তারেক স্মরণে শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ
তারেক মাসুদ

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে এশিয়ান সিনেমা ​রেট্রোস্পেক্টিভ-এর আগস্ট মাসের চলচ্চিত্র প্রদর্শনী। পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারে​ক মাসুদ স্মরণেও থাকছে তাঁর নির্মিত ছবির প্রদর্শনী।

১৩ আগস্ট তারেক মাসুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তারেক মাসুদকে স্ম​রণ করে শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালার ডিজিটাল কালচারাল আর্কাইভ রুমে দেখানো হবে তারেকের বিখ্যাত চলচ্চিত্রগুলো। ১২ আগস্ট দেখানো হবে তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’, ‘মুক্তির গান’ ও ‘মাটির ময়না’। ১৩ আগস্ট দেখানো হবে ‘রানওয়ে’। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠানটি আয়োজন করেছে।

গত ১৬ জুলাই ‘ঘুড্ডি’ সিনেমা দেখানোর মধ্য দিয়ে শুরু হয় এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ। জুলাই মাসব্যাপী প্রতি শুক্র ও শনিবার ​দেখানো হয় এশিয়ার বিখ্যাত সব সিনেমা। আগস্ট মাসের সিনেমা প্রদর্শনী শুরু হবে আগামীকাল। এই দিন দেখানো হবে ইন্দোনেশিয়ার নির্মাতা কামিলা আনডিনি নির্মিত ছবি ‘মিরর নেভার লাইস’ এবং তাইওয়ানের নির্মাতা হো সিয়াও সিয়েন নির্মিত ছবি ‘সিটি অব স্যাডনেস’। আগামী শনিবার দেখানো হবে আফগানিস্তানের চলচ্চিত্রকার সিদ্দিক বারমাক নির্মিত ছবি ‘ওসামা’।

১২ ও ১৩ আগস্ট তারেক মাসুদ স্মরণে তাঁর চারটি ছবি দেখানো হবে। এ ছাড়া ১৯ আগস্ট দেখানো হবে চীনের চলচ্চিত্রকার জ্যাং ইমু নির্মিত চলচ্চিত্র ‘রেইজ দ্য রেড ল্যান্টার্ন’ এবং ওংকার ওয়াই নির্মিত ছবি ‘ইন দ্য মুড ফর লাভ’। চীনের চলচ্চিত্রকার চেন কেইগ নির্মিত ‘ফেয়ার ওয়েল মাই কনকুবাইন’ দেখানো হবে ২০ আগস্ট। ২৬ আগস্ট দেখানো হবে ভারতীয় চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক নির্মিত ছবি ‘সুবর্ণরেখা’ এবং ঋতুপর্ণ ঘোষ নির্মিত চলচ্চিত্র ‘আবহমান’। ২৭ আগস্ট ভারতীয় চলচ্চিত্রকার মৃণাল সেন নির্মিত ‘ভুবন সোম’ সিনেমা দেখানোর মধ্য দিয়ে শেষ হবে আগস্ট মাসের সিনেমা প্রদর্শনী।

প্রতি শুক্র ও শনিবার বেলা তিনটায় দেখানো হবে ছবিগুলো। প্রদর্শনীর আগে ও পরে ছবি ও নির্মাতা নিয়ে আলোচনা হবে। আগ্রহীরা নিবন্ধন করে ছবিগুলো দেখতে পারবেন। নিবন্ধনের জন্য শিল্পকলা একাডেমির ছয়তলায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে হবে।