তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির উদ্দেশে ‘সেলিম আল দীন জন্মোৎসব’
সেলিম আল দীনের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগান নিয়ে ‘সেলিম আল দীন জন্মোৎসব’ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করা হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সেলিম আল দীন জন্মোৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ জানান, এবারের উৎসব প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির উদ্দেশে নিবেদন করা হচ্ছে।জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে একযোগে অনুষ্ঠিত হবে এই উৎসব। সেলিম আল দীন জন্মোৎসব উদ্যাপন পর্ষদে রয়েছে ঢাকা থিয়েটার, স্বপ্নদল, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও দ্যাশবাংলা থিয়েটার। উৎসব আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।নাসির উদ্দীন ইউসুফ আরও জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার লবিতে উৎসবের উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। এরপর জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে নিমজ্জন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্বপ্নদল ফেস্টুনে লেখা স্মৃতি এবং স্টুডিও থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুত্র নাটকের প্রদর্শনী করবে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জাতীয় নাট্যশালার লবিতে পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী হবে।