তারিনের রজতজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠ জড়িয়ে গেছে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। তার মধ্যেই বলে চললেন তারিন, ‘একজন গুরু, পথপ্রদর্শক বলতে যা বোঝায়, মামুন আংকেলের (আবদুল্লাহ আল-মামুন) অবস্থান আমার জীবনে ঠিক তা-ই। বাবার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমি যাঁকে, তিনি মামুন আংকেল। তাঁর ব্যক্তিগত অ্যালবামে এই সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে আমার ও ঈশিতার ছবিই তিনি সংরক্ষণ করেছেন। আংকেল বেঁচে নেই, কিন্তু আমার কাজের মধ্যে আমি সব সময়ই তাঁর প্রচ্ছন্ন ছায়া খুঁজে পাই। উনি যেদিন মারা গেলেন, অনেকে আমাকে বলেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে; তাঁর লাশ দেখতে যেতে। কিন্তু আমি যাইনি। কফিনে শোয়া তাঁর নিস্তেজ চেহারাটা দেখতে চাইনি। যাঁকে আমি ভালোবাসি, তাঁর প্রতি আবার শেষ শ্রদ্ধা কী? অভিনেত্রী তারিন, ব্যক্তি তারিন যত দিন বেঁচে থাকবে, এমন মানুষটির প্রতি আমার শ্রদ্ধাও তত দিন বেঁচে থাকবে।’গুনে গুনে ২৫টি বছর অভিনয়ের সঙ্গে কাটিয়ে দিলেন তারিন। সেই প্রাক্কালেই স্মরণ করছিলেন প্রিয় মানুষদের কথা, অর্জনের কথা, ‘সেদিন রাঙামাটিতে এক শুটিংয়ে ফরীদি ভাই (হুমায়ুন ফরীদি) হঠাৎ জিজ্ঞাসা করলেন, “মা, তুই কি আমাকে শিডিউল দিবি? আমার খুব শখ, তোকে নির্দেশনা দেব।” বিশ্বাস করুন, আমি নিজেকে তখন এতটাই সম্মানিত মনে করেছিলাম, সঙ্গে সঙ্গে বলেছি, “কেন নয়?” স্ক্রিপ্ট, চরিত্র, সহশিল্পী—কোনো কিছুই তাঁর নাটকের ক্ষেত্রে আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। ফরীদি ভাই আমাকে নির্দেশনা দেবেন—এটাই অনেক বড় অর্জন।’ ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন থেকে হানিফ সংকেত—এ রকম আরও অনেক গুণী ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারাটা নিজের অনেক বড় অর্জন মনে করেন তারিন। নতুন কুঁড়ির রাষ্ট্রীয় ট্রফি হাতে পাওয়ার পর ২৫ বছরে অসংখ্য পুরস্কার পেয়েছেন তারিন। একক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অসংখ্য সাহিত্যনির্ভর নাটকে কাজ করেছেন। পুরুষ চরিত্রে কাজ করেছেন। এ টি এম শামসুজ্জামান থেকে ইমন—প্রায় সবার বিপরীতে অভিনয় করেছেন। দেখা গেছে, তারিনের আগের প্রজন্মের বিপাশা, শমী, মিমি কিংবা সমসাময়িক ও পরের প্রজন্মের ঈশিতা, শ্রাবন্তী অভিনয় থেকে এখন অনেকটাই দূরে। কেউ করছেন; তবে অনিয়মিত। তারিন ২৫ বছর জনপ্রিয়তা টিকিয়ে রেখে কী করে কাজের স্পৃহা ধরে রেখেছেন? ‘অভিনয়টা যে আমার কাছে এবাদতের মতো। অভিনয় ছাড়া অন্য কোনো কাজেই কখনো পূর্ণ মনোযোগ দিইনি।’ রহস্য আবৃত করে তারিন বললেন, ‘এ কারণেই হয়তো অভিনয় ছাড়া নিজেকে এক মুহূর্ত ভাবতে পারি না। তা ছাড়া আমার আজকের এই অবস্থানে আসার জন্য আমার দর্শকও সমান কৃতিত্ব রাখেন। তাঁদের অকুণ্ঠ সমর্থন না পেলে কাজ করে যাওয়া সম্ভব হতো না।’২৫ বছর দুই ধারার নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তারিন। তবে সামপ্রতিক সময়ের তরুণ পরিচালকদের নিয়ে তিনি বেশ আশাবাদী, ‘তরুণদের কাজের মাঝে একটা নতুনত্ব থাকে। প্রকাশভঙ্গিটা আলাদা থাকে। তাই বলে সবাই যে ভালো করছে, তাও বলছি না। কৌশিক শংকর দাশের সঙ্গে মায়াজাল-এ কাজ করলাম। সামনে তাঁর একটি ফালতু প্রেমের গল্প-এর কাজ শুরু করব। কৌশিক দা জানেন, উনি কী করবেন। অনেক পরিচালকও সেটা জানেন না। অনিমেষ আইচ, দীপংকর দীপন, মাসুদ হাসান উজ্জ্বল, মেজবাউর রহমান সুমন, তুহিন অবন্ত নতুনদের মধ্যে অনেকেই আমার প্রিয় পরিচালক। গোলাম সোহরাব দোদুল কিছুটা পুরোনো, তিনিও আমার পছন্দের একজন।’ প্রসঙ্গক্রমেই এসে যায় তারিনের ক্যামেরার পেছনে আসার বহুল প্রচলিত প্রশ্নটি—পরিচালনা করছেন কবে? একগাল হেসে তারিন জানালেন, ‘অনেকে এমনও প্রশ্ন করেন—অমুক পরিচালনা করছেন, আপনি করছেন না কেন? মনে হয় অভিনয় করলেই পরিচালক হতে হবে, এটাই নিয়ম। অনেকে তো পরিচালনার “প” না জেনেও ক্যামেরাম্যানের ওপর নির্ভর করে ১০০ নাটক নির্মাণ করে ফেলেন! আমি পরিচালক হলে ক্যামেরাম্যানকে নির্দেশনা দিতে চাই। ক্যামেরাম্যান যেন আমাকে নির্দেশনা না দেয়। শিখে-পড়ে তবেই মাঠে নামব। তবে তার আগে এ বছর নতুন অভিনয়শিল্পী, নাট্যকার, পরিচালকদের নিয়ে মানসম্পন্ন কয়েকটি নাটক প্রযোজনা করতে চাই।’বাতাসে গুঞ্জন, শিগগিরই নাকি তারিন বিয়ে করতে যাচ্ছেন। বরাবরের মতো এবারও প্রত্যাশামাফিক কোনো উত্তর পাওয়া গেল না। উল্টোপাল্টা প্রশ্নের বন্যা, ‘কবে? কখন? কাকে?’ উত্তর জানা নেই এই প্রতিবেদকের। সুতরাং এই জটিল সমীকরণের হিসাব না মিলিয়ে তারিনের কথা মেনে নেওয়াই উত্তম, ‘আকাশে চাঁদ উঠলে মানুষ দেখবেই। সেই চাঁদ আগামীকালও উঠতে পারে। অথবা আগামী মাস, আগামী বছর।’