তারেক মাসুদের নতুন চলচ্চিত্র ‘রানওয়ে’
মুক্তিযুদ্ধের অন্যতম প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান নিয়ে প্রথম দর্শকদের সামনে আসেন তারেক মাসুদ, তৈরি করেন মুক্তির কথা। এরপর তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র মাটির ময়না ও অন্তর্যাত্রা এবং স্বল্পদৈর্ঘ্য ছবি নরসুন্দর। তারেক মাসুদ এবার তৈরি করেছেন তাঁর তৃতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, রানওয়ে। গত সপ্তাহে কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি।তারেক মাসুদ জানালেন, এ বছরের শেষ দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সম্প্রতি তারেক মাসুদের সঙ্গে কথা হলো নতুন ছবিটি নিয়ে।রানওয়ে ছবির ভাবনা প্রসঙ্গে তিনি বললেন, ‘শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক ও রাজনৈতিক আর্থসামাজিক আবহ একটি সহজ-সরল ছেলেকে কীভাবে উগ্র ও জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়তে সাহায্য করে এবং তা তার নিজের জীবনে, পরিবারে ও সমাজের ওপর কী ধরনের প্রভাব ফেলে—এমনি কিছু ভাবনা থেকে ছবিটি। ছবির গল্পটি কোনোভাবেই একপেশে নয়, নানা দিক উঠে এসেছে এখানে। জটিল বাস্তবতাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিষয়গুলো উপস্থাপন করার ক্ষেত্রে সংকীর্ণ দৃষ্টিকোণ পরিহার করেছি। আমি বলব, অতি সরলীকরণ থেকে বিরত থাকার চেষ্টা করেছি।’মাসুদ জানালেন, কাহিনিচিত্রটির পটভূমি হিসেবে এসেছে ২০০৫-০৬ সালে জাতীয় পর্যায়ে সংঘটিত কিছু ঘটনা।ছবিটির কাজ তিনি শুরু করেন ২০০৮ সালের অক্টোবরে, আর তা শেষ হয় ২০০৯ সালের এপ্রিলে। সেদিক থেকে ছাড়পত্র পেতে এতটা সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘ছবিটা জমা দিয়েছি ২ সেপ্টেম্বর, আর সম্পাদনা ও আনুষঙ্গিক কাজগুলো একটু সময় নিয়েই করেছি। কোনো তাড়াহুড়ো করার ব্যাপার ছিল না।’তারেক মাসুদ আরও জানান, ছবির বেশির ভাগ প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন শিল্পী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজমুল হুদা বাচ্চু, মোসলেম উদ্দিন, নাসরিন আক্তার ও রিকিতা নন্দিনী। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিশা। ক্যাথরিন মাসুদের সঙ্গে যৌথভাবে লেখা চিত্রনাট্যের গল্প ও সংলাপ লিখেছেন তারেক মাসুদ। ছবিটির চিত্রায়নে ছিলেন নির্মাতার দীর্ঘদিনের বন্ধু মিশুক মুনীর। এর প্রযোজনা করেছেন ক্যাথরিন মাসুদ। তারেক ও ক্যাথরিন মাসুদের সংগীত পরিচালনায় মূল আবহ সুর করেছেন সজীব।সবশেষে তারেক মাসুদ বললেন, ‘মাটির ময়না ছবিটিকে বিপুল সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগে এবং পরে নানা পরিস্থিতির শিকার হয়। ছবিটির জন্য অনেক পুরস্কার পেয়েছি ঠিকই, কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে এবার আমি রানওয়ে ছবিটি তরুণ প্রজন্মকে দেখাতে চাই।’