তারিনের গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার আকাশ মেঘলা কি না, জানার ইচ্ছা খুব/ এই এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব’—গানটিতে কণ্ঠ দিলেন অভিনয়শিল্পী তারিন। গত রোববার রাতে এই গান ধারণের মধ্য দিয়ে শুরু হলো তারিনের প্রথম একক অ্যালবামের কাজ। নৃত্য ও অভিনয়শিল্পী হিসেবেই তারিনকে সবাই চেনেন। কিন্তু একসময় তিনি গানেরও চর্চা করতেন। টিভির বিভিন্ন অনুষ্ঠানে মাঝেমধ্যে কয়েকটি গানও করেছেন। কয়েকজন টিভি তারকার সঙ্গে অনেক দিন আগে একটি মিশ্র অ্যালবামে গান করেছিলেন। তবে বাণিজ্যিকভাবে এবারই প্রথম একক গানের অ্যালবাম করছেন তিনি।গানের অ্যালবামের ব্যাপারে আগ্রহী হওয়ার কারণ হিসেবে তারিন বললেন, ‘গানের অ্যালবাম বের করার ইচ্ছা কখনো হয়নি। আর অভিনয়ের ব্যস্ততা তো আছেই। তাই ঠিকমতো রেওয়াজও করতে পারিনি অনেক দিন। সব সময়ই চেয়েছি, যে কাজটি করব, যত্ন নিয়ে করব। গত ঈদের একটি অনুষ্ঠানে আমি গান করেছি। এরপর গীতিকার জুলফিকার রাসেল একক অ্যালবাম করার জন্য অনুরোধ করলেন। আমিও একটু সাহস পেলাম। গানের অ্যালবাম করার ব্যাপারে রাজি হয়ে গেলাম।’গানের চর্চার ব্যাপারে তারিন বললেন, ‘১৪ বছর আগে ওস্তাদ হাসান ইকরাম উল্লাহর কাছে গান শিখতাম। তাঁর কাছেই আবার গানের চর্চা শুরু করছি। আগের সেই পুরোনো গানের খাতা যত্ন করে রেখে দিয়েছিলাম। সেগুলো আবার বের করেছি।’ তারিন জানান, তাঁর প্রথম অ্যালবামে বাপ্পা মজুমদার ও ইবরার টিপু তিনটি করে এবং কলকাতার ইন্দ্রনীল ও রূপঙ্কর দুটি করে গানের সুর করেছেন। তারিনের সঙ্গে দুটি গানে কণ্ঠ দেবেন ইন্দ্রনীল ও রূপঙ্কর।জুলফিকার রাসেল জানান, আগামী নভেম্বরে চারটি গানে কণ্ঠ দিতে কলকাতায় যাবেন তারিন।অ্যালবামের সব কটি গান লিখেছেন এবং পুরো অ্যালবামের তত্ত্বাবধান করছেন জুলফিকার রাসেল। আগামী ভালোবাসা দিবসে ঢাকা ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাবে অ্যালবামটি।