তারেক মাসুদকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্সবে ছিল আলোকচিত্র প্রদর্শনী
উত্সবে ছিল আলোকচিত্র প্রদর্শনী

সারা দিন লম্বা ভ্রমণ। তারপর পাড়ি জমালেন গ্রামের বাড়িতে। যাত্রাপথে সহকর্মীদের সঙ্গে চলে জীবনের উল্লেখযোগ্য নানা বিষয় নিয়ে বিস্তর আলাপ। নিজের ছেলেবেলা, মাদ্রাসাজীবন, নিজের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎসহ আরও নানা বিষয় উঠে আসে সেই আলাপে। এ যেন এক স্বপ্নভরা কথামালা...।
এই ভ্রমণ ও কথামালা প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের। কেমন ছিল সেই ভ্রমণ? আর কী রং ছিল সেই কথামালার? প্রসূন রহমান তা পর্দায় হাজির করলেন ফেরা  প্রামাণ্যচিত্রে। ফেরা তারেক মাসুদের সৃজনশীল চিন্তা ও অনুপম ব্যক্তিত্বের প্রামাণ্যধারক। ওহ্! ফেরার কথা বললাম যে কারণে...
৭ ডিসেম্বর বিকেল চারটা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় চলছিল ফেরার প্রদর্শনী। চলচ্চিত্রকর্মী ও দর্শকে ভরা মিলনায়তন। ফেরার প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১২ সালের ১৩ অগাস্ট। সেদিনের প্রদর্শনীর উপলক্ষ ছিল তারেক মাসুদের প্রথম মৃত্যুবার্ষিকী। আর এবারের প্রদর্শনীর উপলক্ষ তাঁর ৫৭তম জন্মবার্ষিকী উদ্যাপন। আয়োজনের নাম দেওয়া হয়েছে তাই ‘তারেক মাসুদ উৎসব’। উৎসব হয় ৬ ও ৭ ডিসেম্বর। বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। জানা গেল, জাতীয় চিত্রশালায় উৎসবের উদ্বোধন হয়েছে ৬ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায়। উদ্বোধন শেষে তারেক মাসুদ স্মারক বক্তৃতা দেন নূরুল আলম আতিক। এ ছাড়া ছিল প্রথমা প্রকাশিত তারেক মাসুদের চলচ্চিত্রলেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় তারেক মাসুদ নির্মিত আদম সুরত নিয়ে আলোচনা। উদ্বোধনী দিনের সবশেষ আয়োজন ছিল আদম সুরত সম্পর্কে তারেক মাসুদের সাক্ষাৎকার এবং এর প্রদর্শনী। ৭ ডিসেম্বর ছিল উৎসবের সমাপনী দিন। সেদিন অভ্যাগত ব্যক্তিদের পাশাপাশি চলচ্চিত্রকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারণ একটাই, নতুন চলচ্চিত্রকর্মীদের অংশগ্রহণে চলচ্চিত্র প্রতিযোগিতায় নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী ছিল সেদিন; একই সঙ্গে দেওয়া হয় ‘তারেক মাসুদ ইয়াং ফিল্ম মেকার্স অ্যাওয়ার্ড’।

এ তো বললাম চিত্রশালার কথা; শিল্পকলা একাডেমীর মাঠে তো তখন পিঠা খাওয়ার ধুম। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন অনেকে। অর্থাৎ, শিল্পকলা একাডেমীর আয়োজনে চলছে নবান্ন উৎসব। ভালোই তো।

এবার জাতীয় নাট্যশালার দিকে যাই। শীতের কুয়াশা-নামা সন্ধ্যা। জাতীয় নাট্যশালার সামনের ফটকে আড্ডায় বিভোর কয়েকজন নাট্যকর্মী। তাঁরা সবাই নাটকের দল প্রাচ্যনাটের কর্মী। ওই দিন ছিল প্রাচ্যনাটের গন্ডার নাটকের প্রদর্শনী। তাঁদের সবার হাতে গরম চায়ের কাপ। আড্ডার বিষয় ‘নাটক কার?’ তাজ্জব বিষয় তো! নাটক আবার কার হবে? খটকা লাগল মনে।

তাঁদের একজনের বক্তব্য শুনে পরে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেল। অর্থাৎ, কথোপকথনটি ছিল এই রকম: শিল্পকলায় যখন কোনো নাটক হয়, তখন নাট্যকার, নির্দেশক ও নাটকের কুশীলবেরা সবাই বলে থাকেন, ‘আজ আমার নাটক হবে।’ ব্যাপারটি হয়তো স্বভাবিক। কিন্তু ওই নাটকের দলের কেউ নয়, হয়তো রূপসজ্জা, আলোক পরিকল্পনা কিংবা আবহসংগীতের কাজটি করেছেন, অথচ খুব অধিকার নিয়ে বলে থাকেন, ‘আজ আমার নাটক আছে।’ কী চমৎকার নাটকপ্রীতি! তাই না? এই তো ভালো।

মঞ্চনাটক ঘিরে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই রকম প্রীতি মঞ্চের সুন্দর ভবিষ্যতের জন্য সত্যিই ইতিবাচক ব্যাপার।

পাঠক, লোকশিক্ষা ও সমাজ পরিবর্তন, যা-ই বলি না কেন, সব অসংগতির বিরুদ্ধে নাটক তার আপন গতিতে যাত্রা বহাল রাখবে।