তারায় তারায় বন্ধুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডে অনেক তারকাই আছেন, সব সময় যাঁদের মধ্যে চলে এক নীরব প্রতিদ্বন্দ্বিতা। কে কাকে ছাপিয়ে যাবেন, সে চেষ্টাতেই যেন ব্যস্ত তাঁরা। এর বিপরীত চিত্রও কিন্তু আছে। বছরের পর বছর বন্ধুত্ব ধরে রেখেছেন এমন তারকার সংখ্যাও নেহাত কম নয়। বাস্তব জীবনে সত্যিকার বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা। এ তারকা বন্ধুদের নিয়ে আজকের এ আয়োজন

.
.

জেনিফার অ্যানিস্টন-কোর্টনি কক্স

হলিউডে বন্ধুত্বের বিরল নজির গড়েছেন জেনিফার অ্যানিস্টন ও কোর্টনি কক্স। ১৯৯৪ সালে জনপ্রিয় টিভি শো ‘ফ্রেন্ডস’ এর সেটে কাজ করতে গিয়ে বাস্তব জীবনেই তাঁরা ‘ফ্রেন্ডস’ হয়ে যান। বিপদে-আপদে সব সময় একে অন্যের সাথে থাকেন এ মানিকজোড়।

.
.

লিওনার্দো ডি ক্যাপ্রিও-টোবি ম্যাগুইয়ার

অডিশন দিতে গিয়ে প্রথম সাক্ষাৎ হয় লিওনার্দো ডিক্যাপ্রিও আর টোবি ম্যাগুইয়ারের। ২৫ বছরের পুরোনো স্মৃতিচারণা করে লিও তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এক অডিশনে টোবির সঙ্গে পরিচয়ের পর মনে হয়েছিল আমি এর বন্ধু হতে চাই। শুটিং চলার সময় এক দৃশ্যে আমি গাড়ি থেকে লাফ দিলাম। আমি চেঁচিয়ে বললাম, “টোবি, টোবি, টোবি তোমার নম্বরটা দিয়ে যাও। তুমি আবার কোত্থেকে এলে?” এমন ভাব করে টোবি আমার দিকে তাকিয়েছিল।’ সেই থেকে এখনো বন্ধুত্বের শক্ত বন্ধন ধরে রেখেছেন লিও-টোবি।

.
.

কায়রা নাইটলি-সিয়েনা মিলার

২০০৯ সালে মুক্তি পাওয়া দ্য এজ অব লাভ ছবিতে অভিনয় করেন কায়রা নাইটলি ও সিয়েনা মিলার। ছবির সেটে তাঁদের বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে গাঢ় হয় বন্ধুত্বের রং। সত্যিকারের বন্ধু বলতে যা বোঝায়, কায়রা আর সিয়েনা যেন ঠিক তা-ই। শপিংমল ও ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এ তারকা বান্ধবীদের। সম্প্রতি সিয়েনা বলেছেন, কায়রা তাঁর দেখা সবচেয়ে ‘সুন্দর নারী’।

.
.

সেলেনা গোমেজ-ডেমি লোভাটো

হলিউডের নারী তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব বেশি চোখে পড়ে না। তবে এ ক্ষেত্রে বিরল নজিরই গড়েছেন সেলেনা গোমেজ ও ডেমি লোভাটো। সাত বছর বয়সে ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি শোতে তাঁদের পরিচয় হয়। মাঝে কিছু ভুল-বোঝাবুঝির কারণে দূরত্ব সৃষ্টি হলেও বেশি দিন দূরে থাকতে পারেননি তাঁরা। সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার এসেছেন কাছাকাছি আর বন্ধুত্ব হয়েছে আরও গভীর।

.
.

কিম কার্দাশিয়ান-নিকোল রিচ

হলিউডের ‘গোল্ডেন ইয়ুথ’ নামে প্রতিযোগিতামূলক জনপ্রিয় টিভি অনুষ্ঠানের তারকা কিম কার্দাশিয়ান ও কিংবদন্তি গায়িকা লিওনেল রিচের কন্যা নিকোল রিচ। সামাজিক মাধ্যমে তাঁদের কথা-কাটাকাটি নিয়ে নিজেদের সম্পর্ক প্রশ্নবিদ্ধ হলেও তাঁদের বন্ধুত্ব এখনো অমলিন।

.
.

জাস্টিন টিমবারলেক-রায়ান গসলিং

জাস্টিন টিমবারলেক ও রায়ান গসলিংয়ের প্রথম পরিচয় ১৯৯০ সালে, জনপ্রিয় টিভি শো ‘দ্য মিকি মাউস ক্লাব’-এ। হলিউডের সুদর্শন এ মানিকজোড়ের বন্ধুত্বের রং ২৭ বছরেও এতটুকু ম্লান হয়নি। এমনকি নাগরিকত্বের কিছু সমস্যার জন্য গসলিং মাঝেমধ্যেই টিমবারলেক ও তাঁর পরিবারের সঙ্গেও থাকেন।

.
.

মিল গিবসন-রবার্ট ডাউনি জুনিয়র

নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত এয়ার আমেরিকা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মিল গিবসন ও ‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র। একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে গিবসন ও ডাউনির মধ্যে। গিবসনের বিবাহবিচ্ছেদের কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন ডাউনি। অন্যদিকে গিবসন ডাউনিকে মাদকাসক্তির পথ থেকে ফিরে আসতে সহায়তা করেছিলেন।

গ্রন্থনা: নাদিয়া নাহরিন