তারাদের 'অন্যরকম' ঈদ!
অন্যরকম কেন? সচরাচর যেভাবে ঈদ উদ্যাপন করেন এবারের ঈদে ঠিক তেমন হচ্ছে না। তারকা বা সেলিব্রেটিরা কী সাধারণ মানুষের মতোই ঈদ উদ্যাপন করেন! নাকি বাড়তি কোনো বৈচিত্র্য থাকে, কৌতূহলের শেষ নেই! আপনার পছন্দের অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীদের এই অন্যরকম ঈদ উদ্যাপন নিয়েই এই প্রতিবেদন।

চাঁদ রাতেই ঢাকা ছাড়া
চাঁদ রাতেই ঢাকা ছাড়বেন তিনি। চলে যাবেন গ্রামে, মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে, নিজের আস্তাকুঁড়ে। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ সেখানেই পড়বেন ঈদের নামাজ। তিনি বললেন, ‘ঈদের দিন নিয়মিতই আমি গ্রামের বাড়িতে থাকি। এটা গত পাঁচ বছরের রুটিন। গ্রামের মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়ি। সারাটা দিন তাদেরই সময় দিই, খুবই ভালো লাগে।’
নামাজ শেষে বাড়িতে ফিরে গ্রামের প্রায় ৩০-৪০ জন ছেলে-মেয়েকে নিয়ে গানের আসরে বসেন তিনি। তাদের সঙ্গে গলা মিলিয়ে গান গান। একসঙ্গে দুপুরের খাবার খান। বললেন, ‘ঈদের দিন গ্রামের বাড়িতে তুমুল গান-বাজনা, আড্ডা আর হইচই হয়। সবাই খুব আনন্দ পায়।’
সন্ধ্যার পর ঢাকায় ফিরে আসেন ফেরদৌস ওয়াহিদ। বাকি সময়টা ঢাকায় পরিবারের সঙ্গেই কাটান। নিজের ভাই-বোনদের সঙ্গে দেখা করেন। ঈদের পরদিন চলে যান সিনেমা দেখতে। বললেন, ‘ঈদের সময় সিনেমা দেখাটা অনেক পুরোনো অভ্যাস।’ শুধু তাই নয়, নিয়ম করে টেলিভিশনের অনুষ্ঠানও দেখেন তিনি।

এবারের ঈদ দারুণ উত্তেজনার
‘বাংলাদেশের ঈদ উদ্যাপন পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ উদ্যাপন!’ ঈদের আনন্দ অভিনেতা ইমনের কাছে এমনই। এবারও একটি তাৎপর্যপূর্ণ ঈদ কাটাবেন তিনি।
ছয়’বছর পর এবারই প্রথম ঈদে ইমনের ছবি (পদ্ম পাতার জল) মুক্তি পাচ্ছে। তাই দারুণ উত্তেজনা কাজ করছে তাঁর ভেতর। তিনি বললেন, ‘ঈদের দিন নামাজ পড়ে বাবা-মাকে সালাম করে বেরিয়ে পড়ব। সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াব। দর্শকদের সঙ্গে কথা বলব, তাদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগ করে নেব।’
ঈদের দিন সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকলেও পরিবার থেকে বিচ্ছিন্ন থাকবেন না ইমন। বাবা-মা, ভাই-বোন, পরিবারের অন্যান্য আত্মীয়স্বজন-সবার সঙ্গেই সময় কাটাবেন তিনি। বন্ধুদের কাছ থেকেও দূরে থাকবেন না। জানালেন, ‘ঈদের দিন বন্ধুরাও আমার সঙ্গে থাকবে, একসঙ্গেই সিনেমা হলগুলোতে ঘুরব, আড্ডা মারব।’ তবে, চাঁদ রাতটা শুধু বন্ধুদের জন্যই রাখছেন তিনি। সেদিন ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরবেন, খাওয়া-দাওয়া করবেন—এমনই পরিকল্পনা ইমনের।

স্মৃতিকাতর ঈদ
এবারের ঈদটা বোধহয় খুব স্মৃতিকাতর কাটবে অভিনেত্রী ভাবনার! কিছুদিন আগেই তাঁর ‘নানু’ মারা গেছেন, শোকটা তাই রয়েই গেছে। ভাবনা বললেন, ‘ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই পুরান ঢাকায় নানুর বাসায় চলে যেতাম। নানুকে সালাম করতাম, সেলামি নিতাম। একটা অন্য রকম ঈদের শুরু হতো নানার স্পর্শে। নানুকে ছাড়া ঈদ করব, এটা আমার জন্য খুব কষ্টদায়ক।’
তবুও থেমে থাকবে না ভাবনার ঈদ উদ্যাপন। চাচাতো, মামাতে, খালাতো, ফুপাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি আর আড্ডা মেরেই কাটবে ভাবনার ঈদের দিন। তিনি বললেন, ‘সারা বছরই কারও সঙ্গে তেমন দেখা হয় না, ঈদের দিনটা তাই গেট টুগেদারের মতো। আর সন্ধ্যায় মিডিয়া ফ্রেন্ডরা মিলে চুটিয়ে আড্ডা মারব।’
চাঁদ রাতের জন্যও ভাবনার আছে বিশেষ পরিকল্পনা। তিনি জানালেন, ‘ওই দিন রাতে পরিচালক অনিমেষ আইচের বাসায় জম্পেস পার্টির আয়োজন চলছে।’

ঈদ কাটাবেন খানিকটা একাকী
সংগীতশিল্পী মিনার খানিকটা একাকীই কাটাবেন এবারের ঈদ। কাজের চাপে এবার আর চট্টগ্রাম যাওয়া হলো না তাঁর। ঢাকায় থাকছেন। বললেন, ‘সব সময় রোজার ঈদটা চট্টগ্রামেই করি। যদিও এবার যেতে পারছি না।’
মিনারের ঈদ কাটবে বিভিন্ন অনুষ্ঠানে গান করে। তিনি বললেন, ‘ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান করব। সব অনুষ্ঠানই রাতে হওয়ায় সকাল আর বিকেলে ফাঁকাই থাকছে।’
ঘোরাঘুরি আর আড্ডার জন্য তাই দিনটাই বেছে নিয়েছেন মিনার। মাকে ছাড়াই ঈদ কাটাবেন তিনি। মা চলে গেছেন গ্রামের বাড়িতে, মিনার তাই একাই রয়েছেন ঢাকায়। ঈদের দিন সকালে নামাজ পড়েই ফুপুর বাড়িতে চলে যাবেন তিনি। তাকে সঙ্গ দেবেন আত্মীয়, ভাই-বোন ও বন্ধুরা।
সালামি নেওয়ার বেলায় কোনো ছাড় দেন না মিনার! বললেন, ‘এখনো সালামি নিই। পরিবারের অধিকাংশরাই বড় হওয়ায় সালামিটা নিতে ভালোই লাগে।’