তারা ভরা রাতের সুরেলা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো দিনের বেশ কিছু গান আজও সংগীতানুরাগীদের মনে স্মৃতি জাগিয়ে তোলে। কিছু গান আজও একলা দুপুরে কিংবা শেষ বিকেলে অনেকে গুন গুন করে গেয়ে ওঠেন। তেমনি কিছু গান নিয়ে গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দ্য ডেইলি স্টার আয়োজন করে ‘তারা ভরা রাতে’ শীর্ষক সংগীতানুষ্ঠান। ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডেইলি স্টার বছরব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করছে, তারই ধারাবাহিকতায় ছিল এই সংগীতানুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের পাতার সম্পাদক নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। পাপিয়া সারোয়ার পরিবেশিত রবীন্দ্রসংগীত ‘আকাশ ভরা সূর্যতারা’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। আবদুল ওয়াদুদ পরিবেশন করেন ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার’। শেলু বড়ুয়া পরিবেশন করেন ‘তোমারে লেগেছে এত যে ভালো’। সুজিত মোস্তফা পরিবেশন করেন ‘চেনা চেনা লাগে তবু অচেনা’। ইফ্ফাত আরা নার্গিস পরিবেশন করেন ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ ও ‘আকাশের ওই মিটি মিটি তারার সাথে’। নাসিমা শাহীন পরিবেশন করেন নজরুলের ‘প্রিয় এমন রাত’ এবং আধুনিক গান ‘আমি সাগরের নীল নয়নে মেখেছি’। মখলেছুল ইসলাম গেয়ে শোনান ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ এবং ‘জনতার সংগ্রাম চলবেই’। এ ছাড়া সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম, আলম আরা মিনু, চম্পা বণিক, অনিমা ডি কস্টা প্রমুখ। গানের ফাঁকে ফাঁকে দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান ও সাদিয়া আফরিন মল্লিক সংগীত নিয়ে আলোচনায় অংশ নেন।