তারুণ্য ও তাড়নার ৫০ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালামের পঞ্চাশ উদ্‌যাপন উপলক্ষে গতকাল রাজধানীর মহিলা সমিতি প্রাঙ্গণে প্রাচ্যনাটের পরিবেশনা l ছবি: প্রথম আলো
অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালামের পঞ্চাশ উদ্‌যাপন উপলক্ষে গতকাল রাজধানীর মহিলা সমিতি প্রাঙ্গণে প্রাচ্যনাটের পরিবেশনা l ছবি: প্রথম আলো

যাঁর জন্মদিন, একটু দূরে বসে সঙ্গীদের আনন্দ উদ্যাপন দেখছিলেন তিনি। এত সব আয়োজন তাঁকে যেন খানিকটা বিব্রতই করছিল। প্রাণের স্বজনদের, নিজের নাটকের দলের বন্ধুদের এই মিঠে উল্লাস তো উপেক্ষাও করতে পারেন না আজাদ আবুল কালাম। থেকে থেকে তাঁকেও দেখা যাচ্ছিল বন্ধুদের বাদ্যের সঙ্গে দুই হাত এক করে মেলাচ্ছিলেন করতাল।
গতকাল বুধবার সন্ধ্যায় ছিল নাট্যকার ও অভিনেতা আজাদ আবুল কালামের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে তাঁর সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুদের আয়োজনে ‘তারুণ্য ও তাড়নার ৫০’। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির উঠোনে তাঁকে শুভেচ্ছা জানানোর আয়োজনে এসেছিলেন তাঁর ঝাঁক ঝাঁক বন্ধু। বাদ্য ও কোরিওগ্রাফির সমন্বয়ে ‘শব্দ ও ছবি’ দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তাঁর দল প্রাচ্যনাটের বন্ধুরা। শেষে ছিল শুভেচ্ছা বিনিময়ের পালা। স্ত্রী ও ছেলের হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর শুরু হয় বন্ধুদের শুভেচ্ছার পর্ব। শুভেচ্ছা জানান কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কবি আলফ্রেড খোকনসহ অনেকে। আজাদ আবুল কালাম বলেন, ‘এত দিন একসঙ্গে থেকে যারা পরস্পরের উত্তাপকে ব্যবহার করেছি, তারাই আজ একত্র হয়ে এ আয়োজনটি করেছে। টেলিভিশনে অভিনয় করি, এসবের পর রাস্তায় বের হলে লোকজন বলবেন, এই লোকটার বয়স ৫০! তবু বন্ধুরা যদি এ আয়োজন করে আনন্দ পায়, আমার খারাপ লাগবে কেন?’ শক্তিশালী অভিনয় ও নির্দেশনার গুণে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই স্বাক্ষর রেখেছেন তিনি। তাঁর এতগুলো উজ্জ্বল বছর যাপন উদ্যাপনের মতোই।
মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গতকাল ছিল তাঁর লেখা ও নির্দেশনায় প্রাচ্যনাটের নাটক সার্কাস সার্কাস। আজ সন্ধ্যা সাতটায় একই জায়গায় থাকবে তাঁর নির্দেশিত উদীচীর নাটক বৌ বসন্তী। কাল বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মিলনায়তনের লবিতে হবে তাঁকে নিয়ে বন্ধুদের উন্মুক্ত বৈঠক। সন্ধ্যা সাতটায় থাকবে মুরাদ খানের লেখা ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের কইন্যা নাটকের মঞ্চায়ন।