তারেক ও ক্যাথরিন মাসুদের চলচ্চিত্র নিয়ে উৎসব
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ছোট-বড় ২০টি ছবি নিয়ে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে কাল শনিবার। সাভারের গণবিশ্ববিদ্যালয়ের পিএইচ মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই উৎসবের। তারেক মাসুদ জানান, গণবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হয়েছে। এখানে দেখানো হবে সম্প্রতি ‘মেরিল-প্রথম আলো’ প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার পাওয়া রানওয়েসহ কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত মাটির ময়না ও সুধীমহলে প্রশংসিত অন্তর্যাত্রা, মুক্তিযুদ্ধের ওপর জনপ্রিয় ছবি মুক্তির গান, মুক্তির কথা, নরসুন্দর ও শিল্পী সুলতানকে নিয়ে তৈরি আদম সুরতসহ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি। এর মধ্যে কয়েকটি ছবি আগে বড় পর্দায় প্রদর্শন করা হয়নি। শনিবার দুপুর দুইটায় উৎসব উদ্বোধন করবেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে মাটির ময়না এবং স্বল্পদৈর্ঘ্য ছবি ঐকতান ও একুশ। উৎসব চলবে ১২ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর দুইটা ও বিকেল চারটায় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।