তারেক মাসুদের শেষ ছবি রানওয়ে আজ প্রচারিত হবে যুক্তরাজ্যের চ্যানেল ফোরে। প্রচারিত হবে স্থানীয় সময় রাত দেড়টায়। লেজার ভিশন থেকে এসেছে ছবিটির ডিভিডি। কথা হলো রানওয়ের প্রযোজক ও তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের সঙ্গে।চ্যানেল ফোর কর্তৃপক্ষের সঙ্গে কীভাবে যোগাযোগ হলো?তারেক মারা যাওয়ার পর চ্যানেল ফোর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা তারেকের মাটির ময়না ও রানওয়ে দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। মাটির ময়না ২০০৭ সালে তারা আরেকবার দেখিয়েছিল। তখন ছবিটির আগে তারেক আর আমার একটি সাক্ষাৎকার প্রচার করে। এবার ছবিটি তারা দেখিয়েছে ১৫ সেপ্টেম্বর। আর সম্প্রতি রানওয়ে ছবিটি নিয়ে তারা আমার একটি সাক্ষাৎকার নিয়েছে। আজ ছবির আগে দেখানো হবে সাক্ষাৎকারটি।তারেক মাসুদের আর কোনো ছবি চ্যানেল ফোর প্রচার করেছে?হ্যাঁ, অন্তর্যাত্রা।বাংলাদেশের টিভি-দর্শকেরা ছবিটি কবে দেখতে পাবে?আশা করছি, এবারের কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে ছবিটি প্রচার করা হবে। এরই মধ্যে চারটি টিভি চ্যানেল আগ্রহ দেখিয়েছে। আমরা এই চ্যানেলগুলোর কর্তৃপক্ষকে বলেছি, ছবির মাঝে কোনো বিজ্ঞাপন-বিরতি দেওয়া যাবে না। আমরা দর্শককে বিড়ম্বনা দিতে চাই না।ঢাকার প্রেক্ষাগৃহে ‘রানওয়ে’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে?আমরা চেয়েছিলাম আগে প্রেক্ষাগৃহে মুক্তি দেব। কিন্তু ছবিটি দেখানোর মতো কারিগরি প্রযুক্তি দেশের কোনো প্রেক্ষাগৃহেই এখন নেই। যদি সামনে তা যুক্ত হয়, তাহলে অবশ্যই আমরা রানওয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেব।‘কাগজের ফুল’ ছবিটি তৈরির ব্যাপারে কিছু ভেবেছেন?তারেক চলে যাওয়ার পর আমাকে অনেক কাজ করতে হচ্ছে। আগে এগুলো শেষ করি, তারপর বড় কাজে হাত দেব। কাগজের ফুল তারেকের একটা বড় স্বপ্ন ছিল। আমি তারেকের সব স্বপ্ন পূরণ করব।