ওকে নিয়েছি। তুমি নিজে গানটা শোনো, তারপর বলবা যে আমি ঠিক করেছি কি না।’ন্যান্সি গানটা শুনলেন। বললেন, ‘না, ঠিকই, কনাই এ গানের জন্য একদম ঠিক আছে।’হাবিব রেগে গেলে অনেক রেগে যান। দেখা গেল কোনো একটা কাজ হাবিবের মনমতো হচ্ছে না, ন্যান্সি ঠিকমতো গাইতে পারছেন না, তখন হাবিব যে বিরক্তিটুকু প্রকাশ করেন, সেটাই ন্যান্সির চোখে পানি আসার মতো যথেষ্ট। ন্যান্সি আবেগ সামলে নিয়ে গানটা করে চলে যান। সেদিন আর হাবিবের সামনে দাঁড়িয়ে ঠিকমতো কথাও বলতে পারেন না। আবার হয়তো কোনো একটা কাজে হাবিব ন্যান্সিকে ডাকলেন, তখন যেন মান ভাঙল ন্যান্সির। এমনি খুনসুটির মধ্য দিয়েই গুরু-শিষ্যর জুটি এগিয়ে চলেছে। ভক্তরাও পাচ্ছেন তাঁদের ভালো লাগার গান।নীরব-সারিকামডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও নীরব এখন চলচ্চিত্রেই বেশি ব্যস্ত, সারিকা ব্যস্ত মডেলিং এবং টিভি নাটকে। হাতেগোনা তিন-চারটি বিজ্ঞাপন ছাড়া দুজনের একসঙ্গে কাজ করা হয়নি বললেই চলে। কিন্তু দুই মাধ্যমে কাজ করলেও নীরব-সারিকা জুটি সবার কাছে বেশ আলোচিত। নীরব-সারিকা একসঙ্গে বলেন, ‘মুঠোফোনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে আমাদের পরিচয়। কয়েক মাস পরই ছিল ঈদ। এ সময় দুজন একসঙ্গে অনেকগুলো ফ্যাশন হাউসের ফটোশুটে অংশ নিই। বেশ কয়েকটি বিজ্ঞাপনে আমরা দুজন একসঙ্গে কাজ করেছি। এ ছাড়া বিভিন্ন টিভি অনুষ্ঠান এবং মিডিয়ার নানা ঘরোয়া আয়োজনে আমাদের একসঙ্গে উপস্থিতিটা হয়তো সবাই নানা কিছু মনে করতে পারে। তবে জুটি হিসেবে আমাদের গ্রহণ করার জন্য দর্শকের প্রতি অনেক কৃতজ্ঞতা।’দুজনের কোনো কাজ না থাকলে সাধারণত ঘুরে বেড়াতে এবং খেতে পছন্দ করেন। আর ঘুরতে গেলেই গাড়ি ড্রাইভ করতে গিয়ে বাধে ঝগড়া। নীরব বলেন, খুব জোরে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ব্রেক কষি। এ নিয়ে প্রায়ই সারিকা আমার সঙ্গে রাগারাগি করেন। এমনকি কথাবার্তাও বন্ধ হয়ে যায়। সারিকা বলেন, ‘আমার আসলে জোরে গাড়ি চালানোতে কোনো আপত্তি নেই। কিন্তু সে ক্ষেত্রে নিয়ন্ত্রণ ভালো থাকতে হবে। নীরব একেবারে উরাধুরা ড্রাইভ করে। নীরব বলেন, ও (সারিকা) পরিবারের একমাত্র মেয়ে। খুবই আহ্লাদি। আর আমি হচ্ছি আমাদের পরিবারের সবচেয়ে ছোট। দুজনই কোনো কিছু সহজে মেনে নিতে পারি না। মাঝেমাঝে এ নিয়ে ঝগড়া পর্যন্ত হয়। জুটির বাইরেও শোনা যাচ্ছে দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়। এ নিয়ে নীরব-সারিকা দুজনই বলেন, ‘একসঙ্গে চলতে গেলে দুজনের প্রতি ভালো লাগার সম্পর্ক তৈরি হতেই পারে। এটা আসলে ভবিষ্যৎ বলে দেবে।’