তারেক মাসুদের গান
তারেক মাসুদ সবার কাছে পরিচিত চলচ্চিত্র পরিচালক হিসেবে। এ ছাড়া তিনি ছিলেন একজন গীতিকারও। এবার তাঁর লেখা ২০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে লেজার ভিশন। নাম তারেক মাসুদের গান। ২২ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয়েছে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান।প্রয়াত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্র নির্মাণের জন্য যে ধরনের আয়োজন ও ব্যবস্থাপনার ঝক্কি পোহাতে হতো, গান লেখার ক্ষেত্রে তা ছিল না। তাই বিষয়টিকে তারেক সব সময়ই ভীষণ উপভোগ করত। গীতিকার হিসেবে তারেক ব্যবহার করত আ. তা. মাসুদ নামটি। এই নামটি ছিল তারেক মাসুদের আরেকটি সত্তার পরিচায়ক। অধিকাংশ ক্ষেত্রেই তারেকের গান লেখায় প্রেরণা হিসেবে কাজ করেছে লোকসংগীত।’ক্যাথরিন মাসুদ জানালেন, তারেক মাসুদের লেখা প্রথম গানটি হলো ‘শ্যাম চাচা গেল কোথায়’। কীর্তন অঙ্গের গানটি ব্যবহার করা হয় মুক্তির গান ছবিতে। তারেক মাসুদের লেখা গানগুলো ব্যবহার করা হয়েছে তাঁর মুক্তির কথা, অন্তর্যাত্রা, মাটির ময়না ও রানওয়ে ছবিতে। চলচ্চিত্রের বাইরেও নানা সময় এবং নানা উদ্দেশ্যে গান লিখেছিলেন তিনি। সেগুলোও রয়েছে এই অ্যালবামে। ক্যাথরিন মাসুদ বললেন, ‘“প্রজন্ম ৭১” গানটির কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই। যুদ্ধাপরাধীদের নিয়ে তৈরি হয়েছে গানটি। কণ্ঠ দিয়েছেন সজীব। গানটি কিন্তু এখন খুবই প্রাসঙ্গিক।’