তারেক মাসুদ ও তথ্যচিত্র 'ফেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরা তথ্যচিত্রে তারেক মাসুদ
ফেরা তথ্যচিত্রে তারেক মাসুদ

কম লিখতেন বলে একধরনের যন্ত্রণা ছিল তারেক ভাইয়ের মধ্যে। আমরাও প্রয়োজনীয় বিষয়ে তাঁর লেখা পাওয়ার জন্য যন্ত্রণাটা মাঝেমধ্যে উসকে দিতাম। তিনি সেটা উপভোগই করতেন। কিন্তু চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে যেমন তিনি সময় নিতেন অনেক, তেমনি গুছিয়ে লেখার বেলায়ও সময় নিতেন বেশ। অসংখ্য সংশোধনীর পর একেকটি লেখা প্রকাশের জন্য তৈরি হতো। প্রকাশিত লেখা এবং নির্বাচিত সাক্ষাৎকার নিয়ে বেশ কয়েকবার প্রকাশনার উদ্যোগ নিয়েও সময়ের অভাবে শেষ পর্যন্ত গুছিয়ে উঠতে পারেননি। কাগজের ফুল দ্বিতীয়বার স্থগিত হওয়ার কারণে ২০০৯ সালের শেষভাগে কিছুটা অবসর পাওয়া যায়।
গুরুত্বপূর্ণ নানা বিষয়ে তখন অনেক কথা বলতেন, যার প্রতিটি কথাই প্রামাণ্যকরণের উপযোগী এবং প্রয়োজন বলে মনে হতো। কিন্তু সব কথা তো আর ধারণ করার সুযোগ হতো না। সেই অবসরে উদ্যোগ নিই একটি সাক্ষাৎকারধর্মী প্রকাশনার, যেখানে তাঁর ছেলেবেলা থেকে শুরু করে ব্যক্তিগত ও কাজের ক্ষেত্র নিয়ে সমগ্র জীবনটাই ধরার প্রয়াস থাকবে। সেই প্রকাশনার প্রয়োজনে শুরু হয় শব্দ ধারণের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়ার কাজ। সেই প্রক্রিয়া যখন মাঝামাঝি, তখন হঠাৎ বিশেষ প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন পড়ে তাঁর। তত দিনে একটি প্রকাশনী সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যাওয়ার দিনক্ষণ যখন চূড়ান্ত, তখনই একদিন ভাবনাটা আসে—লিখিত সাক্ষাৎকারের পাশাপাশি একটি ভিজুয়াল সাক্ষাৎকারও আমরা ধারণ করব, যেটি ডিভিডি আকারে বইয়ের সঙ্গে প্যাকেজের অন্তর্ভুক্ত হবে। তবে সেই ভিজুয়াল সাক্ষাৎকার বাসায় বসে নয়, নেওয়া হবে যাত্রাপথে।
দিনটি ছিল ২০০৯ সালের ৬ অক্টোবর। বৃষ্টিভেজা এক ভোরবেলা আমরা মাইক্রোবাস নিয়ে রওনা হই তারেক ভাইয়ের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে। যেতে যেতে তিনি বলেন তাঁর ছেলেবেলা, মাদ্রাসাজীবন, প্রথম ঢাকায় আসার স্মৃতি, ধীরে ধীরে চলচ্চিত্রসংশ্লিষ্ট হওয়া এবং চলচ্চিত্রকার হয়ে ওঠার গল্প। বলেন সুলতানের ওপর তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে নতুন করে গ্রামকে আবিষ্কার করার গল্প। ঝোড়ো বাতাস আর বৃষ্টিপাতের মধ্যে স্পিডবোটে পদ্মা পার হতে হতে তিনি মুঠোফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদের সঙ্গে। গ্রামের বাড়িতে পৌঁছে তিনি মা-বাবার সঙ্গে কথা বলেন। পরিবারের অন্য সদস্যদের খোঁজখবর নেন। দুপরের খাবার শেষে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে শুরু হয় ফেরার পথে যাত্রা।

ফেরা তথ্যচিত্র
ফেরা তথ্যচিত্র

ঢাকায় ফিরতে ফিরতে তিনি কথা বলেন চলচ্চিত্রের নানা অনুষঙ্গ নিয়ে। কথা বলেন ডিজিটাল চলচ্চিত্রের সম্ভাবনা, সিনেপ্লেক্সের প্রয়োজনীয়তা, উপমহাদেশের চলচ্চিত্র বিনিময় ও ট্যাক্সপ্রথা, ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতার জন্য ক্ষেত্র প্রস্তুতসহ দেশীয় চলচ্চিত্রের নানা সংকট ও সম্ভাবনার বিষয়ে। যাওয়া-আসার দীর্ঘ ১১ ঘণ্টার ভ্রমণকালে তাঁর সাক্ষাৎকার ধারণ করা হয়েছে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো। সেখান থেকে উল্লেখযোগ্য ৪০ মিনিটের সংকলন নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ফেরা। তাঁর মৃত্যুর প্রায় দুই বছর আগে ধারণ করা এই সাক্ষাৎকার কখনো মূল্যবান তথ্যচিত্র হয়ে উঠবে, এমন ভাবনা মাথায় আসেনি। এটি অবশ্যই তারেক মাসুদ নামের মহিরুহকে সামগ্রিকভাবে ধারণ করে না। এটি এক দিনের ভ্রমণে তাঁর মূল্যবান কথোপকথনের নির্যাস মাত্র। তবে তারেক মাসুদকে জানার জন্য, তাঁর সৃষ্টিকর্মকে জানার জন্য, চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা বিষয়ে তাঁর ভাবনা ও মতামতকে জানার জন্য এটি একটি আলোর রেখা হতে পারে বৈকি।
যাত্রাপথে তিনি বলছিলেন, ‘মানুষের শিকড় অনেক জায়গায় প্রোথিত হয়। সেই শিকড়ের টানে আমরা সব সময় কোথাও না কোথাও যাচ্ছি, কোথাও না কোথাও ফিরছি।’ কারও কারও জন্য সেই ফেরা হয়ে ওঠে অনন্তকালের। কারও কারও ফিরে যাওয়া বিশাল জনগোষ্ঠীর জন্য তৈরি করে গভীর শূন্যতা। সেই শূন্যতার পথ ধরে যে আলোকরশ্মি আসে, সেই আলোর পথ ধরে আমরাও পথ চলি অন্য কোথাও ফিরব বলে।