তাসের দেশের জল প্রযোজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো জলনাটক (ওয়াটার ব্যালে) প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে নাট্যদল ‘নাটুকে’। আগামী ২৯ ও ৩০ জুলাই সন্ধ্যা সাতটায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কবিগুরু রচিত নৃত্যনাট্য তাসের দেশের পরিবেশন করবে ইন্ডিয়ান লাইফ সেভিংস সোসাইটির সহযোগিতায় এই জল নাটকটি প্রদর্শন করবে তারা।আয়োজক আল নোমান বলেন, ‘নদীর দেশ, পানির দেশ বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মরে সাঁতার জানে না বলে, লাইফ সেভিংসের প্রশিক্ষণ নেই বলে! সাঁতার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে—যথার্থ প্রশিক্ষণের অভাবে! অথচ হওয়া উচিত ছিল তার উল্টোটা। এই জল নাটক পরিবেশনের আয়োজন বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা করবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে জনসাধারণের মধ্যেও সাঁতার সম্পর্কে সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করবে।নোমানের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী তাঁর জনপ্রিয় নৃত্যনাট্যের জল পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিচর্চায় এক নতুন মাত্রা যোগ হচ্ছে। তিনি বলেন, আশা করছি ভবিষ্যতেও বাংলাদেশ সাঁতার ফেডারেশন, ইন্ডিয়ান লাইফ সেভিংস সোসাইটি ও ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রক্তকরবীর সহায়তা নিয়ে এমন নাটক প্রযোজনা করবে নাটুকে। প্রদর্শনীর বিক্রীত টিকিট থেকে সংগৃহীত অর্থ থিয়েটারক্যান ফান্ডের মাধ্যমে ক্যানসার আক্রান্তদের প্রদান করা হবে বলেও তিনি জানান।