তারা সবাই রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের নবম দিন ছিল গতকাল। বিকেলে হাসন রাজা মঞ্চে গীতিনাট্য বুবুমনির বিয়ে পরিবেশন করে শিশুরা l প্রথম আলো
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের নবম দিন ছিল গতকাল। বিকেলে হাসন রাজা মঞ্চে গীতিনাট্য বুবুমনির বিয়ে পরিবেশন করে শিশুরা l প্রথম আলো

৪ থেকে ৮ বছর বয়সী ১৭ জন শিশু। তাদের হুড়োহুড়ি আর ছোটাছুটির শেষ নেই। কে শোনে মায়ের বকুনি, বাবার নিষেধ? কেউ প্লাস্টিকের হাতি-ঘোড়ার কান মলে দোল খাচ্ছিল আপনমনে। কেউ স্লাইডার দিয়ে গড়িয়ে পড়ছিল। কেউবা খেলছিল বাস্কেট বল। আবার কেউ কেউ বলপুলে ঝাঁপিয়ে পড়ছিল। এ দৃশ্য বেঙ্গল সংস্কৃতি উৎসবের শিশু কর্নারের। ‘জল পড়ে পাতা নড়ে’ শীর্ষক এ কর্নারে শিশুদের নানা ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। বাবা-মায়ের সঙ্গে আসা শিশুদের আগ্রহও তাই এ কর্নার ঘিরে।
কোনো কোনো অভিভাবকও শিশুদের এখানে ছেড়ে দিয়ে দিব্যি উৎসব দেখতে চলে যাচ্ছেন। আর এ সুযোগে শিশুরাও যেন হাতে রাজত্ব পেয়ে গেছে। সে রাজ্যে তারা সবাই যেন একেক জন রাজা। আর এ রাজাদের দেখা মেলে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের বেঙ্গল সংস্কৃতি উৎসবে।
শিশু কর্নারের দায়িত্বে থাকা একজন জানালেন, বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কর্নারটি চালু থাকে। গড়ে প্রতিদিন কয়েক শ শিশু খেলাধুলা করছে। শিশুরা এখানে চিত্রাঙ্কনও করতে পারছে। এ ছাড়া শিশুদের জন্য রয়েছে জাদু প্রদর্শনী। এমনকি শোলা দিয়ে নানা খেলনা তৈরির কৌশলও তারা রপ্ত করতে পারছে।
গতকাল উৎসবের নবম দিনে এসে শিশুদের অংশগ্রহণও একটু বেশি দেখা গেছে। অনেক অভিভাবকই তাঁদের ছেলেমেয়েদের নিয়ে উৎসবস্থলে হাজির হয়েছেন। তবে শিশু কর্নারের পাশাপাশি শিশুদের আগ্রহ কিন্তু হাসন রাজা মঞ্চের দিকেও ছিল। কারণ, বিকেল চারটা থেকে এ মঞ্চে শিশুদের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শুরুতেই ছিল রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের খুদে শিল্পীদের পরিবেশনায় ও প্রতীক এন্দর পরিচালনায় ‘চতুরঙ্গ’ শীর্ষক পরিবেশনা।
এরপরই ছিল ৪০ জন খুদে শিল্পীর অংশগ্রহণে গীতিনৃত্যনাট্য বুবুর বিয়ে শীর্ষক পরিবেশনা। এতে সিলেট অঞ্চলের বিয়ে-সংস্কৃতির চিত্র শিশুদের উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। এর পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, প্রতীক এন্দ, নিতা রায় রূপু, এল শান্তনা দেবী ও মাহ্জাবিন জহুরা কাঁকন। গীতিনৃত্যনাট্যের অন্যতম পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী প্রথম আলোকে বলেন, সংস্কৃতির প্রতি কারও ভালোবাসা তৈরি করতে শিশু বয়স থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন, এ ক্ষেত্রে এত বড় একটি মঞ্চে খুদে শিল্পীদের এমন পরিবেশনার খুব প্রয়োজন ছিল।
শিশুদের পরিবেশনার পর শিল্পী রাকিবা ইসলাম ঐশী মঞ্চে নজরুলসংগীত পরিবেশন করেন। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্চে ভাওয়াইয়া পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছিলেন শফিউল আলম রাজা। তাঁর পরিবেশনার পর শিল্পী ফেরদৌস আরার মঞ্চে ওঠার কথা। এরপরই মঞ্চে ওঠার কথা রয়েছে ভারতের বিশিষ্ট শিল্পী হৈমন্তী শুক্লার। সবশেষে মঞ্চে ওঠে বাউলগান পরিবেশনের কথা রয়েছে পার্বতী বাউলের।