তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মারক বক্তৃতা
তারেক মাসুদ ও মিশুক মুনীর। ব্যক্তিজীবনে তাঁরা ছিলেন সদা হাসিখুশি, সদালাপি ও সৃজনশীল। এর প্রতিফলন তাঁদের কর্মজীবনেও পাওয়া যায়। তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এমসিজে ফিল্ম ক্লাব আয়োজিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশুক মুনীর ও তারেক মাসুদের ব্যক্তি ও কর্মজীবন নিয়ে প্রবন্ধ পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দুজন শিক্ষার্থী। ‘মিশুক মুনীর: দৃশ্যের কারিগর’ শীর্ষক প্রবন্ধে সারা মনামী বলেন, ‘চলচ্চিত্রে মিশুক মুনীর যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা উপলব্ধি করা যায় তাঁর ক্যামেরা সঞ্চালনের দক্ষতা দিয়ে। ঘটনা ও চরিত্রের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রঙের ব্যবহার করেছেন তিনি। তাঁর সব কাজের মধ্যে দৈনন্দিন জীবনের আলো দেখা যায়।’
প্রণব ভৌমিক লিখেছেন ‘তারেক মাসুদের চলচ্চিত্রে জাতীয় আত্মপরিচয়ের খোঁজ’ শীর্ষক প্রবন্ধ। এখানে তারেক মাসুদের সৃষ্টি থেকে মাটির ময়না, নরসুন্দর, মুক্তির কথা সিনেমায় জীবন চেতনার বিশ্লেষণ করা হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘নতুন প্রজন্মের যেসব প্রতিবেদক, সংবাদ উপস্থাপক ও সংবাদ প্রযোজক বাংলাদেশের এ জায়গাটিতে তাঁদের প্রভাব বজায় রাখছেন, তাঁদের অনুপ্রাণিত করেছিলেন মিশুক মুনীর।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, প্রথম আলোর বার্তা পরামর্শক কুর্রাতুল-আইন-তাহিমনা ও চলচ্চিত্র গবেষক জাকির হোসেন।