তারাদের সাজিয়ে কেটে গেল ১২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শিত ছবিগুলো দেখছেন মনির হোসেন ও অভিনেত্রী বর্ষা
প্রদর্শিত ছবিগুলো দেখছেন মনির হোসেন ও অভিনেত্রী বর্ষা

ফ্রেঞ্চকাট দাড়ি। হালকা রঙের শার্টের ওপর নেভি ব্লু ব্লেজার। জিনস প্যান্টের সঙ্গে মানানসই জুতা। এই বেশেই গত রোববার সন্ধ্যায় তিনি হাঁটছিলেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে। দেশের বিভিন্ন অঙ্গনের বড় তারকারা তাঁকে ঘিরে ধরে ছবি তুলছিলেন। ১২ বছর ধরে যাঁদের তিনি সাজিয়েছেন, তাঁদের মধ্যমণি হয়েছিলেন মনির হোসেন। ‘মেকআপ মনির’ হিসেবে যিনি বেশি পরিচিত। রোববার আয়োজন করা হয়েছিল ‘মনির হোসেন: দ্য ম্যান বিহাইন্ড বিউটি’ নামের একটি প্রদর্শনীর। সন্ধ্যা ৭টা থেকে এই প্রদর্শনী চলেছে রাত ১১টা পর্যন্ত। কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীটি উদ্বোধন করেন অভিনেত্রী বর্ষা ও আমন্ত্রিত অতিথিরা।

প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের তারকাদের ৪০টি ছবি। এ তালিকায় অনন্ত-বর্ষার পাশাপাশি ছিলেন নিপুণ, মিম, জান্নাতুল পিয়াসহ অনেকেই। এক তারকার একাধিক ছবিও ছিল। মনির হোসেনের মেকআপ করা তারকাদের ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী রফিকুল ইসলাম। এক ফাঁকে প্রদর্শনীর কারণ ব্যাখ্যা করেন মনির—‘আমার ইচ্ছা দেশি তারকারা যেন দেশের বাইরের কাজ করেন। সে রকম সুযোগ তৈরি করা এবং তাঁরা যে সেই মানের, এটা বোঝাতেই এই প্রদর্শনী।’

সেই সঙ্গে মনির শোনান একটি স্বপ্নের কথাও। ছবিগুলো নিয়ে শিগগিরই মুম্বাইয়ে একটি প্রদর্শনী করবেন। এরই মধ্যে সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ বছর ধরে দেশের চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্রের জন্য অভিনয়শিল্পীদের মেকআপ করেন মনির। সেই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের তারকাদের মেকআপ করিয়েছেন তিনি।