
প্রদর্শনকক্ষে ঢুকতেই পড়তে হয় অন্ধকারের মাঝে। কালো রঙের নানা আকারের লোহার ফ্রেম ও কালো পর্দার জ্যামিতিক বিন্যাসের স্থাপনাকর্মের গায়ে লেখা বিভিন্ন নাম—ফারাজ, অবিন্তা, তারিশি, ইশরাত...। নামগুলো এখন স্মৃতি। হলি আর্টিজানে উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছিলেন তাঁরা। স্থাপনাকর্মের বিভিন্ন কোণ থেকে বিচ্ছুরিত লেজার রশ্মি যুক্ত করছিল এক একটি স্থাপনাকর্মকে। যেন একটি যোগাযোগ তৈরির চেষ্টা। পাশেই শিল্পকর্মের পরিচয়ে শিল্পী মিহির মশিউর লিখলেন, একটা প্লাস্টিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছি আমরা। বিশ্বজুড়ে দৃশ্যগত প্লাস্টিক কথোপকথন তুলে ধরার চেষ্টা মাত্র।
এমনই বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম দিয়ে সাজানো ছিল প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে ‘আত্ম/পরিচয়’ নামে নবীন শিল্পীদের কাজ নিয়ে এই দৃশ্যশিল্প প্রদর্শনীর। গতকাল দ্বিতীয় দিন ছিল তারুণ্যে ভরা। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের এক ঝাঁক তরুণ এসেছেন শিল্পের সঙ্গে স্থাপত্যের যোগাযোগ জানতে।
এরই মাঝে প্রদর্শনীকক্ষে আসেন প্রদর্শনীর কিউরেটর ওয়াকিলুর রহমান। শিক্ষার্থীরা তাঁকে ঘিরে একের পর এক প্রশ্ন করেন। সবার প্রশ্ন শুনে কিউরেটর ব্যাখ্যা করতে থাকেন একেক করে। শেষে বলেন, ‘প্রথমে বুঝতে একটু কষ্ট হবে। কারণ প্রতিটি শিল্পকর্ম শিল্পীর নিজস্ব ভাবনা। প্রতিনিয়ত নতুন ভাষা তৈরি হচ্ছে। বুঝতে হলে প্রদর্শনীগুলোতে আসা-যাওয়া করতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের সঞ্চিতা বিশ্বাস বলেন, ব্যতিক্রমী এ প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে সমাজের আড়ালে থাকা ক্লেদগুলো উঠে এসেছে। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ৪৩ জন শিল্পী। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।