
অনুষ্ঠান আসলেই শুরু হয়ে গেছে!
গল্পের ঝাঁপি খুলে বসেছেন অনেকেই—কত কী রাজ্যের আলাপ! লাল রঙা পাঞ্জাবি পরা নায়করাজ রাজ্জাক ফিসফিস স্বরে কথা বলছেন পাশের জনের সঙ্গে। একবার তাকালেন মঞ্চের দিকে। সামনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মঞ্চ সুনসান—কেউ নেই। হঠাৎ ‘চার ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই’—ফ্লাশ মবের উন্মাদনা। ওমা, দর্শকসারি থেকে নাচতে নাচতে নিমেষেই মঞ্চের দখল নিয়ে ফেলল ফ্লাশ মবের দলটি! সবুজ রঙের বাহারি পোশাক পরে হাতে বেলুন দোলাতে দোলাতে তাঁরা এলেন, নাচলেন অতঃপর জয় করলেন।
আমরা ভাবি, এসবের মানে কী? কোনো ঘোষণা ছাড়াই কি শুরু হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৩-এর অনুষ্ঠান! ঘড়িতে তখন সন্ধ্যা ছয়টা ৩২ মিনিট। বিস্ময়ের ঘোর কাটে না আমাদের—অনুষ্ঠান আসলেই শুরু হয়ে গেছে!

প্রথমের তালিকায়
মেরিল-প্রথম আলো পুরস্কারের এ অনুষ্ঠানটি একে একে পার করল ১৬ বছর। প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়া অনেকেই ছিলেন এবারের তালিকায়। সমালোচক পুরস্কারের সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী পুরুষ হিসেবে এ বছর দুই অভিনেতা পুরস্কার পেয়েছেন—রাইসুল ইসলাম আসাদ (মৃত্তিকা মায়া) ও রাখাল সবুজ (শিখন্ডী কথা)। কেবল এই দুই তারকাই নন—এ তালিকায় আছেন আরও অনেকেই। একই বৃত্তে ছবিতে অভিনয় করে সমালোচক পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী হয়েছেন যিনি, সেই নাজনীন চুমকিও এবার প্রথম পেলেন পুরস্কার। একইভাবে সমালোচক পুরস্কারে সেরা টিভি অভিনয়শিল্পী নারী ফারজানা ছবি (সীমানা পেরিয়ে), সেরা টিভি নাটক নির্দেশক ওয়াহিদ আনাম (পাড়ি), সেরা চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ার (জং কুটুম্বপুর), সেরা চলচ্চিত্র পরিচালক মুহম্মদ হান্নান—তাঁদের নামও তো যুক্ত হলো প্রথমের তালিকায়।

কবরীর দেরির কারণ
‘বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব’—মঞ্চে চলচ্চিত্র তারকা রিয়াজ, অপু বিশ্বাস ও ফেরদৌস গাইছেন একসময়ের প্রবল জনপ্রিয় এ গান। এর কিছুক্ষণ আগেই নায়ক রাজ্জাককে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। তাই রাজ্জাককে নিবেদন করে তাঁরই জনপ্রিয় চলচ্চিত্রের কয়েকটি গান গাইছেন এ সময়ের চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। একসময় তাঁরা মঞ্চেও উঠিয়ে নিলেন নায়করাজকে। গল্প কিন্তু এখানে নয়, এ কাহিনি কবরীকে নিয়ে। রাজ্জাকের কথা বললে কথার লেজে লেজজুড়ে কবরীর নাম তো আসবেই। এই পারফরম্যান্সের পর পুরস্কার হাতে তুলে দেওয়ার কথা কবরীর। তাই এখন তাঁকে থাকতে হবে মঞ্চের পেছনে। কিন্তু কবরীর মধ্যে কোনো ভাবান্তর নেই—নট নড়নচড়ন তিনি। তাঁর এক কথা, রাজ্জাকের পর্বটি শেষ হবে তারপর গ্রিন রুমে যাব। আগে আমি এই পর্বটি দেখব, পরে অন্য সব।
যে কথা সেই কাজ—বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে ওই পর্ব শেষ হওয়ার আগে নড়লেনই না। ফলে পর্বটি শেষ হওয়ার পরপর পুরস্কার বিতরণ পর্ব শুরু হলে উপস্থাপক যখন ডাকলেন কবরীকে, তিনি তখন মঞ্চে নেই। এলেন বেশ খানিক বাদে। পাঠক, এখন বুঝলেন তো কবরীর দেরির কারণ।

তিনি এলেন
মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে তো কত মানুষই আসেন। কিন্তু ড. সুলতানা জামান যে এলেন, এই আসার ভেতরে লুকিয়ে আছে বয়োবৃদ্ধ একজনের প্রচণ্ড উদ্যমের গল্প। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এ কে এম নুরুজ্জামানের স্ত্রী তিনি, নৃত্যশিল্পী লুবনা মরিয়মের মা এবং সংগীতশিল্পী আনুশেহ আনাদীলের নানি। এই মানুষটি সেদিন অনুষ্ঠানে এসেছিলেন হুইল চেয়ারে চেপে। আগেই বলেছিলেন, এবারের অনুষ্ঠানে আমি যাবই। হ্যাঁ, তিনি এসেছিলেন। ছিলেন অনুষ্ঠানের একদম শেষ অবধি।