তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের চলচ্চিত্র নিয়ে খুলনায় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত সব চলচ্চিত্র নিয়ে এবারই প্রথম খুলনায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো। খুলনা ফিল্ম সোসাইটির উদ্যোগে বিভাগীয় জাদুঘর মিলনায়তনে আজ শুরু হচ্ছে চার দিনের এই উৎসব। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। এরপর বেলা সাড়ে তিনটায় শিল্পী সুলতানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র আদম সুরত ও রাজশাহীর কানসাটে বিদ্যুতের দাবিতে সংঘটিত আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র কানসাটের পথে দেখানো হবে। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিলভিত্তিক চলচ্চিত্র মুক্তির গান এবং মুক্তির গান নির্মাণের নেপথ্য চিত্র। কাল শুক্রবার বেলা তিনটায় দেখানো হবে প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির কথা ও শিশু কণ্ঠ এবং বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না ও এর নির্মাণচিত্র। শনিবার বেলা তিনটায় দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তর্যাত্রা, তারেক মাসুদ ও শামীম আখতারের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সে এবং প্রামাণ্যচিত্র নিরাপত্তার নামে। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে অ্যানিমেশন চলচ্চিত্র ঐকতান, ধারাবাহিক স্থিরচিত্রের প্রয়োগে নির্মিত বাঁচতে দাও, প্রামাণ্যচিত্র সোনার বেড়ি ও নারীর কথা। উৎসবের শেষ দিন রোববার বিকেল চারটায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর এবং নতুন চলচ্চিত্র রানওয়ের বিশেষ প্রদর্শনী।