
শাঁ করে একটা ঢাউস গাঙচিল উড়ে গেল মাথার ওপর দিয়ে। গিয়ে বসল ল্যাম্পপোস্টের মাথায়। তারপর ঝিম ধরে রইল সেখানেই। কান সমুদ্রসৈকতে ভিড় নেই। সাগরের নীলচে পানিও নিস্তরঙ্গ। দূর পাহাড়ের মাথায় নিভে আসছে সূর্যের তেজ। যেন জানান দিচ্ছে সূর্য নয়, তারাদের দিন এল বলে।
৬৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ বুধবার। বিশ্ব সিনেমার এই মহা আসরে অগণিত তারার ফুলঝুরি ছুটবে টানা ১২ দিন। লালগালিচা ঝলমল করবে হাজারো তারার সরব উপস্থিতিতে। উৎসব শুরুর ঠিক আগের দিনের গতকাল কান সৈকতের সূর্যাস্তকে তাই মনে হতেই পারে তারাদের জ্বলে ওঠার সংকেত।
তারাদের যুদ্ধ
সামনের থালায় বিশাল এক মাংসপিণ্ড। সেই কাঁচা মাংসপিণ্ড আয়েশি ভঙ্গিতে চেটেপুটে খাচ্ছেন সালমা হায়েক। ঠোঁটের দুই পাশে লেগে আছে রক্তের ছোপ। সালমার চোখে-মুখে আশ্চর্য সরলতা। মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক এবারের কান উৎসবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ইল রাক্কোন্তো দেই রাক্কোন্তি (টেল অব টেলস) ছবির ট্রেলারের এই এক ঝলকেই।
একে তো গোমরাহ-এর মতো বিখ্যাত ছবির নির্মাতা ম্যাথু গ্যারনের ছবি। সঙ্গে এমন পিলে চমকানো ট্রেলার। আর সবার ওপরে সালমা হায়েকের বিশ্বজয়ী নিজস্ব সৌন্দর্য তো আছেই। সব মিলিয়ে কান উৎসবের শুরুটা হয়ে উঠতে পারে এই মেক্সিকান রূপসীর।
তবে ৬৮তম উৎসবে সত্যিই মনে রাখার মতো কিছু করতে হলে সালমাকে পাড়ি দিতে হবে দুস্তর পথ। কারণ, তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ফরাসিদের পছন্দের তালিকায় সব সময়ই এগিয়ে থাকা অভিনেত্রী কেট ব্ল্যানচেট। অস্ট্রেলীয় এই অভিনেত্রীর ছবি ক্যারল আছে এবারের প্রতিযোগিতা বিভাগে। টড হেনেস পরিচালিত এই ছবির পটভূমি পঞ্চাশের দশকের নিউইয়র্ক। ছবির বিষয় এক বিবাহিত নারী আর দরিদ্র দোকান কর্মচারীর প্রেম। সিনেমা-পাগলদের টানতে আর কী লাগে।
উৎসাহের কেন্দ্রে আছে মারিয়োঁ কোতিয়ার ও মাইকেল ফাসবিন্ডার অভিনীত ম্যাকবেথও। তারকাদের চমক বাদ দিলে এবারে স্বর্ণ পামের দৌড়ে থাকা আলোচিত ছবিগুলোর মধ্যে এগিয়ে আছে জাক অদিয়ারের ছবি ধিপান। এক তামিল গেরিলাকে নিয়ে ফরাসি নির্মাতার এই ছবির গল্প। পাম দ-এর দৌড়ে শামিল ইতালিয়ান ‘গ্রেট’ ন্যানি মরেত্তিও। তাঁর ছবি মিয়া মাদরেও (মাই মাদার) আছে প্রতিযোগিতা বিভাগে।
পৃথিবীর প্রায় সব প্রান্ত থেকে আসা উৎসবের দর্শকদের চোখ থাকবে গাস ভ্যান স্যান্টের দ্য সি অব ট্রিজ, পাওলো সরেন্তিনোর ইয়ুথ, ইয়োরগোস লানথিমসের দ্য লবস্টার-এর মতো ছবিগুলোর দিকেও।
ফিলিস্তিনের চমক
স্বল্পদৈর্ঘ্য ছবির বিভাগে চমক দেখিয়েছে ফিলিস্তিন। সারা বিশ্ব থেকে আসা সাড়ে চার হাজার ছবির মধ্যে প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া মাত্র নয়টি ছবির মধ্যে আছে ফিলিস্তিনের স্বল্পদৈর্ঘ্য ছবি অাভে মারিয়া। গির্জার নানদের এক সংকটময় মুহূর্ত নিয়ে তৈরি হয়েছে এই খুদে ছবি।
স্বর্ণ পামের দৌড়ে না থাকলেও দর্শক আকর্ষণের দিক দিয়ে এগিয়ে থাকছে উডি অ্যালেনের ইরর্যাশনাল ম্যান, জর্জ মিলারের ম্যাড ম্যাক্স ফিউরি রোড এবং গ্যাসপার নোয়ের লাভ।
এবারে আনসার্টেন রিগার্ড বিভাগে আছে ভারতের গুরবিন্দর সিংয়ের চৌথি কোট (দ্য ফোর্থ ডিরেকশন), জাপানের নওমি কাওয়াসের এন।
আড়মোড়া ভাঙছে কান
আজ ইমানুয়েল বারকটের লা তেৎ থেকে ছবির প্রদর্শনী দিয়ে শুরু হচ্ছে উৎসব। বিশ্ব সিনেমার এই মহা মিলনমেলা চলবে ২৪ মে পর্যন্ত। গতকাল ছিল কান উৎসবের আড়মোড়া ভেঙে জেগে ওঠার পালা। লালগালিচার আশপাশে মানুষের উল্লসিত চিৎকার নেই। নিরাপত্তার বাড়াবাড়ি শুরু হয়নি তখনো। প্রেক্ষাগৃহগুলোতে চলছে শেষ মুহূর্তের ঝাড়মোছের কাজ। প্রেস অফিস নয়। দুনিয়ার প্রায় সব প্রান্ত থেকে আসা সাংবাদিকেরা ব্যস্ত ছিলেন ব্যাজ সংগ্রহের কাজে। উৎসবের প্রাণকেন্দ্র প্যালে ডে ফেস্তিভালের আশপাশ সরব রেখেছেন মূলত সংবাদমাধ্যমের কর্মী আর উৎসাহী পর্যটকেরা।