তারিনের দিনরাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলু রোড ও মগবাজারে কাজলের দিনরাত্রি ছবির শুটিংয়ে অংশ নিলেন তারিন। গতকাল মঙ্গলবার সারা দিন ছবিটির শুটিং হয়েছে এই দুটি এলাকায়। ১৯৮৮ সালে বাদল রহমানের কাঁঠালবুড়িতে অভিনয় করেছিলেন তারিন। ওটা ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরপর টিভিতে নাটক, টেলিছবি এবং ধারাবাহিকে অনেক কাজ করা হয়েছে। এবার তিনি অভিনয় করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন সজল খালেদ। বড় পর্দায় কাজ করার অনুভূতি জানাতে গিয়ে তারিন বললেন, ‘৩৫ মিমি প্রযুক্তিতে নয়, ছবির চিত্রধারণে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ক্যামেরা। এ ধরনের ক্যামেরায় আমি এর আগেও টিভি নাটকের কাজ করেছি। যদিও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করছি, কিন্তু আলাদা কিছু মনে হচ্ছে না। ছবির চিত্রধারণের কাজ করছেন আনোয়ার হোসেন। ওনার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তাই বেশি ভালো লাগছে।’ছবিতে কাজলের মায়ের ভূমিকায় অভিনয় করছেন তারিন। আর কাজল চরিত্রটি করছে তন্ময়। কাল সারা দিনই তন্ময় ও তারিনের অংশগুলো ধারণ করা হয়েছে। ঈদের কাজ প্রসঙ্গে তারিন বললেন, ‘এবার আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান তানা প্রোডাকশন থেকে একটি টেলিছবি তৈরি হচ্ছে। নাম কবি ও কাব্যমন্ত্র। পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। আমার জন্য খুব বড় ব্যাপার হলো, এই টেলিছবিতে একসঙ্গে অভিনয় করছেন আলী যাকের, আসাদুজ্জামান নূর ও হুমায়ুন ফরীদি। আমার এই প্রতিষ্ঠান থেকে গত বছর ঈদে প্রথম নাটক প্রচারিত হয়েছিল এনটিভিতে। এবারও একই চ্যানেলে দেখানো হবে টেলিছবিটি।’