তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন যাঁরা
‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা-২০২০’–এর বিজয়ী হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বায়োস্কোপ’। এই ছবিটি নির্মাণ করেছেন ওয়াহিদ রাজ। দ্বিতীয় হয়েছে কে এম কনকের ‘লটারি’। রাদ আহমেদ ফুয়াদের ‘নিয়েন্তে এন রিয়েলতা’ ছবিটি পেয়েছে তৃতীয় পুরস্কার। রোববার তারেক মাসুদের জন্মদিনে অনলাইনে লাইভ অনুষ্ঠানে বিজয়ী ছবি ও পরিচালকের নাম ঘোষণা করা হয়। সময়মতো অনুষ্ঠান করে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট আর সার্টিফিকেট।
জীবনঘনিষ্ঠ ও দূরদৃষ্টিসম্পন্ন নির্মাতা হিসেবে তারেক মাসুদ নতুন প্রজন্মকে উৎসাহ দিতেন সব সময়। নিজেকে তিনি বিচ্ছিন্ন দেখতে পছন্দ করতেন না। তাই ‘রিলে-রেস’–এর মতো করে পূর্বসূরিদের কাজকে এগিয়ে নেওয়ার কথা যেমন ভাবতেন, তেমনি পরবর্তী প্রজন্মকেও অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করে তুলতেন। তাঁর এই ভাবনা ও বিশ্বাসের রূপায়ণ হিসেবে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ২০১৩ সালে আয়োজন শুরু করে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা।
মাঝখানে কয়েক বছর বিরতির পর তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদানে এ বছর আবার আয়োজিত হচ্ছে এর চতুর্থ আসর। আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং সহযোগিতায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও ইমেশন ক্রিয়েটর। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মোরশেদুল ইসলাম, ক্যাথরিন মাসুদ, খুশী কবির, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিযোগিতার তৃতীয় আসরে বিজয়ী নির্মাতা ইনজাম হাসান। আয়োজকেরা জানিয়েছেন, অন্যবারের মতো এবারও তরুণ নির্মাতাদের দিক থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। মহামারি করোনার প্রতিবন্ধকতার মধ্যেও মোট ৫৭টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে সর্বশেষ ১০টি ছবি বাছাই করা হয়েছিল। ছবিগুলো হচ্ছে শ্রেয় চৌধূরী ও অনিক চন্দর ‘৪০৪ এরর’, নভেরা হাসানের ‘আগুয়ান’, শাহাজাদা আল করিমের ‘বিফোর দ্য ল’, ওয়াহিদ রাজের ‘বায়োস্কোপ’, ফরহাদ হাসান ফাহাদের ‘ইন্টারভ্যাল’, কে এম কনকের ‘লটারি’, নূরে আলমের ‘মিনিয়াং’, রাদ আহমেদ ফুয়াদের ‘নিয়েন্তে এন রিয়েলতা’, রুদ্রনীল আহমেদের ‘নাথিং হ্যাপেন্ড দ্যাট নাইট’, অরুনাভ বিলের ‘দ্য এন্ডলেস সার্কল’। সেখান থেকে সেরা তিনটি ছবির নাম ঘোষণা করা হলো রোববার রাতে।
তারেক মাসুদের জন্ম ফরিদপুরে, ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর। ছাত্রজীবন থেকেই নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছড়া লেখেন, কাজ করেন লেখক শিবিরে। ১৯৭৫ সালে যুক্ত হন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে।
১৯৯৬ সালে নির্মাণ করেন ‘মুক্তির গান’। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় একটি ভ্রাম্যমাণ গানের দলকে নিয়ে তৈরি করা প্রামাণ্য চিত্রগুলো সংগ্রহ করে তৈরি হয় ছবিটি। এরপর একে একে নির্মাণ করেন ‘মুক্তির কথা’ (১৯৯৯), ‘নারীর কথা’ (২০০০), ‘মাটির ময়না’ (২০০২), ‘অন্তর্যাত্রা’ (২০০৬), ‘নরসুন্দর’ (২০০৯) ও ‘রানওয়ে’ (২০১০)। ‘মাটির ময়না’ কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিকস প্রাইজ অর্জন করে। ২০১১ সালের ১৩ আগস্ট নির্মাণাধীন ‘কাগজের ফুল’-এর লোকেশন খোঁজার পর ঢাকা ফেরার সময় মানিকগঞ্জে তারেক মাসুদ, ক্যামেরা সঞ্চালক আশফাক মুনীর মিশুকসহ পাঁচজন নিহত হন।