তারা বাবা
ফেরদৌস ও চঞ্চল চৌধুরী দুজনেই তারার জগতের মানুষ, তাঁরা বাবাও। দুই তারকা বাবা লিখেছেন তাঁদের সন্তানদের নিয়ে

ফেরদৌস
নুজহাদ ফেরদৌস ও নামিরা ফেরদৌস আমার দুই মেয়ে। নুজহাদ এবার সানবিমস স্কুলে ক্লাস টুতে উঠেছে। নামিরা আগামী বছর স্কুলে যাওয়া শুরু করবে। আমি বাবা-মায়ের খুবই আদরের সন্তান। সেই হিসেবে আমিও আমার সন্তানকে সেই আদর দিয়েই বড় করছি। আমি পেশায় অভিনেতা আর আমার স্ত্রী পাইলট। শুরু থেকেই একটা বিষয় আমরা মাথায় রেখেছি, আমাদের সন্তানেরা যেন বড় হয়ে কোনোভাবেই বলতে না পারে, তারা অযত্নে মানুষ হয়েছে। আমাদের ব্যস্ততার মধ্যেও আমরা কোনোভাবেই দুজনকে আদর-যত্ন থেকে বঞ্চিত করিনি। আমি কাজের ফাঁকে নুজহাদকে নিয়মিতই স্কুলে আনা-নেওয়া করি। নুজহাদ এবার খুবই ভালো ফল করে দ্বিতীয় শ্রেণিতে উঠেছে। এ কারণে স্কুলের শিক্ষকেরাও আমার ও আমার স্ত্রীর প্রতি খুবই খুশি।
ওদের মা যখন বিমানে চার-পাঁচ দিনের জন্য ইউরোপ, আমেরিকায় যায়, তখন আমিও সন্তানদের সঙ্গে নিয়ে ওদের মায়ের সঙ্গেই চলে যাই। দেশের বাইরে গেলে তো চব্বিশ ঘণ্টাই ওদেরকে সময় দিই।
আবার দেশের বাইরে আমার কোনো শো পড়লে সেই সময় যদি নুজহাদের স্কুল বন্ধ থাকে, আমি ওদেরকে সঙ্গে নিয়ে শো করতে যাই।
আবার বিশেষ দিনগুলোতে আমি শুটিং রাখি না। বিশেষ করে নুজহাদের স্কুলের অনুষ্ঠান অথবা ওর কোনো বান্ধবীর জন্মদিন—সব জায়গাতেই আমি বাবা হিসেবে মেয়ের সঙ্গে সময় দিই।
এই যে ঈদ এসেছে, ঈদে তাঁদের জন্য যতই শপিং করা হোক না কেন, আমাকে সঙ্গে নিয়ে বাজারে গিয়ে দুজন পছন্দের সব জিনিস কিনবে। আমার অন্য সব কাজ ফেলে ঈদের আগে আগে ওদের এ সঙ্গটা সব সময়ই দিই আমি।

চঞ্চল চৌধুরী
শৈশব রোদ্দুর শুদ্ধ আমার একমাত্র সন্তান। এখন নার্সারিতে পড়ছে। আমার পেশা অভিনয়। সে কারণে ঘুম থেকে উঠেই আমাকে বেরিয়ে পড়তে হয় শুটিংয়ে। আবার গভীর রাতে ফিরি। এর মধ্যেও আমি যতটুকুই সময় পাই, ততটুকুই সন্তানকে দেওয়ার চেষ্টা করি। শুটিং না থাকলে সারা দিনই ওকে নিয়ে আমার সময় কাটে। আবার বেশির ভাগ দিনই দেখা যায়, সকালে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি শুটিংয়ে যাই। সারা দিন শুটিংয়ে থাকছি। দেখা যাচ্ছে, দিনে অন্তত চার-পাঁচবার ফোনে ওর সঙ্গে কথা হচ্ছে। ওর ঘুম, খাওয়া-দাওয়া ঠিকমতো হচ্ছে কি না খবর নিই। আবার বিশেষ বিশেষ দিনে ওকে নিয়ে বের হই। অবসর পেলেই বিভিন্ন জায়গায় ওকে নিয়ে ঘুরতে যাই। বেড়ানোতে ও খুবই আনন্দ পায়। আর আমরা ওর এই আনন্দ খুব উপভোগ করি।
হয়তো বাবা হিসেবে যতটুকু সময় দেওয়া দরকার, পেশার কারণে ততটুকু পারি না। এমনও হয়, মাঝে মাঝে ফোনে শুদ্ধ আমার সঙ্গে অভিমান করে। ফোনে বলে, ‘বাবা শুটিং করার দরকার নাই, তুমি চলে আসো।’ কিন্তু যাই-ই করি, আমাদের সব ভাবনা সন্তানকে ঘিরেই। আজ আমরা যা কিছু করছি, তা শুদ্ধের জন্যই করছি। আমি যে ধরনের অভাব-অনটনে বড় হয়েছি, আমি চাই না সেই অভাব-অনটনের মধ্যে শুদ্ধ পড়ুক।
সব বাবা মা-ই চান, তাঁর সন্তান ভবিষ্যতে ভালো হিসেবে গড়ে উঠুক। এ জন্য ছোটবেলা থেকেই সেই স্বপ্ন নিয়ে সন্তানকে লালনপালন করেন। একজন পিতা সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে না পারলে তাঁর সব কাজ বিফলে যায়।