তারুণ্যের মিছিলে

শুভ্রতার শক্তি অসীম—বয়স অভিজ্ঞতা সবকিছু ছাপিয়ে কোনো এক জাদুমন্ত্রবলে যেন মিলনায়তনপূর্ণ দর্শককে সেদিন মোহমুগ্ধ করে নিয়ে গিয়েছিল উপলব্ধির এক অন্য মাত্রায়। গত ৭ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে প্রদীপ হাতে ‘হিমের রাতে ঐ গগনের দীপগুলিরে’ গানের সঙ্গে তারুণ্যের মিছিলে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ‘জ্বালাও আলো আপন আলো’র ৪৯টি আসরের তরুণ আবৃত্তিকারেরা শ্বেতশুভ্র বসনে। একই সাজে মঞ্চের দুই পাশ থেকে এসে মিছিলে শামিল হন আবৃত্তি সমন্বয় পরিষদের নেতারা।
আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্র আহ্বানে দর্শকসারি থেকে মঞ্চে উঠে একে একে মিছিলের অগ্রভাগে এককাতারে দাঁড়িয়ে যান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য তারিক আলী ও কবি রবিউল হুসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী—যাঁদের মধ্যমণি সস্ত্রীক আশরাফুল আলম; ৬৯ বছর বয়সেও যিনি তরুণদের চোখে ঈর্ষণীয়ভাবে অনুকরণীয় ব্যক্তিত্ব। মৌন মিছিল শেষে সৈয়দ হাসান ইমামের কণ্ঠকে অনুসরণ করে হাজার কণ্ঠে উচ্চারিত হয় ‘অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে।’ আশরাফুল আলমের স্ত্রী বিস্মিত শাহানা পারভীন যেন আপনমনেই বলে ওঠেন: ‘আবৃত্তি পরিবার এত বড় হয়ে গেছে!’
প্রথমবারের মতো আবৃত্তিতে প্রবর্তিত ২০১৪ সালের শিল্পকলা পদক পেয়েছিলেন আশরাফুল আলম। তারপর থেকেই তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হয়েছিল—সেটা পূর্ণতা পেল সেদিন। পুনরায় মো. আহ্কাম উল্লাহ্র অনুগামী হয়ে ‘ও আলোর পথযাত্রী’ গানটির সঙ্গে মঞ্চপদযাত্রায় দর্শকদের মুগ্ধ করে ধীর পদক্ষেপে সবাই মঞ্চ ছেড়ে গেলেও রেখে গেলেন ‘জ্বালাও আলো আপন আলো’র ৫০তম আসরে চিরতরুণ আশরাফুল আলমকে, তাঁর একক পরিবেশনার জন্য। ‘এত বড় আয়োজন দেখে নিজেকে খুব ÿক্ষুদ্র মনে হচ্ছে’ এই অভিব্যক্তি প্রকাশ করে একে একে ২১টি কবিতার আবৃত্তি ও নিজের লেখা একটি ছোটগল্প শোনান তিনি।
তাঁর শেষ পরিবেশনা তবলার বোলের সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতার আবৃত্তির রেশ নিয়ে তুষ্টচিত্তে বাড়ির পথ ধরেন বিমুগ্ধ দর্শক-শ্রোতা—এ কথা ভাবতে ভাবতে যে, ‘একদিন আমরাও...’