
আয়োজনের উদ্বোধকের সংখ্যা প্রায় ৫০ জন! তাঁদের মধ্যে নির্দিষ্ট করে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি ছিলেন না। সভাপতি হিসেবে কাউকে পাওয়াও গেল না। যাঁরা এসেছিলেন, তাঁদের পরিচয় ভিন্ন ভিন্ন। কেউ কবি, কেউ প্রাবন্ধিক, কেউবা আবার ঔপন্যাসিক। তবে একটা মিল আছে, সমাগতদের সবারই প্রথম বইটি প্রকাশিত হয়েছিল ঐতিহ্য থেকে। আড্ডা ও মিলনমেলার মধ্য দিয়ে ঐতিহ্যের মাসব্যাপী বই উৎসব উদ্বোধন করলেন একঝাঁক তরুণ লেখক।
রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত প্রান্তরে ‘তারুণ্য হটাবে নিঃস্ব অন্ধকার’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হয় এ উৎসব। এতে রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় ৫০ জন তরুণ লেখক যোগ দিয়েছিলেন। ফলে তরুণ লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছিল এই উৎসব।
উৎসবে যোগ দিয়েছিলেন ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান, লেখক প্রভাষ আমিন, আজিজুল পারভেজ, নওশাদ জামিল প্রমুখ। বই উৎসব কোনো বিরতি ছাড়াই আগামী ১৭ মে পর্যন্ত চলবে।