তারাদের উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বছরজুড়ে বিভিন্ন কায়দায় আমাদের আনন্দের খোরাক হয়েছেন দেশ-বিদেশের নানা তারকা। এখন বছরের শেষভাগে এসে তাই তারকারাও চান খানিকটা ছুটি। থ্যাংকস গিভিং, ক্রিসমাস আর নতুন বছরের আগমন সামনে রেখে তাই তারকারা নতুন করে লিখতে চান তাঁদের হালখাতা। কেউ নতুন কোথাও ভ্রমণের মাধ্যমে, কেউ পার্টি করে কিংবা কেউ একেবারে ঘরোয়াভাবেও উদ্‌যাপন করতে চান বছরের শেষটা। বছরজুড়ে সবচেয়ে আলোচিত তারকারা নতুন বছরকে কীভাবে স্বাগত জানাতে চান, সেই খবর নিয়ে তাই আজকের আয়োজন।

অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট

অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট
মূলত ব্র্যাঞ্জেলিনা খ্যাত এই তারকা জুটি বছরজুড়েই ছিলেন আলোচনার সরব বিষয়। ১২ বছর একই ছাদের নিচে বসবাস এবং পরবর্তী সময়ে দুই বছরের বিবাহিত জীবন নিয়ে সবার জন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত এই জুটি গেল বছরও ছিলেন বেশ আকর্ষণীয় অবস্থানে। এমনকি ২০১৬-এর শুরুটাও ছিল পরিবারসহ থাইল্যান্ডের বিলাসবহুল ভিলায়। যেটির দৈনিক ভাড়া ছিল ১৮ হাজার ডলার। কিন্তু সম্প্রতি জোলির বিচ্ছেদের সিদ্ধান্তের পর খানিকটা গ্ল্যামার হারিয়েছে এই জুটি। এমনকি এই বছরের থ্যাংকস গিভিংয়েও বাবার দেখা পায়নি ব্র্যাঞ্জেলিনা দম্পতির সন্তানেরা। মূলত পরিবারের সঙ্গে কিছু উষ্ণ সময় কাটানোর চেয়ে ব্র্যাড এবং জোলির কাছে বর্তমানে সন্তানদের একক অধিকারের লড়াইটাই এখন বড়।

সোনিয়া বশির কবির
সোনিয়া বশির কবির

সোনিয়া বশির কবির
বন্ধু ও তাদের পরিবার নিয়ে রাতভর আড্ডা, হইহুল্লোড়ে নববর্ষকে স্বাগত জানান মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। ‘সারা রাত আমরা কেউই ঘুমাই না। বন্ধুরা আবার হিসাবনিকাশ করতে বসি আগের বছরের পাওয়া না-পাওয়ার বিষয়গুলো নিয়ে। ৩১ ডিসেম্বর রাতেই সিদ্ধান্ত নিই নতুন বছরটায় কী করব।’ বললেন সোনিয়া। নতুন বছর উদ্‌যাপন দেশেবিদেশে নানা জায়গায় হয়ে থাকে। এই যেমন এবারের নববর্ষ সোনিয়া বশির কবির উদ্‌যাপন করবেন থাইল্যান্ডে। সঙ্গে অবশ্যই রয়েছে বন্ধুদের পরিবারগুলোও । জোগাড়যন্ত্র সব সম্পন্ন হয়ে গেছে। ‘আমরা আসলে আনন্দের সঙ্গে নতুন বছরটা উদ্‌যাপন করতে পছন্দ করি।’

জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ
যেমনটা বলেছিলাম, কেউ সারা বছরের ক্লান্তি দূর করতে ছুটে যান দূরদূরান্তে আবার কেউ পছন্দ করেন ঘরের কোণে থাকা আরামের সোফায় বসে কফি খেতে। এমনটাই ভেবে ২০১৭ সালের সব ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেছেন বিখ্যাত এই গায়িকা। এমনকি শোর জন্য অ্যাডভান্স পাওয়া টাকাও ফেরত দিয়ে দিয়েছেন তিনি। ঠিক করেছেন নতুন কেনা বাড়িতে যমজ সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়িতেই স্বাগত জানাবেন নতুন বছর ২০১৭কে।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ


ক্যাটরিনা কাইফ

হলিউডের মতো বলিউডেও বইছে নতুন বছরে নতুন করে শুরু করার হিড়িক। সেই স্রোতে গা ভাসিয়েছেন অনেক তারকা। ক্যারিয়ার নিয়ে বরাবরের মতোই আপসহীন ক্যাটরিনা তাই সিদ্ধান্ত নিয়েছেন কোনো পার্টি কিংবা ঘরে নয় নতুন বছরকে স্বাগত জানাবেন শুটিং স্পটে বসে। শুধু তাই নয়, রণবীর কাপুরের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এই বছরের শুরুতেই তাঁর অ্যাপার্টমেন্টে বিভিন্ন পাথর দিয়ে ঘর সাজানোও শুরু করেছেন।

বেকহাম-ভিক্টোরিয়া
বেকহাম-ভিক্টোরিয়া

বেকহাম-ভিক্টোরিয়া
বেকহাম জুটির এ বছরের শুরুটা ছিল বেশ রোমান্টিকতায় ভরা। ফুটবলের মাঠে তেমন আলোচনা না থাকলেও আলোচিত ছিলেন বেকহামপত্নী ভিক্টোরিয়া। ২০১২ সালের পর আবার ‘স্পাইসগার্লস’দের একত্র হওয়ার আয়োজন করেছেন এই দম্পতি এবং সেই সঙ্গে শুরু করতে চান নতুন বছরও। তাই এই বছরের নিউ ইয়ার উদ্‌যাপন করবেন মালদ্বীপে পার্টি করে এবং গুঞ্জনে জানা গেছে, এই পার্টির সঞ্চালক হিসেবে কাজ করতে মাইক্রোফোনের সামনে দাঁড়াতে পারেন বেকহাম নিজেই।

কামার আহমাদ সাইমন
কামার আহমাদ সাইমন

কামার আহমাদ সাইমন
চলচ্চিত্রনির্মাতা কামার আহমাদ সাইমনের নববর্ষ উদ্‌যাপন সময়ের সঙ্গে সঙ্গে, জায়গার বিচারে নানা রকমভাবেই করা হয়েছে। সাইমন বললেন, ‘তবে যেটা এখনো খুব মিস করি সেটা হলো, বুয়েটের আর্কিটেকচার ফ্যাকাল্টির প্লিন্থ। মাথার ওপরে খোলা আকাশ, নিচে বসে আছি আমরা কয়েকজন তরুণ। আয়োজন ছিল না তেমন কোনো, বাহুল্য ছিল না, পকেটে ছিল না টাকা। কিন্তু বন্ধু ছিল পাশে, আর মাঝখানে জ্বলত একটা আগুন। সেটাও ভাঙা টুল, কোথাও থেকে কারও জোগাড় করা কিছু লাকড়ি, এমনকি পুরোনো ভাঙা ডিজাইন প্রজেক্ট—তাই দিয়ে বানানো ছোট্ট একটা আগুন। জ্বলত না খুব ভালো, তবু আমরা জ্বালাতাম। বন্ধুর গায়ের ওম লাগত গায়ে, চোখে-মুখে খেলা করত নরম আলোর আভা, আর সকালের অপেক্ষায় স্রেফ একটা আস্ত নির্ঘুম রাত!’

সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রা
বলিউডে সিদ্ধার্থের আগমন খুব বেশি দিন না হলেও এই অল্প সময়েই দর্শকদের মাঝে স্থান করে নিয়েছেন এই অভিনেতা। শুধু অভিনয়ই নয়, সিদ্ধার্থকে নিয়ে আলোচনা হলে নাম চলে আসে আরেক নব্য অভিনেত্রী আলিয়া ভাটেরও। মূলত সিদ্ধার্থ এবং আলিয়া ভাটকে নিয়ে বেশ কয় বছর ধরেই জল ঘোলা হচ্ছে। তাঁরা নিজেরাই সব জল ঘোলা হওয়ার কারণ। গত বছরও একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেও চলতি বছরে সম্পর্কে খানিকটা জোয়ার-ভাটা দেখা যায় তাঁদের। এ বছর তাঁদের বেশ কবার ছাড়াছাড়ি আর মান-অভিমানের গল্প জানে না এমন মানুষ পাওয়া ভার। কিন্তু এতসব জল্পনা-কল্পনার পর গত সপ্তাহেই আবার নাকি এই জুটিকে মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে দেখা গেছে। সবাই ধরে নিচ্ছেন, অভিমানের বরফ হয়তো তাঁদের মাঝে গলতে শুরু করেছে আর এতে যদি আবারও এই জুটি একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানায় তবে তাতে ভালো ছাড়া খারাপের কিছু তো থাকছে না।
গ্রন্থনা: ফাবিহা সাহাব উদ্দিন
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য সান