তারেক-মিশুক স্মরণ

ক্ষুদ্রঋণ নিয়ে গাভি পালন করে সংসার চালান রুহুলের মা রহিমা। রুহুলের বোন কাজ করে তৈরি পোশাক কারখানায়। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় তার বাবা পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। সদ্য মাদ্রাসার পড়ালেখায় ইস্তফা দেওয়া তরুণ রুহুল মামার দোকানে কম্পিউটার ব্যবহার শিখতে যায়। সেখানেই তার পরিচয় ঘটে আরিফের সঙ্গে। সুদর্শন, প্রযুক্তিতে দক্ষ আরিফ রুহুলকে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গিবাদের পথে। রুহুল তার নিজের অজান্তেই পা দিয়ে ফেলে সেই চোরাস্রোতে।
তারেক মাসুদ পরিচালিত রানওয়ে চলচ্চিত্রের গল্প এটি। গতকাল রোববার সন্ধ্যায় শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গুণী এই নির্মাতার স্মরণসভায় রানওয়ে ও নরসুন্দর ছবি দুটি প্রদর্শন করা হয়।
চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তারেক-মিশুক স্মৃতি পর্ষদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিকেল তিনটায় স্মরণ অনুষ্ঠান শুরু হয় নরসুন্দর প্রদর্শনের মধ্য দিয়ে। পরে আরও দেখানো হয় তারেক মাসুদের ওপর প্রসূন রহমান নির্মিত প্রামাণ্যচিত্র ফেরা, সড়ক দুর্ঘটনা নিয়ে মঞ্জুরুল হক নির্মিত প্রামাণ্যচিত্র মৃত্যু ফাঁদ এবং সড়ক নিরাপত্তা নিয়ে সন্দীপ বিশ্বাস নির্মিত প্রামাণ্যচিত্র আবিরের ঘর । এরপর আলোচনা এবং শেষে দেখানো হয় রানওয়ে ছবিটি। স্বাগত বক্তব্য দেন ক্যাথরিন মাসুদ। আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকার মসিহউদ্দীন শাকের, মানবাধিকারকর্মী খুশি কবীর, নির্মাতা মোরশেদুল ইসলাম, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী প্রমুখ। সঞ্চালনা করেন মুনীরা মোরশেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘তাঁদের শরীরী মৃত্যু হলেও কাজের মাধ্যমেই তাঁরা বেঁচে থাকবেন। নতুন প্রজন্ম ধাবিত হবে তাঁদের শিল্পিত পথে।’ ২০১১ সালের ১৩ আগস্ট একটি চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান।