তারারা কেমন ঈদ কাটাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ, মাহি, বালাম, ন্যান্‌সি, অপূর্ব, তিশা, ফজলুর রহমান বাবু, কোনাল, সজল, মৌসুমী হামিদ
রিয়াজ, মাহি, বালাম, ন্যান্‌সি, অপূর্ব, তিশা, ফজলুর রহমান বাবু, কোনাল, সজল, মৌসুমী হামিদ

ঈদের দিন মানেই বিশেষ ভাবনা, ব্যতিক্রম কিছু। সবার মধ্যেই আনন্দের স্রোত বয়ে যায় ঈদকে কেন্দ্র করে। আপনার পছন্দের অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা কে কীভাবে ঈদ উদ্‌যাপন করবেন— সেসবেরই টুকরো গল্প এই লেখায়।


রিয়াজের অন্য রকম ঈদ কাটবে ঢাকায়

চিত্রনায়ক রিয়াজের ঈদ কাটবে ঢাকায়। এবারের ঈদ রিয়াজ ও তাঁর স্ত্রী তিনার জন্যই একেবারেই অন্য রকম। এবারই প্রথম মেয়ে আমেরাকে নিয়ে ঈদ উদ্‌যাপন করবেন তাঁরা। রিয়াজ বলেন, ‘এই প্রথম ঈদ করব মেয়ে আমেরা সিদ্দিকীকে নিয়ে। জীবনের অন্য রকম এক ঈদ উদ্‌যাপনের অপেক্ষায় আছি। অবশ্য প্রতিদিনই আমাদের বাসায় ঈদের আনন্দ বইছে। মেয়েটা চোখের সামনে বেড়ে উঠছে। দিনে দিনে তার বেড়ে ওঠা চোখে দেখছি, মুগ্ধ হচ্ছি। মেয়ের জন্য বাসা থেকে বের হতে ইচ্ছা করে না। বাইরে গেলেও কাজ শেষে দ্রুত বাসায় ফেরার চেষ্টা করি। মনে হয় সব সময় ওর পাশে থাকি। মেয়েকে নিয়ে এবারের ঈদটা হবে জীবনের সেরা ঈদ।

চাঁদ রাতের অপেক্ষায় বালাম

সংগীতশিল্পী বালামের ঈদ কাটবে সাদামাটা উদ্‌যাপনে, সঙ্গে থাকবে বন্ধুদের আড্ডা। তবে, উত্তেজনা থাকবে অন্য একটা কারণে-বালাম বললেন, ‘চাঁদ রাতে নয়তো ঈদের দিন সকালেই বেরোবে আমার নতুন গানের মিউজিক ভিডিও। ‘তুই ছাড়া’ শিরোনামের এ গানটি দেখা যাবে গান বাংলা চ্যানেলে। পরে ইউটিউবেও পাওয়া যাবে।’

ঈদে থাকছেন ঢাকাতেই। পরিবার, বন্ধু-বান্ধব আর আত্মীয়স্বজনের মধ্যে ঈদের উত্তেজনা ছড়িয়ে দেবেন। সকালে কোথাও না বেরোলেও, বিকেলে ঠিকই বেরোবেন। সন্ধ্যা মাতাবেন তুমুল আড্ডায়।
তিনি বললেন, ‘ঈদ উপলক্ষে আইসক্রিম খাব, টুকটাক ঘুরব, বন্ধুদের নিয়ে আড্ডা দেব।’

ঈদে সালামি পান না বালাম। হাসি ছড়িয়ে বললেন, ‘সাধারণ মানুষের মতোই আমার ঈদটাও স্বাভাবিক। এখন পাই না, দিতে হয়। পাওয়ার বয়সটা শেষ। তবে, মার কাছ থেকে পাওয়ার সম্ভাবনা আছে।’

তিশার ঘরোয়া ঈদ

ঈদের সারাটা দিনই ঘরোয়া সময় কাটাবেন অভিনেত্রী তিশা। বরাবরের মতো এবারও ঢাকায় ঈদ করছেন তিনি। সব উৎসবে যেমন হয়-পরিবারের সঙ্গেই ঈদ উদ্‌যাপন করবেন, আতিথেয়তা করবেন।
ঈদের সকালটা নিজের জন্য রাখছেন তিশা। সারা দিনের গোছগাছটা সেরে নেবেন তখনই। এরপর পরিবারকে সঙ্গ দেওয়া, মা’র বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়া।

তিনি বললেন, ‘কেনাকাটাসহ ঈদের সকল প্রস্তুতি শেষ। ঈদ নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই। সচরাচরই সবার যেমন যায়, আমারও তেমন যাবে। পরিবারের সবাইকে সময় দেব। বাবা-মার সঙ্গে দেখা করতে যাব। আর, শ্বশুর-শাশুড়ি তো আছেনই। সব মিলে আনন্দেই কাটবে।’

ঈদের দিন সালামি পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, তা হয়তো পাব না। সালামি পাওয়ার বয়স শেষ। এখন অন্যরাই আমরা থেকে সালামি নেয়, দিতে হয়, সেটাই বেশ উপভোগ করি (হাসি)।


মাহীর বিশেষ

এবার ঈদে আমার ‘অগ্নি-২’ ছবি মুক্তি পাচ্ছে, তাই ঈদটাও বিশেষ। দর্শক ছবিটি কীভাবে নেয় তা দেখার অপেক্ষায় আছি। গ্রামের বাড়ি রাজশাহীতে ঈদ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। এবারও তাই হবে। হাতে অনেক কাজ থাকলেও গ্রামে আসার সুযোগটা মিস করতে চাই না। অল্প কয়েক দিনের ছুটি বের করতে পেরেছি, এই সময়টা পরিবারের সবার সঙ্গে কাটাব। পরিবারের সঙ্গে ঈদ কাটানোর মজাই আলাদা।


ঢাকাতেই অপূর্ব

আমি ঈদে ঢাকাতেই থাকি। ঈদে বন্ধুদের নিয়ে ঘোরার বেশ কিছু মজার স্মৃতি আছে। আগে তো পড়াশোনার চাপে সচরাচর কোথায় ঘুরতে যাওয়া হতো না। ঈদ এলে সেই সুযোগটা পেতাম। ঈদের সময়টা আমার জন্য একেবারে আলাদা। সারা দিন শুধু ঘুরে বেড়াতাম। ঢাকার অলিগলি চষে বেড়াতাম। বাবার কাছ থেকে কিছু পকেট মানি নিয়ে নিতাম। সালামির টাকা তো থাকতই। খুঁজে খুঁজে বের করতাম কাকে সালাম করে সালামি পাওয়া যায়। সেই টাকা নিয়ে বাইরে ঘুরতে বের হতাম। ঘুরতে ঘুরতে পছন্দের খাবার কিনতাম। তবে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া হতো না। এবারের ঈদটাও ঢাকায় করব। আত্মীয়স্বজনের বাড়িতে হয়তো যাব।

ঈদে নতুন পদ রাঁধবেন ন্যান্‌সি

এবারের ঈদ ময়মনসিংহে করব। নতুন বাড়ির কাজ শুরুর কারণে কয়েক মাস ধরেই আমাকে ঢাকা-ময়মনসিংহ যাওয়া আসার মধ্যেই থাকতে হচ্ছে। আমার দুই মেয়ে এখন ময়মনসিংহে। ময়মনসিংহে ঈদে অনেক মজা হয়। দুই মেয়ের শপিং করা হয়ে গেছে। নিজের জন্যও টুকটাক কিনেছি । আর এবারের ঈদে বিভিন্ন খাবারের পাশাপাশি আমি নতুন পদের কিছু খাবার তৈরি করব। গত ছয় মাস ধরে নিজে রান্না করছি। বলতে পারেন, রাঁধুনি হওয়ার একটা চেষ্টা চলছে। এবার ঈদে একটু বেশি আইটেম তৈরির চেষ্টা থাকবে। আর ঈদের দিন বাসায় থাকব। হয়তো বিকেলের দিকে বাইরে বের হতে পারি।

বাবুও থাকছেন ঢাকাতেই

সালামির কথা উঠতেই টেলিফোন রিসিভারে স্বভাবসুলভ অট্টহাসিতে চৌচির হলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। বললেন, ‘যখন বয়স ছিল তখন সালামি প্রথা তেমন প্রচলিত ছিল না। মা-বাবা সালামি দিত। এখন তো এটা সামাজিক অনুষ্ঠানের মতোই হয়ে গেছে।’

ঈদের দিন পরিবারের সবাইকেই সালামি দেন তিনি। থাকছেন ঢাকাতেই। রাজারবাগের ঈদগাহ মাঠেই পড়বেন ঈদের নামাজ। তারপর শুরু ঈদ উদ্‌যাপন। ঈদের আনন্দ ভাগাভাগি করবেন পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে।

তিনি বললেন, ‘ঈদে ঘোরাঘুরিটা ঠিক হয়ে ওঠে না। তবে, পরিচিত অনেকেই বাসায় আসেন। সন্ধ্যার পরে আসেন কাছের বন্ধুরা। তাদের সঙ্গে গল্প-গুজবে মেতে উঠি। দূরের বন্ধু ও আত্মীয়দের কেউ কেউ ঈদের পরদিন আসেন, তাদের সময় দিই। এসবের মধ্য দিয়েই ফুরফুরে ঈদ আমেজে থাকি।’

সজল আগের মতোই

এবারের ঈদ কাটাব ঢাকায়। চাঁদরাত পর্যন্ত হয়তো নাটকের শুটিং থাকবে, তাই ঈদের দিনটিও কাটাতে হবে ক্লান্তি নিয়ে। আমার ঈদগুলো এমনভাবেই কাটে। সকালে ঘুম থেকে উঠে নতুন পাঞ্জাবি পরে নামাজে যাব। ওখান থেকে ফিরে কিছু খেয়ে লম্বা ঘুম দেব। এরপর বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দেব। ওই আড্ডা শেষ হবে গভীর রাতে। বাসায় ফিরে টিভির সামনে বসব ঈদ অনুষ্ঠান দেখার জন্য।

ঈদে রাঁধবেন কোনালও

‘বয়স তখন ৫ কিংবা ৬। ঈদের দুই তিনি দিন আগে সবাই মিলে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে চলে যেতাম। রাতের বেলা গ্রামের বাড়ির উঠোনে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হতো। কেউ মেহেদি বাটতেন, কেউ গল্প করতেন, গান করতেন, সবাই এটা-ওটা, কিছু না কিছু করতেন। খুব অদ্ভুত ছিল সেসব রাতগুলো! ’-এমনই ছিল কণ্ঠশিল্পী কোনালের ছোটবেলার ঈদ।

আর এখন সবটাই শহুরে ও যান্ত্রিক তাঁর কাছে। তারপরও ঈদ উদ্‌যাপন বলে কথা। এবার দাদাবাড়িতে যাচ্ছেন না কোনাল। তবে, ঈদের দিন সকালে সবাই মিলে গ্রামের বাড়িতে চলে যাওয়া সম্ভাবনা আছে। সেখানে চাচা-চাচীদের সঙ্গে ঈদের দিনটা কাটাবেন তিনি-এমনই ভাবছেন কোনাল।

যদি ঢাকায় থাকেন তাহলে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, বাবা-মা ও ভাই-বোনদের নিয়ে ঘুরে বেড়াবেন ঈদের দিনে। ঈদের সালামি পাওয়াটাও তাঁর কাছে খুব মজার ব্যাপার। এখনো সালামি পান তিনি।
ঈদের দিন রান্নাবান্নায় মাকে সাহায্য করবেন কোনাল। নিজেও রাঁধবেন কয়েক পদ। তিনি বললেন, ‘রান্নাটা আমার শখ। রান্না করতে ভালোই লাগে। ব্যতিক্রম কিছু রান্না করব।’

গ্রামের বাড়িতে মৌসুমি হামিদের ‘অন্য রকম’ ঈদ

ঈদের দিনটা আমার কাছে বরাবরই অন্য রকম। ছোটবেলায় নতুন জামা পরে পরিবারের সঙ্গে ঘুরতে বের হতাম। আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যেতাম। আমাদের বাড়িটাও আত্মীয়স্বজনে গিজগিজ করত। এবারের ঈদটাও গ্রামের বাড়ি খুলনাতে করব। সারা বছর যেখানেই থাকি না কেন, ঈদে আমাকে খুলনায় যেতে হবেই। একবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার গ্রামে গেলে বেশ কিছু জায়গায় ঘোরার পরিকল্পনা আছে। আমার বয়সী অনেক বন্ধু আছে সেখানে। ঈদ ছাড়া তো আর সচরাচর গ্রামে যাওয়া হয় না।