তারাময়ী শোনাল গত শতকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঙ্গীকার নাট্যদলের ‘এক তারা’ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
অঙ্গীকার নাট্যদলের ‘এক তারা’ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

শিল্পকলার মূল মিলনায়তন। মিলনায়তনজুড়ে ছড়িয়ে ছিলেন অভিনেতা-অভিনেত্রীরা। সংলাপ বলছিলেন কখনো এই কোণ থেকে, কখনো ওই কোণ থেকে; আবার কখনোবা দর্শকসারির ভেতর থেকে। দর্শকেরা বারবার মাথা ঘুরিয়ে খুঁজছিলেন সংলাপ আওড়ানো অভিনেতাকে। এটা হচ্ছে অঙ্গীকার নাট্যদলের নতুন নাটক এক তারা।
ঢাকার মঞ্চে এটাই এই নাটকের প্রথম প্রদর্শনী। এর আগে দিল্লি ও কলকাতার মঞ্চে বেশ কবার দেখানো হয়েছে। নাটকটি লিখেছেন পশ্চিমবঙ্গের রচয়িতা সুমনা কাঞ্জিলাল, নির্দেশনা দিয়েছেন ঢাকার রাজীব রেজা।
গতকাল বুধবার সন্ধ্যায় নাটক শুরুর আগে ছিল উদ্বোধনী আনুষ্ঠানিকতা। লাল ফিতা কেটে প্রদর্শনীকে আশীর্বাদপুষ্ট করলেন নাটকের মানুষ, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। বক্তৃতায় বললেন, ‘নাট্যকর্মী, নাট্যদলের থাকতে হবে একটি সুনির্দিষ্ট শিল্পাদর্শ। মানুষ ও দেশের প্রতি থাকতে হবে অঙ্গীকার। “অঙ্গীকার” নাট্যদলের সেটা আছে বলে আমার বিশ্বাস।’
প্রদর্শনীর আগের আলোচনায় কথা বলেন নাট্যনির্দেশক গোলাম সারোয়ার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আহম্মেদ গিয়াস। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অঙ্গীকারের ফিরোজ আলম।
নাটকের কাহিনি গত শতকের। প্রায় ১০০ বছর আগের কথা। থিয়েটারে কাজ করত পতিতাপল্লি থেকে আসা তারাময়ী নামের মেয়েটি। আলোকোজ্জ্বল শৈশবের ভেতর থেকে বেড়ে ওঠা সেই মেয়েটি যখন নারী হয়ে উঠল, তাকে তাড়া করল অন্ধকার। তার ওপর চলতে থাকল নানামুখী শারীরিক আর মানসিক নির্যাতন। এসব নিয়ে তাঁর জীবন, চাওয়া-পাওয়া আর প্রেম। কিন্তু তাঁকে নিয়ে কী ভাবছে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষগুলো। সেসব নিয়েই এই নাটক।