
রিন টিন টিনকে মনে আছে? এই যাহ, দিব্যি ভুল মেরে বসে আছেন? অথচ রিন টিন টিনের চিরস্মরণীয় হয়ে থাকার কথা ছিল। আর একটু হলেই গড়ত ইতিহাস। অস্কারের ঊষালগ্নে, সেই ১৯২৯ সালে সেরা অভিনেতা বিভাগে রিন টিন টিন সবচেয়ে বেশি ভোট পেয়েছিল। ধারণা করা হয়, কেবল বাধো বাধো ঠেকছিল বলেই শেষ পর্যন্ত তাকে পুরস্কারটি দেওয়া হয়নি। হবে কী করে, রিন টিন টিন যে মানুষই নয়, চারপেয়ে কুকুর!

যাক, তার কথা মনে নাও থাকতে পারে। এত আদ্দিকালের কথা, স্মৃতিতে ধুলো তো জমবেই।
আচ্ছা উগির কথা নিশ্চয়ই ভুলে যাননি। কী কাণ্ড, এবারও মাথা চুলকোচ্ছেন! আরে, দ্য আর্টিস্ট-এ দুর্দান্ত অভিনয় করা সেই কুকুরটি। যাকে অস্কার দেওয়ার জন্য ভার্চুয়াল জগতে রীতিমতো আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অস্কার না জিতলেও কানে কিন্তু বিশেষ পুরস্কার জিতেছিল উগি।
রিন টিন টিন কিংবা উগিদের মতো হলিউডে খোঁজ করলে মিলবে আরও কিছু তারকা চারপেয়ের খবর। এদের অনেকে আবার কিছু না করেই ‘স্টার’ বা ‘তারকা’। রীতিমতো রাজা-বাদশার বিলাসী জীবন কাটায় এরা।

এই তো সেদিন খবর এল, মারায়া ক্যারি তাঁর আট-আটটি পোষা কুকুরের জন্য ভাড়া করছেন ব্যক্তিগত বিমান। কেবল ছুটিতে নিয়ে যাবেন বলে। আর এর জন্য কত খরচ হচ্ছে জানেন? ‘মাত্র’ দেড় কোটি টাকা! বিনিময়ে কুকুরগুলো পাবে রাজকীয় আতিথ্য। বিশেষ খাবারদাবার। অবশ্য এই সংগীত তারকার জন্য কুকুরের পেছনে বিস্তর টাকা ঢালা নতুন কিছু নয়। প্রতিবছর কুকুরগুলোর সাজসজ্জার জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ টাকা গোনেন তিনি।

অভিনেত্রী জেসিকা বিয়েল আর তাঁর সংগীত তারকা স্বামীর আদর পেয়ে পেয়ে মাথায় উঠে বসেছে টিনা। বিয়েল অবশ্য টিনাকে আদর করে ‘৫৫ পাউন্ড ব্ল্যাঙ্কেট’ নামেও ডাকেন। জলক্রীড়া তো বটেই, গলফও নাকি খুব ভালোবাসে টিনা। প্রায়ই টিনাকে আদর করে কোলে নিয়ে ছবি তুলে টুইটারে পোস্ট করেন বিয়েল। টিনার ভাগ্যকে নিশ্চয়ই ঈর্ষা করে বিয়েলের নীরব-দূরবর্তী প্রেমিকগণ!
‘লং ওয়াকে’ গেলে প্রেমিক জাস্টিন লংকে তিনি নাও নিতে পারেন। কিন্তু ফিনকে অবশ্যই নেবেন অ্যামান্ডা সেফ্রায়েড। ফিনহীন হণ্টন যে একদমই ভালো লাগে না তাঁর। অস্ট্রেলিয়ান শেফার্ডকে এতটাই ভালোবাসেন, তার জন্য বিশেষ পোশাক আর জুতো কিনে দেন।

ওদিকে লেডি গাগা তাঁর ফজির জন্য বার্লিন বিমানবন্দরে কী ঝগড়াটাই না করলেন! বিমানকর্তারা তাঁকে আটকেছিলেন প্রথম শ্রেণিতে কুকুর নিয়ে যাত্রা নিষিদ্ধ বলে। টিকিট তো টিকিট, রাগের চোটে পারলে যেন পুরো বিমানটিই কিনে নেন গাগা। ল্যাব্রাডুডল প্রজাতির এই রোমশ কুকুরটির জন্য একবার একটা হোটেলের পুরো একটা তলাই কিনে নিয়েছিলেন এই সংগীত তারকা।
টক শো তারকা অপরাহ উইনফ্রে নাকি তাঁর ৭১ লাখ ডলার দামের বিশাল বাড়িটাই কিনেছিলেন প্রিয় কুকুর সোফির নামে। সেই সোফি অবশ্য পেন্টহাউস আর উইনফ্রের মায়া কাটিয়ে চলে গেছে পরপারে। অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনও ম্যানহাটনে সাড়ে ৪৯ লাখ ডলার দিয়ে একটা বাড়ি কিনেছেন পোষা কুকুর নরম্যানের নামে। তাঁর নতুন দুই কুকুর ডলি আর সোফিও বিলাসবহুল জীবনযাপন করে।

গত বছর মাইলি সাইরাস তাঁর প্রিয় কুকুরগুলোর জন্য এক লাখ ডলারের একটা স্পোর্টস কার কিনেছিলেন। সম্প্রতি নিউইয়র্কে সাইরাসকে তাঁর প্রিয় কুকুর ইমুর লোমের রঙে নিজের চুল রাঙাতে দেখা গেছে। ইমুর সঙ্গে স্নানের সেলফিও পোস্ট করেছিলেন সাইরাস। আহা, কী কপাল!
এসব কুকুরের জীবনযাত্রা আর তাদের পেছনে ব্যয়ের বহর দেখলে সেই পণ্ডিত মশাইয়ের প্রশ্নটা মনে পড়ে যায়, পণ্ডিত মশাইয়ের পুরো পরিবারের জীবন সাহেবের তিন ঠেঙে কুকুরের কয়টা ঠ্যাংয়ের সমান!
রাজীব হাসান
টিএনএন অবলম্বনে