তারেক মাসুদের জন্মদিনে 'তারেক মাসুদ উৎসব'

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন ৬ ডিসেম্বর। এ উপলক্ষে ৬ ও ৭ ডিসেম্বর ‘তারেক মাসুদ উৎসব’ আয়োজন করেছে যৌথভাবে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ জানান, দুই দিনের এই আয়োজনে বৈচিত্র্যময় নানা বিষয়ের সন্নিবেশ রাখা হয়েছে, যার মাধ্যমে তারেক মাসুদের সৃজনশীল কর্মজীবন ও তাঁর সৃষ্টিকে উদ্যাপন করা হবে।
চিত্রশিল্পী এস এম সুলতানের ওপর তারেক মাসুদ তৈরি করেন তথ্যচিত্র আদম সুরত। ছবিটির ডিজিটাল রূপান্তরের বিশেষ প্রদর্শনী হবে উৎসবের প্রথম দিন। এবার থেকে প্রবর্তন করা হচ্ছে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’। এবারের বক্তৃতার বিষয় ‘সিনেমার জাতীয় পরিভাষা নির্ণয়ের আকাঙ্ক্ষা ও তারেক মাসুদের আদম সুরত। হবে তারেক মাসুদের লেখা চিত্রনাট্য ও গানের সংকলিত গ্রন্থ চলচ্চিত্র লেখা: চিত্রনাট্য ও গান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।
তারেক মাসুদের ওপর প্রসূন রহমান তৈরি করেছেন তথ্যচিত্র ফেরা। এই তথ্যচিত্রের ডিভিডির প্রকাশনা অনুষ্ঠান হবে উৎসবের দ্বিতীয় দিন। একই অনুষ্ঠানে হবে ছবিটির প্রদর্শনীও। সম্প্রতি আয়োজন করা হয় ‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’। উৎসবে এই প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া এবং নির্বাচিত ১০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। সেরা নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ ইয়ং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’।