তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ
তারেক মাসুদ

২০১১ সালের ১৩ আগস্ট আমরা হারিয়েছিলাম চলচ্চিত্রজগতের পাঁচজনকে, যাঁদের মধ্যে ছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীর।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রজন্ম ’৭১ যৌথভাবে আজ শনিবার তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মরণ আলোচনার আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।
বিকেল সাড়ে চারটায় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র রানওয়ে প্রদর্শনীর পর সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন।

মিশুক মুনীর
মিশুক মুনীর

সন্ধ্যা পৌনে ছয়টায় থাকবে আলোচনা। তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র রানওয়ে বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্র সমালোচক ও অধ্যাপক আ. আল মামুন। আলোচনায় অংশ নেবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, প্রজন্ম ’৭১-এর সহসভাপতি ও মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর, তারেক মাসুদের সহোদর নাহিদ মাসুদ ও অনল রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদও আজ টিএসসির পাশের সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা চত্বরে তারেক-মিশুক স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করছে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম। সবশেষে দেখানো হবে রানওয়ে, নরসুন্দর ও ফেরা চলচ্চিত্র।